'সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করলে মানুষ বিশ্বাস করবে না'
বাংলাদেশ প্রেস ইনস্টিটিউটের (পিআইবি) মহাপরিচালক মো. শাহ আলমগীর বলেন, সাংবাদিকদের কলমের ক্ষমতা আছে। ওই ক্ষমতা ভালো কাজের জন্য। তাই সাধারণ মানুষ সাংবাদিকদের বিশ্বাস করে। সাংবাদিকতার নামে অপসাংবাদিকতা করলে মানুষ বিশ্বাস করবে না।
পিআইবির উদ্যোগে দক্ষিণ চট্টগ্রামে কর্মরত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পিআইবির মহাপরিচালক আরও বলেন, সাংবাদিকদের নীতি-নৈতিকতা বজায় রেখেই চলতে হয়। কোনো সাংবাদিকের মধ্যে নীতি-নৈতিকতার অভাব থাকলে তিনি আর সাংবাদিক থাকেন না।
৭ জানুয়ারি সকালে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য আনোয়ারুল আজিম এ কর্মশালার উদ্বোধন করেন। ৯ জানুয়ারি বিকেলে সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাতকানিয়া প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মাহফুজ উন নবী। অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাভিশনের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক রুহুল আমিন, পিআইবির প্রশিক্ষণ সমন্বয়ক জিলহাজ উদ্দিন, সাতকানিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জাহেদ হোসাইন প্রমুখ।
কর্মশালায় দক্ষিণ চট্টগ্রামের আানোয়ারা, পটিয়া, চন্দনাইশ, সাতকানিয়া, লোহাগাড়া ও বোয়ালখালীর ৪০ জন সাংবাদিক অংশ নেন।