'সাগরে নিরাপত্তা নেই, নামলেই জলদস্যুর হাতে পড়ছি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সাগরে কোনো নিরাপত্তা নেই। মাছ ধরতে নামলেই জলদস্যুর হাতে পড়ছি। দস্যুরা জেলেদের হাত-পা বেঁধে সাগরে ফেলে দেয়। লুট করে নিয়ে যায় ট্রলারসহ মাছ ও জাল। প্রায় প্রতিদিন দস্যু বাহিনীর হাতে অসংখ্য জেলে-শ্রমিক হতাহত হলেও কারও মাথাব্যথা নেই।’
গত শনিবার সকাল আটটায় কক্সবাজার শহরের নুনিয়াছটা ফিশারিঘাটে মহেশখালীর জেলে নুরুল আমিন (৪৮) ক্ষোভের সঙ্গে এসব কথা বলেন।
আগের দিন শুক্রবার ভোররাতে সাগর থেকে মাছ ধরে শহরের বাঁকখালী নদীর তীরে ফিরে আসার সময় সোনাদিয়া চ্যানেলে জলদস্যুরা তাঁদের অস্ত্রের মুখে জিম্মি করে। তারপর ট্রলারে থাকা পাঁচ লাখ টাকার মাছ ও ছয় লাখ টাকার জাল লুট করে ছেড়ে দেয়।
ট্রলারের অপর জেলে মোহাম্মদ আলম (৪০) বলেন, ‘১৫ দিন সাগরে থেকে ওই মাছ ধরেছিলাম। বিক্রির আগে মাছ কেড়ে নিল দস্যুরা। এখন খালি হাতে ঘরে যেতে পারছি না। অন্যদিকে দস্যুদের ভয়ে সাগরেও নামতে পারছি না। সাগর উপকূলের অন্তত ২০টি পয়েন্টে আমরা সার্বক্ষণিক নিরাপত্তা টহল চাই।’
জেলেরা জানান, খুলনার সুন্দরবন থেকে টেকনাফের সেন্ট মার্টিন দ্বীপ পর্যন্ত প্রায় ৩৫০ কিলোমিটার সমুদ্র উপকূল ভাগাভাগি করে লুটপাট চালাচ্ছে ৩৯ জলদস্যু বাহিনী। মাছ ধরার ট্রলারসহ জেলেদের অপহরণের পর মুক্তিপণ আদায়ের পাশাপাশি দস্যু দল টেকনাফ থেকে সমুদ্রপথে ইয়াবা ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করছে। চলতি নভেম্বর মাসে দস্যুরা শতাধিক জেলেসহ ৬৫টি ট্রলার সুন্দরবনে নিয়ে গেছে। এরপর তিন থেকে পাঁচ লাখ টাকার মুক্তিপণ নিয়ে অপহৃত জেলেসহ ট্রলার ছেড়ে দিচ্ছে।
মুক্তিপণ দিয়ে ফিরে আসা জেলে ও ট্রলারমালিক সূত্র জানায়, সুন্দরবনের চালনা বয়া এলাকা থেকে সোনারচর পর্যন্ত সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করছে রাজু, জাহাঙ্গীর, ফরহাদ ও ফেরাউন বাহিনী। সুন্দরবন, মংলা, দুবলারচর, হিরণ পয়েন্ট নিয়ন্ত্রণ করে গামা, নাসির, নুর হাবিব, শহিদ, সোবহান, মইজ্যাসহ অন্তত ২০টি দস্যু বাহিনী।
এদিকে সোনারচর থেকে সেন্ট মার্টিন পর্যন্ত সমুদ্র উপকূল নিয়ন্ত্রণ করে চট্টগ্রামের সন্দ্বীপের মোশারফ, বাঁশখালীর রবি, কুতুবদিয়ার দিদার, ইউনুছ, মহেশখালীর সোনাদিয়ার জাম্বু, আঞ্জু, মোবারক, রাকিব, ধলঘাটার বাচ্চু, টেকনাফের ধলু হোসনসহ ১৯টি বাহিনী। ট্রলারসহ জেলে অপহরণের পাশাপাশি এসব দস্যু বাহিনী সমুদ্রপথে ইয়াবা ও মাদক চোরাচালান নিয়ন্ত্রণ করে। দস্যুদের তত্ত্বাবধানে ইয়াবার চালান টেকনাফ থেকে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, বরিশাল, পটুয়াখালী, বাগেরহাটসহ দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দেওয়া হয়।
র্যাব-৭ কক্সবাজার অঞ্চলের অধিনায়ক লে. কর্নেল মিফতা উদ্দিন বলেন, গত ৩ নভেম্বর কলাতলী পয়েন্ট থেকে চার কোটি টাকা মূল্যের ১০ কেজি ওজনের এক লাখ ইয়াবাসহ একটি ট্রলার জব্দ করা হয়। এ সময় সাত পাচারকারীকেও গ্রেপ্তার করা হয়। ট্রলারের মালিক মহেশখালীর গোরকঘাটার মো. বাবুল টেকনাফ থেকে এ ইয়াবা চালানটি মহেশখালী পাচার করছিলেন।
র্যাব সূত্র জানায়, গত ২ নভেম্বর র্যাব সদস্যরা সন্দ্বীপে অভিযান চালিয়ে ৩০টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্রসহ জলদস্যু মোশারফ বাহিনীর প্রধান ও হত্যা, ডাকাতিসহ ৩০ মামলার পলাতক আসামি মোশারফ হোসেনকে (৩৩) গ্রেপ্তার করেন। পরে বন্দুকযুদ্ধে তঁার মৃত্যু হয়। কিন্তু তার পরও এই বাহিনীর তৎপরতা বন্ধ হয়নি।
জেলা ফিশিং বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল খালেক বলেন, সুন্দরবনের ভেতরে একাধিক দস্যু বাহিনী কক্সবাজারের এন্ডারসন সড়কের নুরুল হকের একটি, নুনিয়াছটার নজির আহমদের একটি ও টেকপাড়ার হোসেন আহমদের একটিসহ ৫০টি ট্রলার আটকে রেখেছে। এসব ট্রলারে শতাধিক জেলে রয়েছেন। মুঠোফোনে দস্যুরা প্রতি ট্রলারের জন্য তিন লাখ এবং জেলের জন্য দুই লাখ টাকা করে মুক্তিপণ দাবি করছে।
কক্সবাজার নুনিয়াছটা কোস্টগার্ড বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার সাইদুর রহমান বলেন, গত ৬ নভেম্বর নাজিরাটেক উপকূলে অভিযান চালিয়ে ট্রলারসহ ১৫ জলদস্যুকে আটক করা হয়েছে। এখনো অভিযান অব্যাহত রয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার তোফায়েল আহমেদ বলেন, গভীর সাগরে নেমে জলদস্যুদের পাকড়াও করার মতো আধুনিক জলযান পুলিশের নেই। তার পরও পুলিশ দস্যুদের ধরতে উপকূলে অভিযান চালাচ্ছে।