'সাধারণ মানুষই একাত্তরের নায়ক'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বেগম মুশতারী শফী
বেগম মুশতারী শফী

৭ এপ্রিল ১৯৭১। কারফিউ চলছিল চট্টগ্রামে, রাস্তায় রাস্তায় সেনা টহল। ঘড়িতে রাত তখন তিনটা। এরই মধ্যে সাত সন্তানকে নিয়ে বাসা থেকে বেরিয়ে পড়লেন এক নারী। সকালে স্বামী ও ভাইকে ধরে নিয়ে গেছে পাকিস্তানি সেনারা। সেই শোক বুকে চেপে চললেন মুক্তিসংগ্রামে যোগ দিতে।
তিনি বেগম মুশতারী শফী। একাত্তরের স্মৃতিকথা স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন বইতে নিজের এমন অসংখ্য অভিজ্ঞতার বিবরণ তিনি তুলে ধরেছেন। এই বইটির পাশাপাশি লিখেছেন মুক্তিযুদ্ধে চট্টগ্রামের নারী, মুক্তিযুদ্ধের গল্প এবং দুটি নারী একটি যুদ্ধ নামের বেশ কয়েকটি বই। ১২ ডিসেম্বর এনায়েত বাজার বাটালি রোডে তাঁর বাসায় মুক্তিযুদ্ধের বইগুলো রচনার পটভূমি ও বিষয়বস্তু নিয়ে কথা হয়।
তাঁর লেখা বইগুলোর মধ্যে সবচেয়ে আলোচিত স্বাধীনতা আমার রক্ত ঝরা দিন। বইটি ১৯৮৯ সালে অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত হলেও লেখা হয়েছিল মুক্তিযুদ্ধের সেই উত্তাল দিনগুলোতে। স্মৃতিচারণামূলক বইটি লেখা হয়েছে দিনপঞ্জির ঢঙে। এ প্রসঙ্গে মুশতারী শফী বলেন, ‘আমি বহু আগে থেকে ডায়েরি লিখি। মুক্তিযুদ্ধের দিনগুলোতেও প্রতিদিনকার ঘটনা লিখে রাখতাম। কখনো ভাবিনি এসব ছেপে বের হবে।’
দুঃসময়েও নিজের লেখার খাতাটি হাতছাড়া করেননি তিনি। এপ্রিলের সেই দিনটির কথা মনে করে তিনি বলেন, ‘সকালে আমার স্বামী ডা. মোহাম্মদ শফী ও ভাই এহসানকে ধরে নিয়ে গেল পাকিস্তানি বাহিনী। মেজর বুখারির নেতৃত্বে একদল সেনা সারা বাড়ি ঘেরাও করে তল্লাশি চালিয়ে অস্ত্র উদ্ধার করে। অস্ত্রগুলো ডা. শফীর কাছে ন্যাপ ও কমিউনিস্ট পার্টির নেতারা রেখে গিয়েছিলেন। পাকিস্তানি বাহিনী আবারও আসতে পারে, তাই রাতেই পালানোর সিদ্ধান্ত নিই। বাচ্চাদের নিয়ে বেরিয়ে পড়েছিলাম বুকে লেখার খাতাটা চেপে। সঙ্গে ছিলেন পারিবারিক বন্ধু সানাউল নবী। গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মধ্যে তিনি বাচ্চাদের আশকার দীঘিরপাড়ে আমার বোনের বাসায় রেখে এলেন। আর আমি রওনা হলাম মিরসরাইয়ের মিঠাছড়া গ্রামে সুফি আবদুল লতিফের বাসায়।’
স্বামী ডা. শফী ছিলেন তাঁর লেখালেখির সবচেয়ে বড় উৎসাহদাতা। তাঁর উৎসাহে স্বাধীন বাংলা বেতারের জন্য খবর লেখা ও অনুবাদের কাজ শুরু করেন। লেখিকা বলেন, ‘আমাদের বাসার নিচতলায় ছিল শফীর চেম্বার। চেম্বারের পাশে ছোট্ট একটা ঘরে আমি আর বিশ্ববিদ্যালয়ে এমকম পড়ুয়া ছোট ভাই এহসান রেডিও শুনতাম। বিবিসি, ভয়েস অব আমেরিকাসহ প্রায় সব সংস্থার প্রাসঙ্গিক খবরই অনুবাদ করতাম।’

.
.

বেলাল মোহম্মদসহ স্বাধীন বাংলা বেতারের মূল সংগঠকেরা তখনো খবর প্রচার করছিলেন। পাকিস্তানি বাহিনীর বোমা হামলায় একটি ট্রান্সমিটার নষ্ট হলেও আরেকটি নিয়ে রামগড় দিয়ে সীমান্ত পাড়ি দিয়েছিলেন তাঁরা। মুশতারী শফী মিঠাছড়ায় বসে শুনলেন বেতারের অনুষ্ঠান। শুনে মনে আশা জাগল, না, টিকে আছে সম্প্রচারকেন্দ্রটি। এরপর মে মাসে পাকিস্তানি বাহিনী মিরসরাইয়ে হামলা চালালে তিনি শুভপুর সেতু অতিক্রম করে ফেনী নদী পার হয়ে মনু সীমান্ত দিয়ে ভারতে চলে যান। সেখানে আগরতলার শরণার্থী ক্যাম্পে মতিয়া চৌধুরী, মালেকা বেগম, সেলিনা হোসেন বখতেয়ার নূর সিদ্দিকীসহ অনেকের সঙ্গে দেখা হয়। ডায়েরি লেখা চলতে থাকে সেখানেও।
মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে রচিত অনেক বই বিতর্ক তৈরি করছে, সেই প্রসঙ্গে তিনি বলেন, পাঠককে সবই পড়তে হবে। এরপর সেখান থেকে প্রকৃত সত্য খঁুজে বের করতে হবে। অনেকে মুক্তিযুদ্ধে নিহত ব্যক্তিদের সংখ্যা নিয়ে প্রশ্ন তুলছেন। তাঁদের ধিক্কার জানিয়ে তিনি বলেন, ‘আমি তো বলব, ত্রিশ লাখ নয়, আরও অনেক বেশি মানুষ মারা গিয়েছিল। মে মাসে যখন মিরসরাইয়ে পাকিস্তানি বাহিনী হানা দিল তখন সীমান্ত পার হওয়ার সময় রাস্তায় রাস্তায় মানুষের লাশ দেখেছি। নদী দিয়ে যে কত মানুষের লাশ ভেসে গেছে! এই ভয়াবহতার কোনো তুলনা হয়?’ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণকে তিনি খুব গুরুত্বপূর্ণ মনে করেন। তাঁর সর্বাত্মক লড়াইয়ের ডাকে মানুষ সাড়াও দিয়েছিল বলে মন্তব্য করেন। তবে সাধারণ মানুষকেই এই যুদ্ধের প্রকৃত নায়ক মনে করেন তিনি। তিনি বলেন, স্বাধীনতার জন্য এ দেশের মানুষ মুখিয়ে ছিল। সে জন্য ডা. শফী জীবনের ঝুঁকি নিয়েও বাসায় অস্ত্র রেখেছিলেন। এভাবে শতসহস্র মানুষ জীবনের ঝুঁকি নিয়েছিলেন, আত্মত্যাগ করেছিলেন। কিন্তু ইতিহাসে তাঁদের উল্লেখ নেই। তাঁর চোখের কোণে জল চিক চিক করছিল। দীর্ঘশ্বাসটা আড়াল করতে চেয়েও পারলেন না।