‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংগীত তাঁর রক্তে। দীর্ঘদিন থেকে সংগ্রহ করছেন লোকসংগীত। গানের বিচিত্র শাখায় তাঁর চলাফেরা। একসময় কাজ করেছেন যাত্রাদলে। স্কুল, না যাত্রা—এ প্রশ্নে সেই ছোটবেলায় যাত্রা ও গান-বাজনাকেই বেছে নিয়েছিলেন। সংগীত অন্তঃপ্রাণ রামকানাই দাশ এ বছর পেয়েছেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা পুরস্কার। তাঁকে নিয়ে মূল রচনা লিখেছেন আলতাফ শাহনেওয়াজস্কুল, না যাত্রা?‘স্থানীয় বজেন্দ্রগঞ্জ রামচন্দ্র জুনিয়র হাইস্কুলে আমার ভর্তি হওয়ার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নতুন শার্ট-প্যান্ট এবং বই-খাতাও কেনা হয়েছে। এমন সময় আমাদের বাড়িতে উপস্থিত হলেন বাবার মাসতুতো ভাই, পাশ্ববর্তী রামপুর গ্রামের রাধাকান্ত সরকার।‘আমি স্কুলে যাওয়ার প্রস্তুতি নিচ্ছি, ঠিক তখনই কাকু মা-বাবাকে ডেকে তাঁর আগমনের উদ্দেশ্য জানালেন। “ঠাকুরদা, আমি একটা শখের যাত্রদল করেছি। বাইরে থেকে অনেক লোক এনেছি, কিন্তু যদুপতি পালায় কিশোর সুবাহু চরিত্রের জন্য কাউকে পাচ্ছি না। তাই আমি রামকানাইকে নিতে চাই এ চরিত্রের জন্য।” কাকু বললেন।‘বাবা যেন আকাশ থেকে পড়লেন; বললেন, “বলিস কী! আজ তো সে স্কুলে ভর্তি হবে।”‘কাকুর কথা শুনে আমিও চিন্তায় পড়লাম, কী করব—স্কুলে ভর্তি হব, না যাত্রায় যাব?’যখন শিল্পী রামকানাই দাশের মনে এই প্রশ্ন খেলা করছে, তখন তিনি সুনামগঞ্জের প্রত্যন্ত পেরুয়া গ্রামের এক গানপাগল কিশোর। গরুর রাখালগিরি আর নিজেদের সামান্য জমি-জিরাতে ‘কামলা’ দিয়ে দিন কাটে। স্কুলে দুই ক্লাস শেষ, ভর্তি হব হব করছেন তৃতীয় শ্রেণীতে।এই শিল্পীর আত্মজীবনী সংগীত ও আমার জীবন থেকে ওপরের অংশটুকু আগেই টুকলিফাই করে রেখেছিলাম মনে মনে। এবার সেই টুকলিফাইয়ের ষোলোকলা পূর্ণ করার পালা। তাই টুকে নিলাম আরও এক পঙিক্ত, ‘সন্দেহ নেই যে সেটা ছিল আমার জীবনের ঊষালগ্নে সূচিত বিশাল বাঁক বদল। আমার প্রাতিষ্ঠানিক লেখাপড়া সেখানেই চিরতরে সাঙ্গ হয়ে যায়।’—স্কুল, না যাত্রা? সেদিনের সেই কিশোরের মনে বুদ্বুদ তোলা প্রশ্নের জবাব পাওয়া গেল তাঁর পরিণত বয়সে এসে।সুরধ্বনির কিনারায়প্রথাগত পড়ালেখা করে অনেকেই হয়তো শিক্ষিত হন, গাড়ি-ঘোড়ায় চড়েন। কিন্তু শিল্পী রামকানাই দাশ প্রথাগত পড়াশোনার পথে না হেঁটেও স্বশিক্ষিত। দেশ-বিদেশে ছড়ানো-ছিটানো অনেক শিক্ষার্থী তাঁর। ছয় মাস বাংলাদেশে, ছয় মাস যুক্তরাষ্ট্রে—এখন এই তাঁর বার্ষিক রুটিন। নিজে লোকসংগীত সংগ্রহ করেন। লোক থেকে উচ্চাঙ্গসংগীত—সব সুরধ্বনির কিনারায় তিনি ‘দক্ষ খেলোয়াড়’। তাঁর সম্পর্কে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ওয়াহিদুল হক বলেছেন, ‘রামকানাই দাশ দেশের মস্ত গায়ক। খেয়াল গানে তিনি দক্ষ খেলোয়াড়।’ সিলেটের এই ‘মস্ত গায়ক’ এ বছর পেলেন মেরিল-প্রথম আলো আজীবন সম্মাননা। সেই সূত্রে কয়েক দিন আগে এক সকালবেলা পণ্ডিত রামকানাই দাশের সঙ্গে আলাপসালাপ।আকাশে গনগনে রোদ। এর মধ্যে ঘরের ভেতর খাস সিলেটি উচ্চারণে শোনা যাচ্ছে তাঁর কথা ও গান। কথা থেকে গান, গান থেকে কথা—আলাপ। সঙ্গে আছে আত্মজীবনী থেকে টুকে নেওয়া শিল্পীর নিজের লেখাজোখা—সব মিলিয়ে আমাদের মনে যেন বা তিনি ঢুকে পড়লেন নিমেষেই!‘মিছা গৌরব কর রে মন’স্কুলে না পড়ে কি ভুল করেছিলেন মনে হয়?যেখানে বসে আছি, সেটা মোহাম্মদপুরে রামকানাই দাশের ছেলের বাসা। সিলেট থেকে ঢাকায় এলে এটাই তাঁর আস্তানা। বসার ঘরটি খুব বড় নয়। আমাদের প্রশ্নে একবার ওয়াহিদুল হকের দিকে তাকালেন তিনি! হ্যাঁ, তাঁদের বসার ঘরে রয়েছে ওয়াহিদুল হকের ঢাউস আকারের একটি ছবি। সেই ছবির দিকে তাকিয়ে এরপর উত্তর—চলতে থাকল তাঁর সিলেটি টানের কথা, ‘নিম্নমধ্যবিত্ত কৃষক-পরিবারের ছেলে আমি। কৃষক-পরিবারে যা হয়, খেতে ভাত নিয়ে যেতে হয়। ফসল লাগাতে হয়, হালচাষ করতে হয়। এর সবই করতে হয়েছে আমাকে। আর গানটা ছিল আমার রক্তে, বেড়ে ওঠার মধ্যেই। আমার বাবা রসিকলাল দাশ ও মা দিব্যময়ী দাশ দুজনেই ছিলেন লোককবি, পেশাদার গায়ক। চার ভাই, দুই বোনের মধ্যে সবার বড় আমি। বড় হওয়ার কারণে অনেক ছোট বয়সে আমাকে সংসারের হাল ধরতে হয়েছে। মা রানতাছেন আর গান করতাছেন “তোমরা যাওরে মন বাইয়া, মিছা গৌরব কর রে মন পোড়ার ধন লইয়া”—এ দৃশ্য দেখতে দেখতে বড় হয়েছি। তো, বাবা খালি গান করতেন। তিনি ছিলেন তালুকদারের ছেলে। ছোটবেলা থেকেই সোনার চামচে ভাত খেতেন, কষ্টটষ্ট করেন নাই। গ্রামে গ্রামে ঘুরে তিনি গান গাইতেন। আমার লেখাপড়ার ইচ্ছা ছিল, কিন্তু বাবা বলছিলেন একটা কথা, “তুই যদি স্কুলে লেখাপড়া করছ, তাহলে আমার ঘুরার সময় নেই। তাহলে আমার খেতের কাজ করতে হবে; বরং তুই খেতের কাজ কর, গান-বাজনা কর আর ছোট ভাইগুলারে লেখাপড়া করা।” স্কুলে যে পড়িনি—এ নিয়ে আমার দুঃখবোধ আছে, আবার নেইও। সারা জীবন আমি তো গানই শিখতে চেয়েছি। গান শেখার জন্য হাতের কাছে যখন যে ডালটা পেয়েছি, আঁকড়ে ধরেছি। যেখানে যেখানে, যাঁদের কাছে যাওয়া দরকার, গিয়েছি। আমার জীবনের সবচেয়ে বড় ব্যাপার হলো, সময়ের কাজটা সময়েই আমি করতে পেরেছি।’রামকানাই দাশ কথাগুলো যখন বলছেন, তখন তাঁর বয়স ৭৯-এর ঘরে। জন্মেছিলেন বাবার মাতুলালয়ে, সুনামগঞ্জের সল্লা উপজেলার পুটকা গ্রামে ১৯৩৫ সালে। পরে বাপ-দাদার ভিটা পেরুয়া গ্রামে চলে এলেন অল্প বয়সেই। ছেলের গান-বাজনার ঝোঁক দেখে শৈশবেই তাকে একটি ঢোলক বানিয়ে দিয়েছিলেন বাবা। মা দিয়েছিলেন একজোড়া করতাল। ‘সেই করতাল আর ঢোলক সারা দিন সঙ্গে থাকত আমার, এমনকি ঘুমানোর সময়ও সঙ্গে নিয়ে ঘুমাতাম। ভালো করে তখনো হাঁটতে শিখিনি, সেই বয়সেই করতাল বাজাতে বাজাতে নগরকীর্তন দলের সঙ্গে বেরিয়ে পড়তাম আমি।’—কথায় কথায় রামকানাই দাশ হাঁটছেন নিজের শৈশবের দিকে।গান গেয়ে ১২ বছর বয়সে জীবনের প্রথম রোজগার চার আনা, ১৯৪৭ সালে। তবে রামকানাই দাশ প্রথম মঞ্চে উঠেছিলেন পাঁচ বছর বয়সে, বাবার সঙ্গে কবিগানের আসরে। এরপর যাত্রাদলে প্রথম মাইনে মাসে পঞ্চাশ টাকা। যাত্রায় এসেই রাগ-রাগিণী সম্পর্কে জ্ঞান, যাত্রার বিবেকের গান শেখা, চা-বাগানে গান করা; তাঁর কথায়, ‘যাত্রাদলে এসে জীবনটা একদম অন্য দিকে বাঁক নেয়।’ অবশ্য এর আগেই সিলেট-সুনামগঞ্জ অঞ্চলে গায়ক হিসেবে তাঁর বেশ নামডাক। ‘রামকানাই ভালো গান করে’—এই কথা পাড়াপড়শি, আশপাশের গ্রামের মানুষজন সবার।গান-বাজনা করলে বাড়ি থেকে ভাগতে হয়যাত্রাদলে কাজ করতে করতে নানা ঘাট ঘুরে যৌবনের একপর্যায়ে ১৯৬৪ সালে তিনি যাবেন অমলেন্দু বিশ্বাসের তত্ত্বাবধানে গড়ে ওঠা বাবুল থিয়েটারে। সবার কাছে পরিচিতি পাবেন ‘বাইন মশায়’। যাত্রামঞ্চে অমলেন্দু বিশ্বাসের অভিনয়ের সঙ্গে মিল রেখে ঢোলকের মাধ্যমে বৃষ্টির আবহসহ নানা রকম বাজনা বাজিয়ে তাক লাগিয়ে দেবেন চারপাশে। আরও পরে ‘যাত্রায় কিছু আর শেখার নেই’ ভেবে এক লহমায় ছেড়ে দেবেন নিশ্চিত পেশাটি। সংগীতশিক্ষায় ক্ষতি হচ্ছে, তাই মাত্র নয় মাস কাজ করার পর ১৯৬৭ সালে সিলেট বেতারের সরকারি চাকরিটির নির্ভার জীবনটিও ফুৎকারে উড়িয়ে দিতে হবে তাঁকে। জীবনের মধ্যভাগে ১৯৭৫ সালে পদ্ধতিগতভাবে শাস্ত্রীয় সংগীতের তালিম নেবেন। সুরকার হিসেবে কাজ করবেন—সুর করবেন শিতালং ফকিরের ‘শুয়া উড়িল উড়িল’, ‘সাধের লাউ বানাইল মোরে বৈরাগী’, হাসন রাজার ‘জ্বালাইল পিরিতের আগুন’সহ অনেক লোকপ্রিয় গানের। এর আগে আমাদের জেনে নিতে হবে রামকানাই দাশের জীবনের আরেকটি ঘটনা।‘আমি তো ভাটি অঞ্চলের মানুষ। এখানে ছয় মাস বর্ষা আর ছয় মাস শুকনা মৌসুম। বর্ষার সময় যাত্রা-গান-বাজনা আর শুকনোর সময় কৃষিকাজ—এভাবেই চলে জীবন। শুকনায় খেতের কাজের সুবিধার জন্য বাড়ি থেকে চার-পাঁচ মাইল দূরে ভাণ্ডাবিলের কাছে থাকতাম। বর্ষা মৌসুমে আবার চলে যেতাম যাত্রাদলে। একসময় আমার মনে হইল, আমি যে রাত-দিন খেটে ধান উৎপাদন করি, তার দাম আমি জানি না, মূল্যটি অন্য কেউ—মহাজন—নির্ধারণ করে দেয়, এ তো বড় আশ্চর্যের কথা! এভাবে তো জীবন কাটানো যায় না। আমি তখন বাড়ি ছাড়ার সিদ্ধান্ত নিলাম। বাড়ি ছেড়ে সংগীতশিক্ষক হিসেবে কাজ জুটিয়ে নিলাম আজমিরীগঞ্জে। এখানে এসে অধ্যবসায় আলাউদ্দিন নামে ওস্তাদ আলাউদ্দিন খাঁর ওপর একটি বই পেলাম। ওটা পড়ে বুঝলাম, গান-বাজনা করলে বাড়ি থেকে ভাগতে হয়। সব সময় বাইরের একটা বাতাস আমি চেয়েছি, পেয়েছিও। এতে আমার বড় উপকার যেটা হয়েছে, গান-বাজনার, শাস্ত্রীয় সংগীতের একটা পরিবেশ পেয়েছি।’যাত্রা করে ফাতরা লোকেরামকানাই দাশকে শুনতে হয়েছে ‘যাত্রা করে ফাতরা লোকে।’ ‘ফাতরা লোক’কে বিয়ের জন্য কি কেউ মেয়ে দেয়? তাঁর বিয়েতেও মেয়েপক্ষের কারও কারও আপত্তি ছিল। পাত্রের প্রধান দোষ, সে গান করে, বাড়িতে থাকে না। তবে মেয়ের মা, অর্থাৎ রামকানাই দাশের শাশুড়ির আগ্রহের কারণেই সুবর্ণা দাশের সঙ্গে বিয়ে হলো তাঁর। ঘটনাটি বলতে গিয়ে ছোট্ট করে মুখ খুললেন রামকানাই, ‘বিয়ার পরও তো বউরে ফ্যালাইয়া আইলাম। তারা (শ্বশুরবাড়ির লোকজন) তো দুঃখিত যে মেয়ের বিয়া দিলাম যাত্রাদলের ফাতরার কাছে।’সুবর্ণা-রামকানাই পরিবারে তিন ছেলেমেয়ে। সবাই গানের সঙ্গে যুক্ত। বড় মেয়ে কাবেরী দাশ থাকেন যুক্তরাষ্ট্রে। তাই বাংলাদেশ-যুক্তরাষ্ট্র, এভাবে সন্তান ও চার নাতনিকে এখন সঙ্গ দিয়ে অবসর তাঁর কাটে।আর কি করেন অবসরে?‘বই পড়ি—রবীন্দ্রনাথের গান। তাঁর গান নিজে গাওয়ার চেয়ে পড়তেই বেশি ভালো লাগে আমার। আর নিজ হাতে বাগান করি। ছাত্রছাত্রীরা আসে, তাদের গান শেখাই।’লাঙলটা ভেতর থেকে নাড়া দেয়‘সংগীত পরিষদ’ নামে সিলেটে সংগীতশিক্ষার একটি প্রতিষ্ঠান আছে রামকানাই দাশের। এ প্রতিষ্ঠান থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন সংগীত প্রতিযোগিতায় অসংখ্যবার পুরস্কার ছিনিয়ে এনেছেন শিক্ষার্থীরা। ১৯৯৫ সালে সিলেটে এ প্রতিষ্ঠানের মাধ্যমেই করেছিলেন জাতীয় উচ্চাঙ্গ সংগীত সম্মেলন। সরল সংগীত শিক্ষা নামে লিখেছেন দুই খণ্ডের একটি বই। কাজের স্বীকৃতি হিসেবে এর মধ্যেই পেয়েছেন রবীন্দ্র পদক ও বাংলা একাডেমীর সম্মানসূচক ফেলোশিপসহ বহু পুরস্কার।এবার তাঁকে শেষ প্রশ্নটি করতে হবে। তবে প্রশ্ন করার আগে চমকপ্রদ একটি তথ্যও দিতে হবে—২০০৪ সালে বন্ধের বাঁশি বাজে শিরোনামে রামকানাই দাশের প্রথম অ্যালবাম যখন বেরিয়েছে, তখন এ শিল্পীর বয়স ৭০। এ পর্যন্ত বেরিয়েছে পাঁচটি অ্যালবাম।জীবনে কখনো ভেবেছিলেন আপনার অ্যালবাম বেরোবে, এ পর্যায়ে আসবেন?‘না। আমি কৃষকের ছেলে তো, কখনো তাই খেতে লাঙল চালানোর ওই আগের জীবনটাকে সত্য মনে হয়, কখনো এ জীবন! আমার মধ্যে এ নিয়ে একটা ধন্দ আছে। কিন্তু ওই লাঙলটা, লাঙলের শক্তিটা ভেতর থেকে সব সময়ই নাড়া দেয়।’আমরা চেয়ে থাকি পণ্ডিত রামকানাই দাশের দিকে। এ রকম নিরাভরণ, সরল মানুষের হাতেই তো সম্মাননা পুরস্কার মানায়।