'সামাজিক ব্যবসাই এনে দিতে পারে অর্থনৈতিক মুক্তি'

দেশে এখন সামাজিক ব্যবসার সুসময়। তরুণ প্রজন্ম এই ব্যবসার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর কর্মসংস্থানের উপায় খুঁজে দিতে নিত্যনতুন আইডিয়া নিয়ে ব্যস্ত। প্রচলিত ধারণা পাল্টে দিয়ে সামাজিক ব্যবসাই এনে দিতে পারে জাতীয় অর্থনৈতিক মুক্তি।
নগরের ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয় (ইডিইউ) আয়োজিত সামাজিক ব্যবসাবিষয়ক দিনব্যাপী কর্মশালায় এসব কথা বলেন বক্তারা। ১১ জুন নগরের প্রবর্তক মোড়ের বর্ধিত প্রশাসনিক ভবনে এই কর্মশালার আয়োজন করা হয়। এতে সামাজিক ব্যবসা নিয়ে কাজ করা সংগঠকেরা বিষয়টির নানা দিক নিয়ে আলোচনা করেন।
কর্মশালায় ইডিইউর উপাচার্য মুহাম্মদ সিকান্দার খান বলেন, পুঁজিবাদ একটি সমাজের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনের মাধ্যমে যতটুকু না কর্মসংস্থানের সুযোগ তৈরি করে, তার চেয়ে সামাজিক ব্যবসা অনেক বেশি ভূমিকা রাখে। তিনি ড. মুহাম্মদ ইউনূসের অবদান স্মরণ করে এই ব্যবসাকে যুগোপযোগী করে জনপ্রিয় করার আহ্বান জানান।
ঢাকার ইউনূস সেন্টারের মহাব্যবস্থাপক এম এফ এম আমীর খসরু বলেন, সামাজিক ব্যবসা কার্যকর করার ক্ষেত্রে এমন একটি আইডিয়াকে বেছে নিতে হবে, যেখানে তা মানুষের সমস্যা সমাধানের পাশাপাশি অর্থনৈতিক সচ্ছলতা এনে দেয়। পরিবেশবান্ধব হওয়ার কারণে তা সবার কাছে যেন গ্রহণযোগ্য হয়।
ইডিইউর পরিচালক শাফায়েত চৌধুরী সামাজিক ব্যবসা তরুণ প্রজন্মের কাছে দিন দিন গ্রহণযোগ্য হচ্ছে বলে মন্তব্য করেন।
কর্মশালায় আরও বক্তব্য দেন ইডিইউর অ্যাসোসিয়েট ডিন মোহাম্মদ নাজিম উদ্দিন, সোশ্যাল বিজনেস ক্লাবের উপদেষ্টা তোফাতুন নেসা চৌধুরী, ঢাকার সোশ্যাল বিজনেস ইয়ুথ অ্যালায়েন্স গ্লোবালের প্রতিষ্ঠাতা সজীব এম খায়রুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, ২০১২ সালে ইউনূস সেন্টার আয়োজিত সামাজিক ব্যবসা প্রতিযোগিতায় চট্টগ্রাম থেকে ইডিইউ রানারআপ ও ২০১৩ সালে চ্যাম্পিয়ন হয়। বিজ্ঞপ্তি।