'সারা জীবন গান গেয়ে যেতে চাই'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানস চৌধুরী। একাধারে গায়ক, চিকিৎসক ও খেলোয়াড়। অবশ্য গানের জগতে তাঁর পরিচিতি রঞ্জন নামে। আছে আরও একটি পরিচয়, তিনি প্রখ্যাত গায়ক প্রবাল চৌধুরীর সন্তান। সুরের এই উত্তরাধিকারী জানিয়েছেন তাঁর স্বপ্নকথা

শুরুতেই গান...
চতুর্থ অ্যালবামের কাজ চলছে। ইতিমধ্যে পাঁচটি গান রেকর্ডিং শেষ। বাকিগুলোর কাজ চলছে। এবারের অ্যালবামে বাবার কয়েকটি গানও থাকবে। বেশির ভাগ গান হবে রোমান্টিক ধাঁচের। আশা করছি, শ্রোতাদের ভালো লাগবে।
ফিরে দেখা...
বাবার কাছে গানের হাতেখড়ি। এরপর শিখেছি ওস্তাদ সঞ্জীব দে, প্রণব ঘোষ, আলী হোসেন ও খন্দকার নুরুল আলমের কাছে। প্রথম গান রেকর্ডিং হয় ২০০১ সালে, বিশ্ব বাটপার সিনেমার একটি গানে। সুরকার ছিলেন আলাউদ্দিন আলী। এভাবে শুরু। এরপর হাসন রাজা, জুয়াড়িসহ ১৫টির বেশি চলচ্চিত্রে গান করি। এদিকে ২০০১ সালেই বের হয় একক অ্যালবাম হলে না জীবন সাথী। যেটি বেশ সাড়া জাগায়। অ্যালবামটি বেস্ট সেলার ছিল। পরে ২০০৩ সালে আসে আজ তুমি অন্যের হলে ও ২০০৭-এ কত আর কাঁদাবে তুমি। এ ছাড়া বেশ কিছু দ্বৈত অ্যালবামেও কাজ করেছি। এ পর্যন্ত গাওয়া মৌলিক গানের সংখ্যা শতাধিক।
এবার খেলার জগতে...
আমি টেবিল টেনিস খেলোয়াড়। ২০০৯, ২০১১, ২০১২ ও ২০১৪ চারবার জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছি। সম্প্রতি বাংলাদেশ দলের হয়ে খেলেছি স্কটল্যান্ডে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে। এ ছাড়া দেশের হয়ে জাপানে অনুষ্ঠিত বিশ্ব চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েও আমরা ভালো করেছি। সেখানে আমরা পাঁচটি খেলায় জয়লাভ করি।
একের ভেতর তিন...
আমার কাছে তিনটিই সমান গুরুত্ব পায়। তবে প্রথমত আমি একজন চিকিৎসক। কারণ, সেটা আমার পেশা। গানটা আমার প্রাণ। আমি সারা জীবন গান গেয়ে যেতে চাই। খেলায়ও থাকব সমানভাবে, যত দিন পারি।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ