'সারা পৃথিবী ঘুরে বেড়াব'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সময়ের তারকা: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে প্রথম বাংলাদেশি হিসেবে তালিকাভুক্ত হয়েছেন টেনিস খেলেই। এবারে প্রথম নারী হিসেবে জোবেরা রহমান লিনু নিলেন বাংলাদেশ টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদকের দায়িত্ব

জোবেরা রহমান লিনু
জোবেরা রহমান লিনু

যে তিনটি জিনিস সব সময় সঙ্গে রাখি
টাকা, কাজল ও মুঠোফোন।
প্রথম খেলার প্রতিপক্ষ
আমার বড় বোন মুনিরা মোরশেদ হেলেন। ১৯৭৪ সালে খেলেছিলাম ওর সঙ্গে।
টেবিল টেনিসে প্রিয় খেলোয়াড়
উত্তর কোরিয়ার খেলোয়াড় পাক ইয়ং সু আমার প্রিয় খেলোয়াড়।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম ওঠার পর...
এ অনুভূতি অন্য রকম। ভাষায় প্রকাশ করতে পারব না।
প্রিয় কোচ
আমার বাবা শেখ আবদুর রহমান।
বিদেশের মাঠে টেবিল টেনিসে প্রথম দিন
১৯৭৬ সালে উত্তর কোরিয়ার একটা মাঠে খেলেছিলাম। দিন-তারিখটা এখন আর মনে নেই।
খেলোয়াড় হিসেবে আনন্দের দিন
১৯৭৭ সালে যখন প্রথম জাতীয় চ্যাম্পিয়ন হই। দিনটির কথা কোনো দিনই ভুলব না।
টেবিল টেনিস খেলোয়াড়ের যে তিনটি গুণ জরুরি
ধৈর্যশীলতা, বুদ্ধিমত্তা ও দ্রুত সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা।
টেবিল টেনিস ফেডারেশনের সাধারণ সম্পাদক হিসেবে নতুন দায়িত্ব নেওয়ার পর
আমি আসলে খুব কঠিন সময়ে দায়িত্ব নিয়েছি। এই সময় খেলোয়াড় ও কর্মকর্তাদের মধ্যে দ্বন্দ্ব চলছে। শুরুতে এসব দ্বন্দ্ব দূর করতে চাই। তারপর বছরে কমপক্ষে পাঁচটি ইভেন্ট করতে চাই।
টেবিল টেনিস ছাড়া আর যে কাজে পারদর্শী
সবাই বলে, আমি বন্ধু হিসেবে অনেক ভালো। বন্ধুত্ব রক্ষা করার কাজে মনে হয় আমি বেশ পারদর্শী। (হা হা হা)
নিজের সম্পর্কে অজানা তথ্য
আমি এখনো বিয়ে করিনি।

নিজের খারাপ দিক

আমি সহজে রাগ করি না। কিন্তু রাগলে সেটা খুব খারাপ হয়ে যায়।

তারুণ্য ধরে রাখার রহস্য

এটা বলা কঠিন! আমি মনে করি, এটা অবশ্যই সৃষ্টিকর্তার দান। আর আমি সব সময় পরিপাটি থাকি এবং নিয়ম মেনে চলি।

যার জন্য জীবন বাজি রাখতে পারি

আমার ছেলে (আসলে ভাইয়ের ছেলে) ইয়াদ আলাভির জন্য।

আমার জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে

গিনেস রেকর্ডসে নাম ওঠার ঘটনা।

নিজের যে দিকটি বদলাতে চাই

আমি জীবনে অনেক বিষয়ে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি। এই সিদ্ধান্তহীনতার ব্যাপারটি বদলাতে চাই।

মন খারাপ হলে

বারান্দায় দাঁড়িয়ে লোকজনের চলাফেরা দেখি, খাওয়াদাওয়া করি এবং কেনাকাটা করতে বের হই।

অবসরে

টিভি দেখি এবং পরিবারের সদস্যদের সঙ্গে আড্ডা মারি।

সামনে যা করব ভাবছি

খেলার জীবন নামে একটা বই প্রকাশ করব, নাটক লেখায় আরও মন দেব এবং সারা পৃথিবী ঘুরে বেড়াব।

সাক্ষাৎকার: মো. রুবেল