‘সারা রাত ছিলাম ধানখেতে ভোরে এসে দেখি সব ছারখার’
‘হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে ধেয়ে আসছে মন্দিরের দিকে। স্লোগান দিচ্ছে—জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও। উপায় না দেখে পেছনের দরজা দিয়ে ধানখেতে লুকিয়ে পড়ি। ভোররাতে মন্দিরের আগুন নিভে গেলে হামলাকারীরা চলে যায়। সারা রাত ধানখেতে ছিলাম। ভোরে এসে দেখি মন্দিরে অবশিষ্ট কিছুই নেই, সব ছারখার। এখন সন্ধ্যা নামলেই অজানা আতঙ্কে দুচোখে ঘুম আসে না।’ কক্সবাজার থেকে প্রায় ৪৩ কিলোমিটার দূরে উখিয়ার দুর্গম গ্রাম পশ্চিম মরিচ্যা দীপাঙ্কু বৌদ্ধবিহারের ভিক্ষু বিমল জ্যোতি মহাথেরো (৫১) এভাবে গত ৩০ সেপ্টেম্বরের রাতের ঘটনা বর্ণনা করলেন। ভিক্ষু বিমল জ্যোতির বাড়ি খাগড়াছড়িতে। ১৩ বছর ধরে তিনি এই মন্দিরে ভিক্ষুর দায়িত্ব পালন করছেন। মন্দিরের চারপাশের মানুষ তাঁকে গুরু বলে মানেন। আপদে-বিপদে সবাই তাঁর কাছে ছুটে আসেন, পরামর্শ আর উপদেশ নেন। কিন্তু গত ৩০ সেপ্টেম্বর রাতে বিপন্ন হয়ে পড়ে তাঁর জীবনও। এ সময় তাঁর সঙ্গে ছিলেন মন্দিরের সাধু বিজলি বড়ুয়া (৬৫)। ভিক্ষু বিমল জ্যোতি বলেন, ‘ধানখেত থেকে দেখতে পাই আগুনে মন্দিরটি দাউ দাউ করে জ্বলছে; কিন্তু নেভানোর কেউ নেই। কান্নাকাটি করে শুধু নিয়তিকেই শাপ দিয়ে যাচ্ছিলাম। মন্দিরে আমাদের পেলে হামলাকারীরা হয়তো আগুনে পুড়িয়ে মারত।’ টেকনাফ-কক্সবাজার মহাসড়কের গরু বাজারের পশ্চিম দিকে পাহাড়ঘেরা পশ্চিম মরিচ্যা গ্রাম। এই গ্রামে ১৯৭৬ সালে তৈরি করা হয় কাঠের মন্দিরটি। মন্দিরটির চারপাশে ১১৭টি বড়ুয়া পরিবার। লোকসংখ্যা প্রায় ৮০০। তাদের পেছনে শত শত মুসলিম ঘরবাড়ি। এতদিন মুসলিম-বড়ুয়া একে অপরের পাশে থেকে চলেছে। কিন্তু গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে রামুর ১২টি মন্দিরে আগুন দেওয়ার ঘটনার পর বদলে যায় সবকিছু। পরের দিন রাত নয়টার পরে হাজার হাজার মানুষ লাঠিসোঁটা নিয়ে এই মন্দিরে হামলা চালায়। আশপাশের আরও কয়েকটি বসতবাড়ি ভাঙচুর করে। গত মঙ্গলবার সকালে মন্দিরে গিয়ে দেখা গেল, আগুনে পুড়ে মন্দিরটি ছাই হয়ে গেছে। পাশের একটি পাকা ভবনের দরজা ভেঙে বেশ কিছু মূর্তি ভেঙে ফেলা হয়েছে। পুড়ে যাওয়া মন্দিরের পাশে দাঁড়িয়ে ভিক্ষু বিমল জ্যোতি বলেন, ‘কী করে মানুষ এত নিষ্ঠুর হতে পারে? একটা লোকও মন্দির রক্ষায় এগিয়ে এল না। সারা জীবন মানুষকে অহিংসার বিরুদ্ধে শিখিয়েছি। এখন আমরা হিংসার শিকার হলাম। মন্দিরটি পুড়ে যাওয়ায় মানুষ ধর্মকর্ম করতে পারছে না। রাত কাটানোর জন্য মন্দিরের আঙিনায় সেনাবাহিনী একটি তাঁবু বসিয়ে দিলেও থাকতে পারি না। কারণ আতঙ্ক। নিরাপত্তা নেই। হুমকি-ধমকির ভয়ে দুচোখে ঘুম আসে না। সেনা বিজিবি টহল দিলেও ভয় কাটছে না।’ভিক্ষু আরও বলেন, ‘মন্দিরের হামলার পর বাবা ও মা অস্থির হয়ে পড়েছেন। বাড়ি ফিরে যাওয়ার তাগাদা দিচ্ছেন। কিন্তু ভাঙা মন্দির ফেলে যেতে পারছি না। আমি চলে গেলে আশপাশের মানুষ গতি হারিয়ে ফেলবে।’ ওই মন্দির থেকে এক কিলোমিটার দূরে পাহাড়টিলায় ১৮৬৭ সালে তৈরি ‘রাজা পালং জাদি বৌদ্ধবিহার’। গত ৩০ সেপ্টেম্বর বিকেল সাড়ে তিনটায় কয়েক শ লোক ওই মন্দিরেও হামলা চালায়। দুই শ বছরের পুরোনো বেশ কিছু বুদ্ধমূর্তি ভাঙচুর করে।