বেড়িবাঁধের পাশে এক বছর আগে এলাকার লোকজনের কাছ থেকে ভিক্ষা করে পাওয়া টাকা দিয়ে বাঁশ, খড় কিনে থাকার একটি ঘর বানিয়েছিলেন বিধবা মরিয়ম বেগম (৩৫)। সম্প্রতি জলোচ্ছ্বাস ও সাগরের ঢেউয়ের আঘাতে বাঁধ ভেঙে লোকালয়ে জোয়ারের পানি ঢুকলে ঘরটি পানিতে তলিয়ে যায়। আশপাশে কোনো আত্মীয়বাড়ি না থাকায় মরিয়ম শেষ পর্যন্ত আশ্রয় নেন সরইতলার আশ্রয়কেন্দ্রে। ৮ জুলাই মরিয়ম বেগম প্রথম আলোকে বলেন, ‘আঁরা সরকারত্তুন সাআয্য নয়, জানে বাঁচিবাল্লাই টিকেমতো বাঁধ চাই।’ (আমরা সরকারের কাছ থেকে সাহায্য নয়, বাঁচার জন্য টেকসই বাঁধ চাই।) প্রতিবছর বর্ষা মৌসুমে প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছেন মহেশখালী উপজেলার সরইতলা গ্রামের মরিয়মের মতো এলাকার প্রায় ৪০ হাজার বাসিন্দা। সম্প্রতি বাঁধ ভেঙে বিলীন হয়েছে অন্তত ৮০০ জনের বসতবাড়ি।গ্রামের বাসিন্দা মকবুল হোসেন ও নুরুল হোছাইন জানান, সম্প্রতি জলোচ্ছ্বাস ও সাগরের ঢেউয়ে বাঁধ ভেঙে গ্রামের ২০০ ঘরবাড়ি, একটি মসজিদ ও একটি মাদ্রাসা বিলীন হয়ে গেছে। হুমকির মুখে আছে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়টিও। গৃহহারা ১০০ মানুষ পার্শ্ববর্তী আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিলেও বাকি লোকজন এলাকা ছেড়ে মাতারবাড়ি, হোয়ানক ও কালারমারছড়া ইউনিয়নে আত্মীয়স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে। বর্তমানে জোয়ারের পানিতে ভাসছে এলাকার প্রায় ২০ হাজার মানুষ।সরেজমিন গিয়ে দেখা যায়, সরইতলা ছাড়াও ষাইটপাড়া, নতুনঘোনা, দক্ষিণে ভারতঘোনা, পণ্ডিতডেইল, সুতরিয়া, মুহুরিঘোনা ও সাপমারারডেইলসহ ১৭ গ্রামের লোকজন জোয়ারের পানিতে দুর্ভোগ পোহাচ্ছে। এলাকায় বিশুদ্ধ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।ধলঘাটা ইউনিয়ন পরিষদের তথ্যসেবাকেন্দ্রের পরিচালক মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, সাগরের ঢেউয়ের আঘাতে এলাকার প্রায় ১২ কিলোমিটার বেড়িবাঁধের বিভিন্ন স্থান ভেঙে গেছে। এর মধ্যে সরইতলা এলাকায় সাড়ে তিন কিলোমিটার বাঁধ একেবারেই বিলীন হয়ে গেছে।ধলঘাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল আলম বলেন, ভেঙে যাওয়া বেড়িবাঁধ টেকসই ও স্থায়ীভাবে নির্মাণ করা না হলে পুরো ইউনিয়ন সাগরে বিলীন হয়ে যাবে। ধলঘাটা আদর্শ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক ছালেহ আহমেদ বলেন, ‘১৯৯১ সালের পর থেকে স্থায়ী ও টেকসই বাঁধ নির্মাণের জন্য এলাকার লোকজন দাবি জানালেও কেউ শুনছে না।’ ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আহসান উল্লাহ বলেন, ‘দুর্যোগের কবল থেকে এলাকার লোকজনকে রক্ষা করার জন্য নিজেই ৪০ লাখ টাকা খরচ করে বাঁধের সংস্কার করেছিলাম। কিন্তু ঢেউয়ের আঘাতে সেটাও ভেঙে গেছে। এবার এলাকাবাসীকে রক্ষার জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে।’ কক্সবাজার পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, ১৯৯১ ও ১৯৯৭ সালের ঘূর্ণিঝড়ে মাতারবাড়ি ও ধলঘাটার প্রায় ২০ কিলোমিটার বেড়িবাঁধ লন্ডভন্ড হয়ে যায়। এরপর বিভিন্ন সময় জোড়াতালি দিয়ে ১১ বার অস্থায়ীভাবে সংস্কার করা হয় এসব বাঁধ। ২০০৭ সালের নভেম্বর মাসে সিডর ও আইলার আঘাতে আবারও ভাঙে বাঁধের বিভিন্ন অংশ। সর্বশেষ গত মাসের ২৪ ও ২৫ জুন এবং চলতি মাসের ৩ ও ৪ জুলাই জোয়ারের কবলে পড়ে ভেঙে যায় ১২ কিলোমিটার বাঁধের বিভিন্ন অংশ। জোয়ার-ভাটার কারণে এলাকাবাসীর দুর্ভোগের কথা স্বীকার করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ টি এম কাউসার হোসেন। তিনি বলেন, ‘সরকারের পক্ষ থেকে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত ৫০০ পরিবারের মধ্যে ১০ মেট্রিক টন চাল, ৬৬টি পরিবারের জন্য ঢেউটিন, ৪৪১ পরিবারের জন্য গৃহনির্মাণসামগ্রী অনুদান হিসেবে বিতরণ করা হয়েছে। এ ছাড়া ১৫ হাজার ৩২০ পরিবারের জন্য ভিজিএফ চাল বরাদ্দ চেয়ে কক্সবাজার জেলা প্রশাসকের কাছে চাহিদাপত্র পাঠিয়েছি।’এ প্রসঙ্গে পানি উন্নয়ন বোর্ডের কক্সবাজারের উপসহকারী প্রকৌশলী মোহাম্মদ কাজী নজরুল ইসলাম বলেন, ‘ভাঙা বেড়িবাঁধ সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে ৫০ লাখ টাকা বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে সংস্কারকাজ শুরু করা হবে।’