‘নিজেকে পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সাহিত্য হচ্ছে অন্যতম প্রধান মাধ্যম। সাহিত্যপাঠ আবৃত্তিচর্চাকে শাণিত করে তোলে।’
৮ নভেম্বর প্রমা আবৃত্তি দলের ৩৫তম ব্যাচের শিক্ষার্থীদের আবৃত্তি কর্মশালার উদ্বোধন ও ৩৪তম ব্যাচের সমাবর্তন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন সাহিত্যিক ফেরদৌস আরা আলীম। জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দিচ্ছিলেন তিনি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন প্রমার সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রমার সভাপতি রাশেদ হাসান। শুরুতে নির্মলেন্দু গুণের কবিতা ‘তোমার চোখ এত লাল কেন’ পাঠ করে শোনান মো. বিপ্লব হোসেন। এর পর নবীন আবৃত্তিকারেরা একে একে পাঠ করেন রুদ্র মোহাম্মদ শহিদুল্লার ‘বাতাসে লাশের গন্ধ’, শামসুর রাহমানের ‘তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা’, সৈয়দ শামসুল হকের ‘ নুরলদীনের সারা জীবন’, সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কেউ কথা রাখেনি’সহ বেশ কয়েকটি জনপ্রিয় কবিতা।
শেষে ‘সাবাস বাংলাদেশ’ শীর্ষক বৃন্দ আবৃত্তি পরিবেশিত হয়।