‘১৯৭০ সালে চিকিৎসার জন্য লন্ডন চলে যেতে হয়েছিল। এর পরপরই শুরু হয় ৭১-এর মুক্তিযুদ্ধ। ফিরে এসে যুদ্ধে অংশ নেব ভেবেছিলাম। কিন্তু দেশ নয় মাসে স্বাধীন হয়ে যাবে ভাবিনি। লন্ডনে থাকার সময় বিবিসিতে সংবাদ পাঠের কাজ করতাম। একদিন সংবাদ পাঠের সময় আমাকে ইংরেজিতে লেখা একটি কাগজ ধরিয়ে দিয়ে দ্রুত বাংলায় তরজমা করে পড়তে বলা হলো। পড়লামও। সেটা ছিল বাংলাদেশ স্বাধীন হওয়ার সংবাদ। এটা আমার জীবনের একটি স্মরণীয় মুহূর্ত।’গত রবিবার বিকেলে প্রেসক্লাব ভবনে অবস্থিত গ্রন্থবিপণি বাতিঘরে ‘আমার জীবন, আমার রচনা’ শিরোনামের অনুষ্ঠানে এভাবেই নিজের জীবনের ছোট ছোট মুহূর্তের কথা শোনান সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক।২৭ ডিসেম্বর ছিল সৈয়দ শামসুল হকের ৭৮তম জন্মদিন। অনুষ্ঠানের শুরুতেই বাতিঘরের স্বত্বাধিকারী দীপঙ্কর দাশ কবিকে জন্মদিনের শুভেচ্ছা জানান। এরপর লেখক সম্পর্কে কবি ও সাংবাদিক আবুল মোমেন বলেন, ‘সৈয়দ শামসুল হক নিরন্তর লিখে চলেছেন। তাঁর লেখা বহুমাত্রিক, নানা বিষয় নানাভাবে লিখছেন তিনি। দেশ বিভাগের পর একদল লেখক বাঙালি জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়ে আমাদের চিন্তা ও মননে একধরনের অঙ্গীকার তৈরি করেন। পরবর্তী সময়ে রাজনীতিতেও এর প্রভাব পড়ে। সৈয়দ শামসুল হক সেই সময়ের লেখক। অনেক লেখক আছেন, যাঁরা জীবনের একটা সময় পর্যন্ত লেখালেখিতে সক্রিয় থাকেন। কিন্তু শামসুল হক নিরন্তর লিখে চলেছেন।’নিজের জীবন ও সাহিত্যকর্মের নানা দিক নিয়ে আলোচনা করতে গিয়ে সৈয়দ শামসুল হক বলেন, ‘সাহিত্য হচ্ছে সময়ের কাছে লেখা প্রেমপত্র। সাহিত্যচর্চা কোনো খণ্ডকালীন কাজ নয়। আমি “ফুলটাইম” লেখক। জীবনকে আমি ছেনেছুনে দেখতে ভালোবাসি। ঘুরে বেড়াই দেশের বিভিন্ন জায়গায়। আমাকে সে জন্য গৃহী সন্ন্যাসীও বলা হয়।’সৈয়দ হক মনে করেন, একজন সুসাহিত্যিক নিজেই তাঁর লেখার সবচেয়ে বড় বিচারক। তিনি বলেন, ‘আমি নিজে লেখার পর দেখি, যা লিখেছি তা আমার আগেরগুলোকে ছাড়িয়ে গেছে কি না। নাকি আগের জায়গায় রয়ে গেছি! তারপর বাংলা সাহিত্যের বর্তমান যে মানদণ্ড আছে, তার সঙ্গে যায় কি না, এরপর বিশ্বসাহিত্যের সঙ্গে তুলনা করি। যদি আমার লেখা এসবকে ছাপিয়ে যায়, তবেই তা হয়েছে বলে ধরে নিই।’বক্তব্যের পর সৈয়দ শামসুল হক পাঠকদের কিছু প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানের শেষ পর্বে তিনি নিজের লেখা কয়েকটি কবিতা পাঠ করে শোনান।