সীমান্তে চোরাচালান, নারী ও শিশুপাচার রোধে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজেবি) সার্বিক ব্যবস্থার উন্নয়ন এবং শক্তি বৃদ্ধিকরণ বিষয়ে ফেনীর জায়লস্কর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজেবি) সদর দপ্তরে গত মঙ্গলবার দিনব্যাপী এক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বিজেবির কুমিল্লা সেক্টর সদর দপ্তরের সেক্টর কমান্ডার কর্নেল রুস্তম আলী ‘সীমান্তে চোরাচালান, নারী ও শিশু পাচার রোধের জন্য বিজেবির সার্বিক ব্যবস্থার উন্নয়ন ও শক্তি বৃদ্ধিকরণ’ সংক্রান্ত ব্যাপারে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।ফেনীর ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবদুল কাদিরের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে বক্তব্য দেন ১৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল কে এ নেসার, পরশুরাম উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন মজুমদার, ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান নূর আহম্মদ মজুমদার, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফ আহম্মদ, পরশুরাম পৌরসভার মেয়র নিজাম উদ্দিন চৌধুরী, পরশুরাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নিজাম উদ্দিন, ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউপি চেয়ারম্যান রেজাউল করিম, বেসরকারি সংগঠন (এনজিও) লোকাল ইনিশিয়েটিভ ফর ডেভেলপমেন্টের (এলআইএফডি) প্রোগ্রাম সমন্বয়কারী সাফায়েত উল্লাহ, এসআরপির নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম, সাংবাদিক বখতেয়ার ইসলাম মুন্না প্রমুখ। এ ছাড়া সেমিনারে বিজেবির প্রকল্প পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আইয়ুব চৌধুরী, মেজর খোন্দকার মো. ফারুক আহম্মদ, মেজর আশিক বিল্লাহ উপস্থিত ছিলেন।