সুনীলের মৃত্যু হয়নি, তাঁর বিপুল সৃষ্টি সম্ভারের মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন বাংলাদেশের মানুষের হূদয়ে। এ দেশের অকৃত্রিম বন্ধু কবি ও কথাসাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে নগরে অনুষ্ঠিত দুটি স্মরণসভায় এ কথা বলেন বক্তারা।বাতিঘর ও প্রেসক্লাবের উদ্যোগে সুনীলের স্মরণসভা অনুষ্ঠিত হয় ২ নভেম্বর শুক্রবার। এর আগে ২৪ অক্টোবর বুধবার সকাল ১১টায় শিল্পকলা একাডেমী মিলনায়তনে আবৃত্তি সংগঠন প্রমার উদ্যোগে সুনীলের স্মরণানুষ্ঠান অনুষ্ঠিত হয়।২ নভেম্বর সকাল ১১টায় বাতিঘর গ্রন্থবিপণিকেন্দ্রে সুনীলের স্মরণানুষ্ঠানে ভিড় জমিয়েছিলেন পাঠক, সাহিত্যিক ও সুধীজনেরা। অনুষ্ঠানে বক্তব্য দেন কবি ও সাংবাদিক আবুল মোমেন, অধ্যাপক শিপ্রা দস্তিদার, গোলাম মুস্তাফা, কবি শিশির দত্ত, বিশ্বজিৎ চৌধুরী, অজয় দাশ গুপ্ত ও এজাজ ইউসুফী।আবুল মোমেন বলেন, জীবনকে উপভোগ করতে করতে মুক্ত মানুষ হয়ে উঠেছিলেন সুনীল। সাহিত্য যে রসের বিষয় সেটা জানা ছিল তাঁর। নিজের দুঃখ কষ্ট নিয়ে কৌতুক করেছেন। ধর্ম ও সম্প্রদায় নিয়ে কোনো ধরনের সংকীর্ণতা ছিল না তাঁর। নিজের এসব উপলব্ধি তুলে ধরেছেন লেখায়।শিপ্রা দস্তিদার সুনীলের বিপুল সাহিত্য সম্ভারের বিবরণ তুলে ধরে বলেন, সেই সময় ও পূর্ব পশ্চিম এর মতো পরিশ্রমসাধ্য উপন্যাসের জন্য সুনীল বহুকাল বেঁচে থাকবেন পাঠক হূদয়ে।কবি ও নাট্যজন শিশির দত্ত ৭৫ পরবর্তী রাজনৈতিক পট পরিবর্তনের কারণে কলকাতায় ছিলেন বেশ কয়েক বছর। সেই সময় কীর্তিবাস সম্পাদক সুনীলের সঙ্গে সখ্য গড়ে ওঠে তাঁর। সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে শিশির দত্ত বলেন, সুনীলের সঙ্গে যখন আমার দেখা হয় তখন তিনি খ্যাতির তুঙ্গে। তবু বাংলাদেশের একজন অখ্যাত কবিকে সময় দিতে কার্পণ্য করেননি তিনি। এ দেশের রাজনীতি ও শিল্প-সাহিত্য নিয়ে গভীর আগ্রহ ছিল তাঁর। বাংলাদেশের তরুণ কবিদের কবিতাও পড়তেন তিনি। এমনকি অনেককে আর্থিকভাবেও সাহায্য করতেন। তাই তাঁর বিপুল সৃষ্টিকর্মের একটা অংশ জুড়ে ছিল বাংলাদেশ।কবি ও সাংবাদিক বিশ্বজিৎ চৌধুরী বলেন, সুনীলের জীবন ও সাহিত্যকর্ম তাঁর পরবর্তী প্রজন্মের সাহিত্যিকদের অনুপ্রাণিত করেছে। বিচিত্র বিষয়ে দুহাতে লিখে গেছেন তিনি। আলোচনার ফাঁকে ফাঁকে সুনীলের লেখা থেকে পাঠ করেন শুভ্রা বিশ্বাস, পিংকি চৌধুরী ও রুম্মান মাহমুদ। সুনীলকে নিয়ে স্বরচিত কবিতা পাঠ করেন ফারহানা আনন্দময়ী। এ ছাড়া সুনীল ও কীর্তিবাস পত্রিকার কবিদের নিয়ে রচিত শঙ্খ ঘোষের লেখা পাঠ করেন শান্তনু বিশ্বাস। এর আগে সুনীল গঙ্গোপাধ্যায়ের প্রয়াণের পরদিন ২৪ অক্টোবর সকালে শিল্পকলায় প্রমার উদ্যোগে অনুষ্ঠিত হয় সুনীল স্মরণানুষ্ঠান। অনুষ্ঠানে বক্তারা বলেন, মুক্তিযুদ্ধে সুনীল বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন। তাঁর অনেক লেখা ও চরিত্র কালজয়ী হয়ে থাকবে। প্রমার সভাপতি আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের পরিচালনায় কথামালা ও কবিতাপাঠ পর্বে অংশগ্রহণ করেন কবি ও সাংবাদিক অরুণ দাশ গুপ্ত, শহীদ জায়া বেগম মুশতারি শফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মাহাবুবুল হক, সমাজবিজ্ঞান বিভাগের ডিন অধ্যাপক হোসাইন কবির, সংগীতশিল্পী শান্তনু বিশ্বাস, কবি খালিদ আহসান, কবি ও সাংবাদিক ওমর কায়সার, কামরুল হাসান, মনিরুল মনির প্রমুখ। আবৃত্তি করেন মিলি চৌধুরী, ফারুক তাহের, মিশফাক রাসেল, শর্মিষ্ঠা বড়ুয়া, হাসান জাহাঙ্গীর, ইব্রাহিম খলিল, বাপ্পী হায়দার, রুনা চৌধুরী, মুহাম্মদ আলাউদ্দিন, তাসকিয়াতুন নুর, মুজাহিদুল ইসলাম, সাইদুল করিম, সাদেকী সুমন, জোবায়ের জুয়েল, সালমা জাহান প্রমুখ।