'সুন্দর সমাজ বিনির্মাণে আধুনিক শিক্ষাব্যবস্থার নীতিমালা অনুসরণ করতে হবে'
নগরের রিডার্স স্কুল ও কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ৯ মে ষোলশহরের এলজিইডি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান আবদুচ ছালাম। সভাপতিত্ব করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের সহযোগী অধ্যাপক মুহাম্মদ হারুন-উর-রশীদ। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, দৈনিক মুক্তবাণীর প্রকাশক ববিতা বড়ুয়া ও ক্যান্টনমেন্ট পাবলিক কলেজ ময়মনসিংহের সাবেক অধ্যক্ষ এ এইচ চৌধুরী। সংবর্ধিত অতিথি ছিলেন চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের (সিইউজে) নবনির্বাচিত সভাপতি এজাজ ইউসুফী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক চৌধুরী মো. মুনিরুল হাসান এবং সিইউজের প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুল ইসলাম।
অনুষ্ঠানে বক্তব্য দেন মুসলেহ উদ্দিন, আসিফুল হক, মঈনুদ্দিন কাদের, কে এম মোস্তফা রেজাউল, শফিকুর রহমান, সৈয়দ হাফেজ আহমেদ, হাবিবুল মোস্তফা, নজরুল ইসলাম খান, সাবিনা ইয়াসমিন প্রমুখ। বক্তারা বলেন, একজন শিক্ষক ছোট্ট একটি শিশুকে মা-বাবার মতো লালনপালন করে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেন। তবে সুন্দর সমাজ বিনির্মাণে আধুনিক শিক্ষাব্যবস্থার নীতিমালা অনুসরণ করতে হবে। আলোচনা সভা শেষে সাংস্কৃতিক আয়োজনে বিদ্যালয়ে ছাত্রছাত্রীরা গান পরিবেশন করে। বিজ্ঞপ্তি।