‘সুপেয়’ পানির মান নিয়ে সংশয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরে সুপেয় পানির (ড্রিংকিং ওয়াটার) চাহিদা দিন দিন বাড়ছে। পাশাপাশি বাড়ছে পানি উৎপাদন ও বাজারজাত করার প্রতিষ্ঠান। কিন্তু নানা নামে বাজারজাত করা এসব পানি কতটুকু পানের উপযোগী তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞ, এমনকি বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের (বিএসটিআই) কর্মকর্তারাও। সূত্র জানায়, বিশুদ্ধ খাদ্য আইন অনুযায়ী সুপেয় পানি বাজারজাত, বিক্রয় ও বিপণন করার জন্য বিএসটিআই থেকে সনদ নেওয়া বাধ্যতামূলক। কিন্তু বেশ কিছু প্রতিষ্ঠান সনদ না নিয়েই ব্যবসা করছে বলে অভিযোগ রয়েছে। বাজারজাত করা পানির বোতালের গায়ে একটি মোড়কে পণ্যের নাম, উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ, সর্বোচ্চ খুচরা মূল্য, ব্রান্ডের নাম, নেট পরিমাণ ও কারখানার ঠিকানা থাকার নিয়ম থাকলেও অনেক পানির বোতলে এসব থাকে না। বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের একাধিক কর্মকর্তা জানান, নগরে বিএসটিআই অনুমোদিত বোতলজাত পানি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠান আছে ৬০টি। এ ছাড়া অন্তত ৩০-৩৫টি প্রতিষ্ঠান বিএসটিআই থেকে সনদ না নিয়েই পানি বাজারজাত করছে। এসব কারখানায় উৎপাদিত পানি পানের উপযোগী কি না—তা নিয়ে তাঁরা নিজেরাই সন্দিহান। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক স্বপন কুমার পালিত বলেন, ‘সুপেয় পানির নামে বাজারে বিক্রি হওয়া সব পানি খাবারের উপযোগী কি না-তা নিয়ে সংশয় রয়েছে। কিছু প্রতিষ্ঠানের পানি পরীক্ষা করা হলেও বাকিগুলোর পানিও পরীক্ষা করা দরকার।’ এ ব্যাপারে বিএসটিআই চট্টগ্রাম কার্যালয়ের উপপরিচালক প্রকৌশলী এস এম ইসহাক আলী বলেন, ‘আমাদের দপ্তরে পানির মান পরীক্ষার জন্য গবেষণাগার (মাইক্রোবায়োলজিক্যাল ল্যাব) নেই। গবেষণাগার স্থাপন করলে পানির সঠিক মান নির্ণয় করা যাবে।’মাঠ কর্মকর্তা প্রকৌশলী আরাফাত হোসেন জানিয়েছেন, আল নূর, সালমা বেভারেজ, ফারহান ইন্টারন্যাশনালসহ আরও কয়েকটি প্রতিষ্ঠান সনদ পাওয়ার জন্য প্রায় ছয় মাস আগে আবেদন করলেও এসব প্রতিষ্ঠান এখনো সনদ পায়নি। অন্যদিকে পানির মান খারাপ হওয়ায় ইতিমধ্যে ১৫ প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়েছে। তবে প্রতিষ্ঠানগুলোর নাম প্রকাশ করেননি তিনি।সূত্র জানায়, পানি বোতলজাত করার আগে রিভার্স অসমোসিস, মাল্টিমিডিয়ার ফিল্টার ও আলট্রা ভায়োলেট পদ্ধতিতে পরিশোধন করতে হয়। কিন্তু সরেজমিনে কয়েকটি প্রতিষ্ঠান ঘুরে দেখা গেছে এ পদ্ধতি অনুসরণ হচ্ছে না। হামজারবাগ এলাকার একটি কারখানায় দেখা যায়, পানি পরিশোধনের পদ্ধতি ঠিক থাকলেও জার বা বোতল ধোয়া ও পানি ভরার পদ্ধতি (ক্যাপসিলিং) সঠিক নয়। এ কারখানায় তোলা কয়েকটি আলোকচিত্র বিএসটিআইয়ের মাঠ কর্মকর্তা আরাফাত হোসেনকে দেখালে তিনি পদ্ধতিগুলো সঠিক নয় বলে মন্তব্য করেন। বন গবেষণা ইনস্টিটিউটসংলগ্ন আর্ক নামের একটি কারখানার কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, ‘মানসম্পন্ন পানি উৎপাদন করতে হলে কারখানায় অন্তত অর্ধকোটি টাকার মালামাল (যন্ত্রপাতি) স্থাপন করতে হবে। কিন্তু অনেকেরই তা নেই।’ নগরের বড়দীঘির পাড় এলাকায় গড়ে ওঠা একটি কারখানায় দেখা যায় ফটকে তালামারা। বাইরে স্থাপন করা বড় আকারের মাল্টিমিডিয়া ফিল্টারটিতে মরচে ধরেছে। কারখানার বাইরের পরিবেশ স্যাঁতসেঁতে। ৩ ফেব্রুয়ারি সকাল ১০টায় চকবাজার মোড়ের একটি রেস্তোরাঁয় ভ্যানগাড়ি ভর্তি সুপেয় পানির ১৪-১৫টি বোতল নিয়ে এসেছিলেন রমজান আলী নামের এক ব্যক্তি। এসব বোতলে কোনো স্টিকার বা মোড়ক ছিল না। ওই পানির কারখানার ঠিকানা জানতে চাইলে রমজান আলী তা জানাতে রাজি হননি। জানা যায়, সুপেয় পানিতে লৌহ সর্বোচ্চ দশমিক ৩ মিলিগ্রাম (প্রতি লিটারে), আর্সেনিক দশমিক ০১ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম দশমিক ৫ মিলিগ্রাম, নাইট্রাইট শূন্য মিলিগ্রাম, সায়ানাইড দশমিক ১ মিলিগ্রাম, নাইট্রেট ৪ দশমিক ৫ মিলিগ্রাম থাকা প্রয়োজন। বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণাগার (বিসিএসআইআর) একজন বৈজ্ঞানিক কর্মকর্তা নাম প্রকাশ না করে জানান, পোশাককারখানার বিদেশি ক্রেতারা পানির মান পরীক্ষার জন্য বিসিএসআইআরে নমুনা পাঠিয়েছেন বেশ কয়েকবার। প্রতি লিটার পানিতে টোটাল ডিসলভ সলিড বা টিডিএসের স্বাভাবিকমাত্রা সর্বোচ্চ ১০০ মিলিগ্রাম। কিন্তু পরীক্ষার জন্য আনা বোতলজাত পানিতে পাওয়া যায় ১৪-১৫ মিলিগ্রাম। তিনি বলেন, ‘বিএসটিআইয়ের নিয়মে প্রতি লিটার পানিতে খনিজ উপাদান টিডিএসের স্বাভাবিক মাত্রার সর্বোচ্চ পরিমাণ দেওয়া হলেও সর্বনিম্ন পরিমাণ দেওয়া হয়নি। ফলে ওই পানি খাবার উপযোগী কি না তা বলা কঠিন।’ জানা যায়, নগরে সুপেয় পানি উৎপাদন ও বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলোতে সর্বশেষ ২০০৮ সালের অক্টোবরে মুরাদপুরের কয়েকটি কারখানায় অভিযান পরিচালিত হয়। এ সময় তিনটি প্রতিষ্ঠানকে বিশুদ্ধ খাদ্য আইনে ৮০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। শিশুরোগ বিশেষজ্ঞ প্রণব কুমার চৌধুরী বলেন, ‘মাত্রাতিরিক্ত খনিজ উপাদানের (আয়রন, আর্সেনিক) অস্তিত্ব রয়েছে এমন পানি খেলে মানবদেহের কিডনি, লিভার মারাত্মক রোগে আক্রান্ত হতে পারে। বিশেষ করে দুবছরের নিচের বয়সের শিশুদের মিনারেল ওয়াটার বা ড্রিংকিং ওয়াটার পান না করাই ভালো।’