'সুযোগ পেলে পাহাড়ি নারীরাও এগিয়ে যাবেন'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিজয়ী নদী চাকমা, ফুলপদি চাকমা, প্রভা চাকমা ও জুনি চাকমা প্রমাণ করেছেন পাহাড়ি নারীদের সামর্থ্য। সুযোগ পেলে তাঁরাও এগিয়ে যাবেন। এই চার নারীর অর্জন ও কৃতিত্ব দেশের জন্য বিরাট গৌরবের।
সাউথ এশিয়ান (এসএ) গেমসে পদক বিজয়ী চার পাহাড়ি নারীকে দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। এই সম্মাননা দিয়েছে আঞ্চলিক রাজনৈতিক দল ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)। গত রোববার রাঙামাটির কাউখালী উপজেলার পানছড়ি উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধিত চার নারী ক্রীড়াবিদ হলেন কুস্তিতে ৪৮ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ বিজয়ী নদী চাকমা, ভারোত্তলনে ৫৮ কেজি ওজন শ্রেণিতে রৌপ্য বিজয়ী ফুলপদি চাকমা, তায়কোয়ান্দোতে ৪৯ কেজি ওজন শ্রেণিতে ব্রোঞ্জ বিজয়ী প্রভা চাকমা এবং কাবাডিতে ব্রোঞ্জ বিজয়ী জুনি চাকমা। তঁাদের সবার বাড়ি রাঙামাটির বিভিন্ন উপজেলায়। সংবর্ধিত নারী ক্রীড়াবিদদের প্রত্যেককে ক্রেস্ট ও ২০ হাজার টাকা দেওয়া হয়। তবে সংবর্ধনা অনুষ্ঠানে নদী চাকমা ছাড়া অপর তিনজন উপস্থিত থাকতে পারেননি। তাঁদের পক্ষে স্বজনেরা টাকা ও ক্রেস্ট গ্রহণ করেন।
অনুষ্ঠানে কুস্তিতে ব্রোঞ্জ বিজয়ী নদী চাকমা জানান, তিনি মূলত ফুটবল খেলতেন। টাকার অভাবে জুতা কিনতে না পারায় ছেঁড়া কাপড় বা পাতলা পলিথিন পায়ে জড়িয়ে ফুটবল খেলতেন। মেয়ে হয়ে এত খেলাপাগল হওয়ায় মাঝেমধ্যে তিরস্কারও শুনতে হয়েছে। তবে দমে যাননি।
ইউপিডিএফের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আনন্দ প্রকাশ চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন খাগড়াছড়ির পানছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সর্বোত্তম চাকমা, লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান সুপার জ্যোতি চাকমা, পানছড়ি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কান্তি তালুকদার, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা ও আইনজীবী রিপন চাকমা।