কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রটি এখন সবার কাছে আলোচিত। প্রসূতি নারীদের রাত-দিন সেবা দিয়ে কেন্দ্রটিকে নারীদের ভরসাস্থল হিসেবে গড়ে তুলেছেন পরিবার কল্যাণ সহকারী সুলতানা বেগম। গত ৩০ এপ্রিল কেন্দ্রটি পরিদর্শনে যান পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন। এ সময় স্বাস্থ্যকেন্দ্রের সেবার মান নিয়ে সন্তোষ প্রকাশ করে তিনি বলেন, সুলতানার কাজ সত্যিই প্রশংসনীয়। গত ১৪ জানুয়ারি প্রথম আলোর ক্রোড়পত্র ‘আমার চট্টগ্রাম’–এ মাতারবাড়ী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র নিয়ে ‘ভরসা যখন সুলতানা আপা’ শীর্ষক সংবাদটি প্রচার হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে।
মহাপরিচালক স্বাস্থ্যকেন্দ্রের সম্মেলনকক্ষে স্থানীয় জনপ্রতিনিধি ও পরিবার পরিকল্পনা মাঠকর্মীদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দায়িত্বরত পরিবারকল্যাণ সহকারী সুলতানা বেগম বলেন, ‘প্রায় দেড় দশক ধরে স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতিসেবা দিয়ে আসছি। এতে মাতারবাড়ি ইউনিয়নের পাশাপাশি পাশের কালারমারছড়া ও ধলঘাট ইউনিয়নের প্রসূতি নারীরাও এখান থেকে সেবা নিয়ে থাকেন। ফলে প্রতি মাসে ৩৫-৪০ জন নারী স্বাস্থ্যকেন্দ্রে এসে প্রসবোত্তর সেবা নেন। কিন্তু পর্যাপ্ত ওষুধ ও বিভিন্ন সরঞ্জাম না থাকায় জটিল প্রসূতি রোগীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এ কারণে জটিল রোগীদের বাধ্য হয়ে বাইরে পাঠিয়ে দিতে হয়।’ এ জন্য িতনি ওষুধ ও সরঞ্জামাদির বরাদ্দ দেওয়ার জন্য মহাপরিচালকের কাছে অনুরোধ জানান।
বৈঠকে মহাপরিচালক মোহাম্মদ ওয়াহিদ হোসেন বলেন, ‘গত ১৪ জানুয়ারি প্রথম আলোতে মাতারবাড়ি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্র নিয়ে প্রতিবেদন প্রচারিত হলে তা আমার নজরে আসে।’ তিনি জানান, স্বাস্থ্যকেন্দ্রে প্রসূতি নারীদের সেবার মান আরও বাড়ানোর জন্য অচিরেই পর্যাপ্ত ওষুধপত্র ও সরঞ্জামাদি বরাদ্দ দেওয়া হবে।
বৈঠকে আরও বক্তব্য দেন পরিবার পরিকল্পনার চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মোহাম্মদ নুরুল আমিন, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিএসসিডিপির পরিচালক মইনুদ্দিন, কক্সবাজারের উপপরিচালক আমির হোসেন, কক্সবাজার সদর উপজেলার পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান, মহেশখালী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ছেরাজ আহমদ, মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোহাম্মদ উল্লাহ, উপসহকারী চিকিৎসা কর্মকর্তা ইয়াকুব আলী, পরিবার পরিকল্পনা পরিদর্শক অছিয়র রহমান প্রমুখ।