সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের মতবিনিময় সভা
‘সৃজনশীল শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে অভিভাবকদের এগিয়ে আসতে হবে’
‘মানবিক ও জ্ঞাননির্ভর সমাজ প্রতিষ্ঠা করতে হলে শিক্ষার সঙ্গে যোগ ঘটাতে হবে সংস্কৃতির। সে কারণে সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রম দেশের বেশ কয়েকটি জেলার বিদ্যালয়ে এই কার্যক্রম শুরু করেছে। শিক্ষার সঙ্গে সংস্কৃতির যোগ ঘটাতে কাজ করছে একদল শিক্ষা-কর্মী। তবে এই আন্দোলনের সাফল্য অনেকাংশেই নির্ভর করছে অভিভাবকদের ওপর।’সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের উদ্যোগে ২১ আগস্ট মতবিনিময় সভায় এ কথা বলেন কবি ও সাংবাদিক আবুল মোমেন। বিশিষ্ট শিক্ষাবিদ রীতা দাশগুপ্তের সভাপতিত্বে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় ফুলকি মিলনায়তনে। সভার শুরুতেই সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের বর্তমান চিত্র তুলে ধরেন সংস্থার কর্মসূচি সমন্বয়কারী রাশেদ হাসান। বক্তব্য দেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের শিক্ষক জাহেদ আলী, আইনজীবী আক্তার কবির চৌধুরী, প্রবর্তক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শান্তি রঞ্জন চক্রবর্তী, মহানগর শিক্ষক সমিতির সভাপতি প্রদীপ কানুনগো প্রমুখ।