‘সেই তো আবার কাছে এলে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপমহাদেশের প্রবাদপ্রতিম শিল্পী মান্না দের জন্মদিন উপলক্ষে জমজমাট অনুষ্ঠান হয়ে গেল ১ মে। নগরের জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গণে সেদিন বসেছিল তাঁর ভক্ত-অনুরক্তের মিলনমেলা। ‘সেই তো আবার কাছে এলে’ শীর্ষক এ অনুষ্ঠানে গান গেয়ে আসর মাত করেন শাহরিয়ার খালেদ ও আকলিমা আকতার। রেখা নাজনীনের সঞ্চালনে স্বাগত বক্তব্য দেন আর্য্য সংগীত সমিতির অধ্যক্ষ মিহির লালা। তিনি সুন্দর কথামালায় মান্না দের জীবন ও গানের অনেক অধ্যায় তুলে ধরেন। এরপর মান্না দের গানের ডালি নিয়ে আসেন শাহরিয়ার ও আকলিমা। কখনো একক আবার কখনো দ্বৈত গান দিয়ে শ্রোতাদের নস্টালজিক করেন তাঁরা। ভালো গেয়েছেন ‘জড়োয়ার ঝুমকো থেকে’, ‘ললিতা’, ‘সেই তো আবার কাছে এলে’, ‘এই কূলে আমি আর ওই কূলে তুমি’—এই শ্রোতাপ্রিয় গানগুলো। তাঁদের পরিবেশিত ৩২টি গানের মধ্যে ছিল কয়েকটি হিন্দি গানও। এর মধ্যে পঞ্চাশের দশকের সাড়া জাগানো ‘প্যায়ার হুয়া ইকরার হুয়া’ ছিল উপভোগ্য। তাঁদের সর্বশেষ পরিবেশনা ছিল ‘কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই’। অনুষ্ঠান শেষ হয় কিন্তু মান্না দের গানের সুরের মায়া শেষ হয় না। শ্রোতারা অন্য রকম ভালো লাগার আবেশ নিয়ে বাসায় ফেরেন।বাঁশিতে জালাল আহমদ, তবলায় সাখাওয়াত হোসেন, লিড গিটারে শাহজাহান, কি-বোর্ডে মিন্টু ও বেহালায় শ্যামল স্বচ্ছন্দ ছিলেন। উল্লেখ্য, ১৯১৯ সালের ১ মে মান্না দে (প্রবোধ চন্দ্র দে) কলকাতায় জন্মগ্রহণ করেন।