হাটহাজারীর দক্ষিণ-পূর্ব মেখলবাসীর দুঃখ হয়ে আছে গণি সেতু। ১৯৯৮ সালে মেখল খালের ওপর নির্মিত এ বেইলি সেতুটি এখন পরিণত হয়েছে মরণফাঁদে। পাটাতন উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় ছিদ্র। ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। সেতুটি সংস্কারের জন্য এলাকাবাসী স্থানীয় প্রশাসনের কাছে বার বার ধরনা দিলেও কোনো ফল হয়নি।সরেজমিনে দেখা যায়, গাড়ি উঠলে নড়তে থাকে সেতু। মরচে ধরে ফুটো হয়ে গেছে পাটাতন। পায়ে হেঁটে চলাচল করার সময় পাটাতনের এসব ফুটো অংশে অনেকের পা আটকে যাচ্ছে। স্থানীয় সিকদার বাড়ির বাসিন্দা মো. নাজিম উদ্দীন বলেন, ‘সেতুতে উঠলে বুক কাঁপে। কারণ পায়ে হেঁটে যখন এ সেতু পার হই তখন একই সময়ে কোনো গাড়ি সেতু পার হলে মনে হয় এখনি ভেঙে পড়বে। এ ছাড়া হাঁটার সময় প্রায়ই ফুটো অংশে পা আটকে যায়।’পারাপারের সময় দুই সপ্তাহ আগে সেতুর এক ফুটোতে পা আটকে যায় বৃদ্ধা নজুমনেসার। তিনি বলেন, ‘আমি বুড়ো মানুষ। চোখে ভালোভাবে দেখি না। ছিদ্রের মধ্যে পা আটকে গোড়ায় প্রচণ্ড ব্যথা পেয়েছি। এখনো ব্যথায় কাতরাচ্ছি।’জানা যায়, এ সেতু দিয়ে গড়দুয়ারা, উত্তর মাদার্শা, হাটহাজারী সদরসহ আশপাশের এলাকার অন্তত ২০ হাজার মানুষ চলাচল করে। এ ব্যাপারে মেখল ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান গিয়াস উদ্দীন বলেন, ‘গণি ব্রিজ নিয়ে দক্ষিণ মেখলবাসীর দুঃখের কথা আমি শুনেছি। এটি সাত-আট বছর আগেই ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। এলাকাবাসী সাবেক জনপ্রতিনিধির কাছে ব্রিজটি সংস্কারের উদ্যোগ নিতে বললেও তিনি (সাবেক চেয়ারম্যান) কি ভূমিকা রেখেছেন তা আমার জানা নেই। তবে আমার শপথ অনুষ্ঠানের পর স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সহযোগিতা নিয়ে সেতুটির উন্নয়নে পদক্ষেপ নেব।’ স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) হাটহাজারী উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম বলেন, ‘মরচে ধরে সেতুটির প্লেটগুলো নষ্ট হয়ে গেছে। এগুলো মেরামত করার জন্য আগামী অর্থবছরে বরাদ্দ চাওয়া হবে।’