‘সৌদি শেখকে আনতে হবে বলে বহদ্দারহাট থেকে গাড়ি ভাড়া করি’
সৌদি শেখ বাংলাদেশে আসছেন বলে তাঁকে ঢাকা থেকে আনতে একটি গাড়ি ভাড়া করেন চোরচক্রের সদস্যরা। নগরের বহদ্দারহাট থেকে ১১ হাজার টাকায় গাড়ি ভাড়া নেওয়া হয়। ঢাকায় যাওয়ার কথা বলে কুমিল্লার লালমাই এলাকায় একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে চালককে গাড়ি থেকে নামিয়ে বেঁধে ফেলে রেখে গাড়িটি ছিনতাই করা হয়। এ ঘটনায় পুলিশ দুই আসামিকে গ্রেপ্তার করেছে। একজনের নাম মো. ফারুক। তিনি গত সোমবার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ ওসমান গণির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। এর চুম্বক অংশ তুলে ধরা হলো আজ থেকে কয়েক দিন আগে এক বৃহস্পতিবার আমি সৌদি আরবে থাকাকালীন পরিচিত বন্ধু মোক্তার ভাই আমাকে ঢাকার মগবাজার চেয়ারম্যান গলিতে আপেল মাহমুদের বাসায় দেখা করতে বলেন। আমি গত ১৮ ও ১৯ এপ্রিল ঢাকায় মগবাজারে গিয়ে মোক্তার ভাইকে ফোন দিই। মোক্তার ভাই আমাকে চেয়ারম্যান গলিতে আপেল মাহমুদের বাসায় নিয়ে যান। সেখানে আপেল মাহমুদের বাসায় মোক্তার ভাই, ইমরান, সাইফুল নামের দুইজনের সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরের দিন সকালে আপেল মাহমুদ আমাদের চারজনকে কারওয়ান বাজারের একটি বোর্ডিংয়ে নিয়ে যান। সেখানে আমরা পরামর্শ করি—যেহেতু আমরা সৌদি আরব থেকে ফেরত এসেছি সেহেতু দেশে টাকা-পয়সা রোজগার করতে হবে। এর মধ্যে সাইফুল প্রস্তাব দেয় একটি গাড়ি ভাড়া নিয়ে ছিনতাই করব, যাতে বিক্রির টাকা সবাই ভাগ করে নিতে পারি।মোক্তার ভাই বলেন, ‘ঠিক আছে। গাড়ি চট্টগ্রাম থেকে নিতে হবে। এরপর আমাকে তিনি বলেন, সৌদি আরব থেকে শেখ আসছেন বলে চট্টগ্রাম থেকে একটি রেন্ট-এ কার ভাড়া নিতে হবে। আমি একা পারব না বললে মোক্তার ভাই বলেন, ‘তোর একা লাগবে না। তুই আমার সঙ্গে থাকলেই চলবে।’ ওই দিন রাতে আমি চট্টগ্রামে চলে আসি। মোক্তার তাঁর বাড়ি পাবনার কাশীনাথপুরে চলে যান। ইমরান নোয়াখালী এবং সাইফুল কুমিল্লার নিজ নিজ গ্রামের বাড়ি চলে যায়। তবে ফোনে নিজেদের মধ্যে যোগাযোগ ছিল। এক বৃহস্পতিবার রাতে মোক্তার ভাই আমাকে ফোন দিয়ে চট্টগ্রামে এসেছেন বলে জানান এবং জিইসি মোড়ে আমার সঙ্গে দেখা করেন। পরে আমরা বহদ্দারহাটে গাড়ি ভাড়া করতে যাই। মোক্তার ভাই চালককে বলেন, সৌদি আরব থেকে শেখ আসবেন। তাঁকে ঢাকা বিমানবন্দর থেকে চট্টগ্রামে আনা হবে। আমরা যাওয়ার সময় কুমিল্লা থেকে আমাদের অন্য দুইজনকে তুলে নেব। চালককে মোক্তার ভাই আরও জানান, কুমিল্লায় একটি মাদ্রাসা আছে। আমরা আসার সময় সেটা সৌদি শেখকে দেখাব। ১১ হাজার টাকা ভাড়ায় চালক নয় আসনের নোহা গাড়ি ভাড়া দিতে সম্মত হন। আমি ও মোক্তার ভাই সঙ্গে সঙ্গে গাড়িতে উঠে যাই। গ্যাস ভরার জন্য মোক্তার ভাই চালককে দুই হাজার টাকা দেন। কুমিল্লা নুরজাহান হোটেলে পৌঁছলে সেই দুইজনকে গাড়িতে ওঠানোর জন্য বলি। তবে সেখান থেকে ইমরান, সাইফুল ও আপেল মাহমুদ ওঠেন। আপেল মাহমুদের নির্দেশনায় গাড়ি চলছিল। তিনি লালমাইতে তাঁর মাদ্রাসা দেখার কথা বলে নিয়ে যান। তখন রাত। মাদ্রাসা দেখার কথা বলে ঘুটঘুটে অন্ধকারের মধ্যে একটু উঁচু পাহাড়ের মতো জায়গায় গাড়ি থামানো হয়। এরপর দুইজন লোক গাড়ির দিকে আসে। আমাকে মোক্তার ভাই গাড়ির ভেতরে বসে থাকতে বলেন। ওরা চালককে বেঁধে একপাশে ফেলে রেখে মোক্তার ভাই গাড়ি চালিয়ে মাঝপথে দুইজনকে নামিয়ে দেন। বিশ্ব সড়কে (ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক) আজিজ নামের একজনকে গাড়িতে তোলা হয়। আজিজ এই চোরাই গাড়ি বিক্রি করে দেবে বলে চুক্তি করে। হোটেল নুরজাহানের সামনে এসে আমাকে নামিয়ে দিয়ে গাড়ির ভেতর আপেল, মোক্তার, ইমরান, আজিজ সভা করে। ১৫-২০ মিনিট পরে আমাদের দুইজনকে রেখে গাড়ি চালিয়ে তাঁরা কোথায় যেন চলে যান। পরে আমাদের ফোন করে রাস্তার অপর প্রান্তে পেট্রল পাম্পের দেয়ালের কাছে দাঁড়াতে বলেন। আমি ও সাইফুল সেখানে চায়ের দোকানে বসে থাকি। প্রায় আধঘণ্টা পর দেখি আপেল, মোক্তার, ইমরান গাড়ি ছাড়া হেঁটে আসছেন। আজিজ আসেননি। তারও আধঘণ্টা পরে আমরা লোকাল গাড়িতে করে সেই রাতে ঢাকার কারওয়ান বাজারে চলে যাই। মোক্তার ভাই ও আমি গোল্ডেন ইন বোর্ডিংয়ের রুম ভাড়া নিই। পরদিন সকাল সাতটায় সাইফুল আসেন। ১১টায় আপেল এবং দুপুর দুইটায় আসেন আজিজ। সন্ধ্যার দিকে মোক্তার ভাই বলেন, তিনি পাবনা যাবেন। সাইফুল বলেন, তিনি যাবেন কুমিল্লা। আমি বলি, আমার কাছে টাকা নেই। তখন মোক্তার ভাই আমাকে ২০০ টাকা দেন। এই টাকায় ট্রেনে করে চট্টগ্রামে চলে আসি।