'স্কাউটরা ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর জেলা প্রশাসক মো. আমিন উল আহসান বলেছেন, ফেনী জেলার প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কার্যকর স্কাউট থাকতে হবে। এই স্কাউটরা ভবিষ্যতে সুন্দর সমাজ গঠনে অগ্রণী ভূমিকা রাখবে।
২২ ডিসেম্বর সোনাগাজী উপজেলা শাখার আয়োজনে স্কাউট ও কাব স্কাউট সভাপতি (প্রতিষ্ঠান প্রধানদের) পরিচিতি কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সোনাগাজী বালিকা পাইলট উচ্চবিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা স্কাউটের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিনহাজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, স্কাউট কুমিল্লা অঞ্চলের উপপরিচালক ফারুক আহমেদ ও সহকারী কমিশনার (ভূমি) বিদর্শী সম্বৌধী চাকমা।
বক্তারা বলেন, দেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ যেন মাথাচাড়া দিয়ে উঠতে না পারে, সে ব্যাপারে স্কাউটদের সজাগ থাকতে হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আল মমিন, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. নুরনবী, সহকারী শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহিদুর রহমান, সোনাগাজী সদর ইউপি চেয়ারম্যান শামছুল আরেফিন, উপজেলা স্কাউটসের কমিশনার সুনীল চন্দ্র রায় প্রমুখ। এতে উপজেলার ১৫০ জন শিক্ষক অংশগ্রহণ করেন।