‘স্কুলে বিস্কুট দিয়েছে, খুব খুশি লাগছে’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্কুলে বিস্কুট দিয়েছে, খুব খুশি লাগছে। বিস্কুট দিলে প্রতিদিন স্কুলে আসব। কোনো দিন স্কুল কামাই করব না।’ স্কুল মিড ফিডিং (দুপুরের নাশতা) সরবরাহ কর্মসূচির আওতায় বিস্কুট পেয়ে হাসিমুখে এভাবে বিদ্যালয়ে যাওয়ার আগ্রহ প্রকাশ করল সোনাগাজীর রঘুনাথপুর কায়সার-রায়হান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র আবুল কাসেম। ফেনীর সোনাগাজী উপজেলার নবাবপুর ইউনিয়নের দুটি প্রাথমিক বিদ্যালয়ে ১৪ সেপ্টেম্বর থেকে স্কুলে দুপুরের নাশতা সরবরাহ কর্মসূচি শুরু হয়েছে। উদ্বোধনী দিনে বিদ্যালয় দুটির প্রায় ৫০০ শিক্ষার্থীর হাতে এক প্যাকেট করে এনার্জি বিস্কুট তুলে দেওয়া হয়। বিদ্যালয় দুটি হচ্ছে—নবাবপুর ইউনিয়নের রঘুনাথপুর (শহীদ শহীদুল্লাহ কায়সার ও জহির রায়হানের নাম অনুসারে) কায়সার-রায়হান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ও নবাবপুর শিশু নিকেতন। কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে রঘুনাথপুর কায়সার-রায়হান রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় চত্বরে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনীর জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান। সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নুরুল্লাহ নূরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান জেড এম কামরুল আনাম ও পৌরসভার মেয়র জামাল উদ্দিন। বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা খাজা মোহাম্মদ আলী, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খোরশেদ আলম, নবাবপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জহিরুল আলম ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন প্রমুখ। জেলা প্রশাসক মো. আবদুল কুদ্দুস খান বলেন, এ কর্মসূচির সুবাদে শিশুরা বিদ্যালয়ে যাওয়ার ব্যাপারে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি উৎ সাহিত হবে। শিক্ষার মান বাড়বে এবং মাঝপথে বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের ঝরে পড়ার হার কমবে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামাল উদ্দিন বলেন, এ রকম দুপুরের খাবার পাওয়ায় শিশুরা লেখাপড়ায় আরও মনোযোগী হবে। এতে শিক্ষকেরাও পাঠদানে উৎ সাহিত হবেন। আগামী ছয় মাস এ কর্মসূচি অব্যাহত থাকবে। এতে আর্থিক সহায়তা দিচ্ছেন ঢাকার মুক্তিযোদ্ধা সমাজসেবক আবদুল হাই। রফিক উদ্দিন নামে একজন দরিদ্র অভিভাবক জানান, তাঁর ছেলেটা তৃতীয় শ্রেণীতে পড়ে। কিন্তু দুপুরের খাওয়ার জন্য কিছু দিতে পারেন না বলে ছেলে বিদ্যালয়ে আসতে চাইত না। এখন থেকে তিনি ছেলেকে নিয়মিত বিদ্যালয়ে পাঠাবেন।