আরে! দোকানটা না ছিল রাস্তার অন্যদিকে, বিমান অফিসের পাশেই?এ কথা মনে হতেই ফিরে যাই অতীতে, সেই ১৯৮৪-৮৫ সালগুলোয় তেজগাঁও কলেজে এইচএসসি পড়ার দিনগুলোতে। বন্ধু মাহবুব আশরাফের সঙ্গে এই দোকানে তো তখন এসেছি আমি! মাহবুব আশরাফের অনেক নেশার মধ্যে ডাকটিকিট সংগ্রহ ছিল একটি। সেই টানেই আসা। দোতলার সিঁড়ি ভেঙে ‘সালাম স্ট্যাম্প সেন্টার’-এ ঢুকে যাঁকে দেখলাম, তিনি আরেকজন। সেই বৃদ্ধ ভদ্রলোক নন। কথা বলতেই জানা গেল, সাঈদ বিন সালাম, যাঁকে তুহীন নামে ডাকে সবাই, তিনি এই দোকানের হাল ধরেছেন চুরানব্বই থেকে। ফার্মগেটে বিমান অফিসের পাশের দোকানটিতে আগে বসতেন তাঁর বাবা।কেমন লাগে ডাকটিকিটের জগতে?‘একেবারে অন্য রকম অভিজ্ঞতা। এটা সাধারণ কোনো ব্যবসা নয়। ক্রেতা-বিক্রেতার মধ্যে পারিবারিক সম্পর্ক হয়ে যায়। যাঁরা একবার আসেন এই দোকানে, তাঁরা বারবার আসেন।’আপনি কীভাবে এই ব্যবসায় এলেন?‘স্নাতক পরীক্ষার পর কী করব বুঝতে পারছিলাম না। তত দিনে বড় ভাই চলে গেছেন মার্কিন যুক্তরাষ্ট্রে। বাবা, মা, মেজো ভাইও একসময় বেড়াতে গেলেন ভাইয়ের কাছে। তখন তাঁরা ফোনে বললেন, দোকানটা তো অনেক দিন বন্ধ থাকবে, তাই মাঝেমধ্যে এসে আমি যেন ঝাড়পোঁছ করে যাই। সেই ঝাড়পোঁছ করতে গিয়েই স্ট্যাম্পের নেশায় জড়িয়ে পড়া। আর বাবার কাছ থেকে তো এ ব্যাপারে অনুপ্রেরণা ছিলই।’কোনো আনন্দদায়ক অভিজ্ঞতা হয়েছে?‘অনেক। রুশ দূতাবাসের কর্মকর্তা আন্দ্রেই প্রুসকিন আমার কাছ থেকে স্ট্যাম্প কিনতেন। এমন ভালো মানুষ আমি কম দেখেছি। যেদিন তিনি বাংলাদেশ ছেড়ে গেলেন, সেদিন আমার এই দোকানের দরজায় দাঁড়িয়ে আমাকে জড়িয়ে ধরে কত কাঁদলেন।’খারাপ অভিজ্ঞতা?‘সেও কম নয়। বছর চারেক আগের ঘটনা। এক ভদ্রলোক বিপদে পড়ে একটি সোনার কয়েন বিক্রি করতে দিয়েছিলেন আমাকে। এ সময় একজন ফিটফাট মানুষ দিন সাতেক এলেন দোকানে। কয়েনটি দেখে বললেন, “আমি এটা আমার বসকে উপহার দিতে চাই। সন্ধ্যায় একসঙ্গে ইফতার করব। তখন টাকা দিয়ে যাব।” সেই যে গেলেন, আর ফিরলেন না। আর যোগাযোগই করলেন না।’কত টাকা দাম ছিল সেটার?‘২২ হাজার টাকা। সেই টাকা আমাকেই শোধ করতে হয়েছিল।’ডাকটিকিটের দাম ঠিক করেন কী করে?‘আসলেই বোকার মতো প্রশ্ন। কে না জানে, ক্যাটালগ দেখেই দাম ঠিক করা যায়। ব্যবসা তো আর এক দিনের নয় যে উল্টোপাল্টা দাম চেয়ে খদ্দের হারাবেন তিনি। বাজারমূল্য জানাই থাকে ক্রেতাদের।’বাড়িতে কে কে আছেন?‘আমাদের যৌথ পরিবার। বাবা, মা, স্ত্রী, ছেলে আর মেয়েকে নিয়ে থাকি।’খাওয়াদাওয়া?‘আমি আসলে সকাল ১০টার দিকে একবার খাই, আর রাতে বাড়িতে ফিরে নয়টার দিকে আরেকবার খাই।’কেমন লাগে স্ট্যাম্পের সঙ্গে থাকতে?‘জানেন, স্ট্যাম্প ছাড়া আমার আর কোনো স্বপ্ন নাই। আমি খুব উপভোগ করি। আমি তো খুব উচ্চাভিলাষী নই, কোনোভাবে খেয়েপরে বাঁচতে পারলেই হলো। বাড্ডা থেকে ফার্মগেটে আসি, নানা মানুষের সঙ্গে আলাপ হয়, নানা দেশের স্ট্যাম্পের সঙ্গে পরিচিত হই, আর কী চাই জীবনে?’ সত্যিই, ডাকটিকিট এতটা পূর্ণতা দিতে পারে মানুষকে! বিদায়ের সময় ৩৯ বছর বয়সী সাঈদ বিন সালাম বললেন, ‘একটু চা খেয়ে যান।’