‘স্তম্ভ দেখে পাঁচ বছর পার’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের তিন গ্রামের মানুষ সোনাইছড়ি খালে শুধু স্তম্ভ (পিলার) দেখে পাঁচ বছর সময় পার করেছে। সেতুটি আদৌ হবে কি না জানে না গ্রামবাসী। অথচ খালের পানি মাড়িয়ে চলাচল করতে গিয়ে তিন গ্রামের তিন হাজার মানুষ প্রতিদিন দুর্ভোগের শিকার হচ্ছে। এলাকাবাসী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ২০০৩-০৪ অর্থবছরে পারুয়া ইউনিয়নের রফিক উল্লাহ সড়কের সোনাইছড়ি খালের ওপর ৫০ ফুট দৈর্ঘ্য ও আট ফুট প্রশস্ত সেতু নির্মাণের জন্য প্রায় ৬০ লাখ টাকা বরাদ্দ দেয়। এডকো কনস্ট্রাকশন কোম্পানির আওতায় ঠিকাদার জাহাঙ্গীর সাত্তার ওরফে টিংকু সেতুটির নির্মাণকাজের দায়িত্ব পান। ২০০৩ সালের ডিসেম্বরে সেতুটির নির্মাণকাজ শুরু হয়। ২০০৬ সালের মাঝামাঝিতে এর নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়।পারুয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুস সাত্তার জানান, সড়কের দেড় কিলোমিটার অংশের সংস্কারকাজসহ সেতুটির নির্মাণকাজ ২০০৪ সালের ডিসেম্বরে শেষ করার কথা থাকলেও ঠিকাদার গড়িমসি করে ২০০৬ সালের জুন পর্যন্ত সেতুর কাজ চালিয়ে যান। এর মধ্যে সেতুটির দুপাশে দুটি, মাঝখানে দুটি স্তম্ভ নির্মাণ করা হয়। এরপর ছাদের কাজ শেষ না করেই ওই সময় সেতুটির নির্মাণকাজ বন্ধ করে দেওয়া হয়। পারুয়া ইউনিয়নের মধ্যম পারুয়া, জঙ্গল পারুয়া ও ছৈয়দনগর গ্রামের প্রায় তিন হাজার মানুষ রফিক উল্লাহ সড়কের ওপর দিয়ে যাতায়াত করে। কিন্তু সোনাইছড়ি খালের ওপর একটি সেতুর অভাবে তিন গ্রামের মানুষ বছরের পর বছর ভোগান্তি পোহাচ্ছে। জঙ্গল পারুয়া গ্রামের কৃষক ওয়াহিদুজ্জামান (৪৬) জানান, গ্রামের বিভিন্ন বিল ও পাহাড়ি এলাকায় প্রতিবছর প্রচুর পরিমাণে মৌসুমি ফল, শাকসবজি ও ধান উৎপাদিত হয়। ঘরে ঘরে লালন করা হয় গরু, ছাগল, মহিষ ও ভেড়া। এগুলো বিক্রির জন্য সোনাইছড়ি খাল পাড়ি দিয়ে রাঙ্গুনিয়ার বিভিন্ন বাজারে যেতে হয়। তাও শুষ্ক মৌসুমে যেমন তেমন, বর্ষা মৌসুমে এ খাল পাড়ি দিতে কষ্টের সীমা থাকে না। এমনকি ইউনিয়নের মূল অংশের সঙ্গে তিন গ্রামের মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেতুর নির্মাণকাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘সেতুর কাজ ৮০ ভাগ শেষ হলেও তত্কালীন সরকারের স্থানীয় সরকার বিভাগ বরাদ্দ করা অর্থ সরবরাহ করেনি। পরে ২০০৭ সালের শুরুর দিকে তত্ত্বাবধায়ক সরকার সেতুর নির্মাণকাজের ঠিকাদার জাহাঙ্গীর সাত্তার ওরফে টিংকুকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠালে সেতুর কাজ চালিয়ে যাওয়া সম্ভব হয়নি।’ উপজেলা প্রকৌশল কর্মকর্তা হাসান আলী প্রথম আলোকে বলেন, সেতুটির নির্মাণকাজ যথাসময়ে শেষ করতে না পারায় স্থানীয় সরকার পরিষদ ঠিকাদারি প্রতিষ্ঠানকে দেওয়া নির্মাণকাজের আদেশ প্রত্যাহার করে নেয়। সেই থেকে সেতুটির নির্মাণকাজের নতুন কার্যাদেশের জন্য উপজেলা কার্যালয় থেকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরে পাঁচবার প্রতিবেদন দাখিল করা হয়। প্রয়োজনে আবারও প্রতিবেদন পাঠানো হবে বলে তিনি জানান। উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আজম সিদ্দিকী প্রথম আলোকে বলেন, এলাকার উন্নয়ন ও জনস্বার্থে সেতুটির নির্মাণকাজ দ্রুত সম্পন্ন করা দরকার। সেতুটির নির্মাণকাজের নতুন আদেশ পাওয়ার লক্ষ্যে তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠাবেন বলে জানান।