‘স্থিতিশীল’ তিব্বতে মুখ খুলতে মানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০০৮ সালের মার্চে বড় ধরনের দাঙ্গার পর তিব্বতের ব্যাপারে চীনের সন্দেহ বেড়ে গেছে বহু গুণ। অলিম্পিক শুরুর কয়েক সপ্তাহ আগে লাসাসহ প্রধান প্রধান শহরে স্থানীয় তিব্বতি ও চীনা বংশোদ্ভূত বাসিন্দাদের মধ্যে হানাহানি শুরু হয়। বৌদ্ধ ভিক্ষুরা শান্তিপূর্ণ বিক্ষোভ করতে রাস্তায় নেমে এলে চীনা সেনারা তাদেরও পাইকারি হারে আটক করে। তিব্বতের নির্বাসিত আধ্যাত্মিক নেতা দালাই লামাকে এ দাঙ্গা উসকে দেওয়ার জন্য দায়ী করেছিল চীন।তিব্বতের পরিস্থিতি এখন শান্ত। আর চীনের ভাষায়, তিব্বত এখন সম্পূর্ণরূপে ‘স্থিতিশীল’। চীন মনে করে ‘বিশৃঙ্খলা’ দমন করায় তিব্বতের মানুষ এখন আগের যেকোনো সময়ের চেয়ে শান্তিতে আছে। তবে বিভিন্ন মানবাধিকার সংস্থা ও গণমাধ্যমের কর্মীরা বলছেন, চাপা ক্ষোভ নিয়ে তিব্বতিদের দিন কাটছে। তারা যে সেখানে ভালো নেই, নিজভূমে পরবাসী হয়ে আছে এ কথাটুকু বলার স্বাধীনতাও নেই। চীন সরকারের অগণিত চর সার্বক্ষণিক তাদের গতিবিধির ওপর নজর রাখছে।বিবিসির সাংবাদিক ড্যামিয়ান গ্রামাটিকাস সম্প্রতি তিব্বত সফর করে এসে একটি প্রতিবেদন লিখেছেন। এতে তিনি বলেছেন, দুই বছর ধরে তিব্বতে বিদেশি সাংবাদিকদের যেতে দেওয়া হয়নি বললেই চলে। যারা যাওয়ার অনুমতি পাচ্ছে, চীন সরকার তাদের গতিবিধির ওপর কড়া নজর রাখছে।ড্যামিয়ান বলেছেন, তাঁকেসহ কয়েকজন বিদেশি সাংবাদিককে সম্প্রতি তিব্বত যাওয়ার অনুমতি দেওয়া হয়। তবে সঙ্গে কয়েকজন চীনা ‘গাইড’ জুড়ে দেওয়া হয়। সফরের সূচি আগে থেকে নির্ধারিত ছিল। ড্যামিয়ানরা যতক্ষণ তিব্বতে ছিলেন ততক্ষণই তাঁদের সঙ্গে ওই চীনারা ছিলেন। তিব্বতিদের সঙ্গে তাঁদের কথা বলার তেমন সুযোগই দেওয়া হচ্ছিল না। সর্বত্র পুলিশ এসকর্ট নিয়ে চলতে হয়েছে ওই সাংবাদিকদের। পথে পথে তাঁরা বিশাল সব সেনাবহরও দেখতে পান। সব মিলিয়ে স্পর্শকাতর তিব্বতকে নিয়ন্ত্রণের ব্যাপারটা নিয়ে চীনের অস্বস্তিটা স্পষ্ট ছিল।ড্যামিয়ানরা যখন রাজধানী লাসায় নির্বাসিত দালাই লামার একসময়ের নিবাস পোটালা প্রাসাদ দেখতে যান তখন সেখানে চীনা পর্যটকদের বেশ ভিড়। বিশেষ করে বছরকয়েক আগে তিব্বত পর্যন্ত একটি রেললাইন নির্মিত হওয়ার পর থেকে অঞ্চলটিতে চীনাদের যাতায়াত বহুগুণে বেড়েছে। এ সময় লাউড স্পিকারে সংখ্যাগরিষ্ঠ চীনাদের জবান ‘হান’ ভাষার দেশাত্মবোধক গান বাজছিল। গানের বিষয়বস্তু, দেশের পশ্চিম প্রান্তের উন্নয়ন। তিব্বতের অবস্থান চীনের মানচিত্রের ওই দিকেই।তিব্বত বিশ্ববিদ্যালয়ে গিয়ে দেখা গেল সেখানকার আধুনিক ভবনগুলোর শীর্ষে চীনের পতাকা উড়ছে। সাংবাদিকেরা তিব্বতি ছাত্রদের সঙ্গে কথা বলতে গেলেই নিরাপত্তাকর্মীরা ছুটে এসে তাঁদের সেখান থেকে সরিয়ে দেয়। ড্যামিয়ান বলেছেন, তিব্বতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৌদ্ধমন্দির জোখাংয়ে তিনি তাঁর আশপাশে অন্তত চারজন সাদা পোশাকের গোয়েন্দাকে ঘোরাঘুরি করতে দেখেছেন।এ মন্দিরের কাছেই ২০০৮ সালের দাঙ্গার সূত্রপাত হয়। দাঙ্গার পর এভাবেই একদল সাংবাদিককে সেখানে আনা হয়েছিল। সেবার সাংবাদিকদের উপস্থিতিতে মন্দিরের ভিক্ষুরা চিত্কার করে বলেছিলেন, তিব্বতে স্বাধীনতা নেই। চীনা নীতির বিরুদ্ধে এটা ছিল একটি ব্যতিক্রমধর্মী প্রতিবাদ।ড্যামিয়ানরা ওই প্রতিবাদী ভিক্ষুদের পরিণতি কী হয়েছিল জানতে চাইলে নোরগে নামের এক যুবককে হাজির করা হয়। প্রশ্ন শুনে নোরগে মুখ নিচু করে ফেলেন। পরে বলেন, তিনি দেশপ্রেমের আলোকে নতুন করে শিক্ষাগ্রহণ করেছেন এবং তাঁর ভুল বুঝতে পেরেছেন। ওই ভিক্ষুরা তিব্বতে স্বাধীনতা নেই বলতে কী বুঝিয়েছিলেন সাংবাদিকেরা তা জানতে চাইলে নোরগে বিব্রতভাবে পাশে দাঁড়ানো এক ভিক্ষুর দিকে চেয়ে তাঁকে বললেন, ‘কী বলব?’ ভিক্ষুটি নোরগের হয়ে যে ছেলেভোলানো উত্তরটি দিলেন তা হলো: স্বাধীনতা নেই বলতে বোঝানো হয়েছিল গোলযোগের সময় ভিক্ষুদের মন্দিরের বাইরে যাওয়ার স্বাধীনতা ছিল না।এত কড়াকড়ির পরও হয়তো সত্য চেপে রাখা যায় না। সাংবাদিকেরা যখন নোরগেকে জিজ্ঞেস করলেন, তিনি দালাই লামাকে শ্রদ্ধা করেন কি না, তখন তিনি মৃদুকণ্ঠে হ্যাঁ-সূচক উত্তরই দেন। কিন্তু সরকারি দোভাষী সাংবাদিকদের বললেন, ওই ভিক্ষু জবাবে ‘না’ বলেছেন। জোখাং মন্দিরের আশপাশের ছাদগুলোতে ড্যামিয়ান বন্দুকধারী প্রহরী দেখতে পান যারা চারপাশে সমবেত তিব্বতি পুণ্যার্থীদের ওপর নজর রাখছিল। আশপাশে সার্বক্ষণিক পুলিশ টহল ছিল। ক্লোজ সার্কিট ক্যামেরায় নিরন্তর বন্দী হচ্ছিল চারপাশের কার্যকলাপ।সফরের একপর্যায়ে বিদেশি সাংবাদিকদের ‘স্বশাসিত তিব্বত অঞ্চল’-এর ভাইস চেয়ারম্যান হাও পেংয়ের সঙ্গে সাক্ষাৎ করতে নিয়ে যাওয়া হয়। হাও পেং জাতিতে চীনা এবং ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি যে কয়েকজনকে এই বিশেষ অঞ্চলটি দেখভালের দায়িত্ব দিয়েছে তার একজন। তিনি সাংবাদিকদের জোর দিয়ে বলেন, তিব্বতের মানুষ তাঁদের অবস্থায় সুখী। তাঁরা এযাবত্কালের মধ্যে সবচেয়ে উন্নয়নের ছোঁয়া পেয়েছে বলে চীনকে ভালোবাসে। তাঁরা কমিউনিস্ট পার্টিকে ভালোবাসে। ভাইস চেয়ারম্যান বলেন, দালাই লামার নেতৃত্বাধীন বাইরের শক্তি যাতে গোলযোগ বাঁধাতে না পারে সে জন্যই তাঁদের অনুরোধে চীন তিব্বতে সেনাবাহিনী মোতায়েন করেছে। দালাই লামার লোকজন আর আন্তর্জাতিক মহলের কিছু চীনবিরোধী শক্তি তিব্বতে গোলমাল পাকানোর ষড়যন্ত্রে লিপ্ত বলে দাবি করেন হাও পেং। তবে সাংবাদিক ড্যামিয়ান বলেন, তাঁদের চাক্ষুষ অভিজ্ঞতা বলছে, পেংয়ের বক্তব্যের সঙ্গে সত্যের মিল নেই। বাস্তবতা হলো, তিব্বতিরা চীন সরকারের সমালোচনা করার সুযোগই পায় না। গণমাধ্যমের কাছে সরকারের বিরুদ্ধে কোনো কথা বললে তিব্বতিদের ধরে নির্যাতন করা হয়। নির্যাতনের ভয়ে তাঁরা বিদেশি সাংবাদিকদের কাছে ‘সুখে আছি’, ‘শান্তিতে আছি’ বলতে বাধ্য হয়।