'স্বপ্ন দেখানোই আমার কাজ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাশেদ হাসান
রাশেদ হাসান

কথার জাদুতে মানুষ ভোলান। মঞ্চে যাঁর কণ্ঠে দর্শকেরা স্বপ্ন দেখেন, উজ্জীবিত হন। তিনি আবৃত্তিশিল্পী রাশেদ হাসান। আবৃত্তি ও উপস্থাপনা দুই ক্ষেত্রেই রাজত্ব তাঁর। তবে আবৃত্তিই হচ্ছে তাঁর ভালোবাসার জায়গা। স্বপ্ন ফেরি করেন শ্রেণী বৈষম্যহীন এক অসাম্প্রদায়িক বাংলাদেশের। সম্প্রতি প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে আড্ডায় সবিস্তারে বলেন পথচলার দীর্ঘ পথের কাহিনি।
২৫ বছর ধরে মঞ্চে। শুরুর গল্পটা কেমন? বললেন, ‘প্রথমে একেবারেই ভালোবাসার জায়গা থেকেই আবৃত্তি ও থিয়েটারে কাজ শুরু করি। পরে এক ধরনের দায়বদ্ধতা কাজ করে। সে থেকেই ১৯৯০ সালে গড়ে তুললাম প্রমা আবৃত্তি সংগঠন। এভাবেই ধীরে ধীরে আজকের জায়গায়।’ তাঁর মতে, শুধু বিনোদনের জন্য শিল্পচর্চা নয়। দুই অক্ষরের শিল্পী শব্দটা অনেক গভীর। তিনি বলেন, ‘যে মাটিতে দাঁড়িয়ে আবৃত্তি করছি সেই মাটির প্রতি দায়বদ্ধতা। শিল্পী হিসেবে যখন মঞ্চে দাঁড়াচ্ছি তখন কিছু মানুষ ভালোবাসছে এবং বাসবে তাদের কী বার্তা দিচ্ছি, সেটা বড় ব্যাপার হয়ে দাঁড়ায় আমার কাছে।’ তিনি আবৃত্তিকে প্রসাধনপ্রিয় শৌখিন মাধ্যম হিসেবে দেখতে নারাজ।
একজন শিল্পী হিসেবে তৃপ্তির জায়গাটাতে পৌঁছাতে পেরেছেন? এমন প্রশ্নের উত্তরে বলেন, ‘কোনো শিল্পীই মূলত তৃপ্ত না। একটা কিছুর পেছনে লেগে থাকলে সাফল্য আসবেই। কিন্তু আবৃত্তি করলাম হাততালি পেলাম এখানে কী আমার কাজ শেষ? আমরা ক্রমাগত স্বপ্নহীন হয়ে যাচ্ছি, একটা তরুণকে স্বপ্ন দেখানোই আমাদের কাজ। হতে পারে ছোট পরিসরে। কিন্তু আমরা সবাই একই মতের। রাষ্ট্রীয় বিভিন্ন সংকটে আর কিছু না হোক আমরা রাস্তায় দাঁড়িয়েছি। গলা মিলিয়ে প্রতিবাদ করেছি।’
দেশ-বিদেশে তো কবিতা পড়ছেনই আর সারা বছরই দেখা যায় বিভিন্ন অনুষ্ঠানের উপস্থাপনায়। শেষ পর্যন্ত নিজের জন্য কী কোনো সময় থাকে। এক গাল হেসে বলেন, আবৃত্তি তো ভালোবাসি আর উপস্থাপনা যদিও ভালো লাগে না কিন্তু করতে হয় অনুরোধে।
অবসর কাটে কীভাবে জানতে চাইলে বলেন, ‘গান শুনি, বই পড়ি। সৈয়দ শামসুল হকের ঈর্ষা আমার একটা প্রিয় স্ক্রিপ্ট। আর রবীন্দ্রনাথ, জীবনানন্দ তো আছেনই।’
রাশেদ হাসান ২০০৪ সালে সাউন্ড ক্যাসেলের আয়োজনে লন্ডনে ব্র্যাডি আর্টস অ্যান্ড কমিউনিটি সেন্টার, ২০০৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের দারভাঙ্গা হলে মঞ্জুষ দাশগুপ্ত স্মৃতি সংসদের আয়োজনে সারা বাংলা আবৃত্তি অভিযান উৎসব ও ২০১২ সালে আবৃত্তি সংগঠন কবিতালোকের আমন্ত্রণে ভারতের আগরতলায় নজরুল কলাক্ষেত্রে একক আবৃত্তি পরিবেশন করেন।
এ ছাড়া নিয়মিত দেশে-বিদেশে আবৃত্তি করে চলেছেন। আবৃত্তিচর্চায় স্বীকৃতিও পেয়েছেন বহুবার। ১৯৯৬ সালে জাতীয় শিক্ষা সপ্তাহে কলেজ বিশ্ববিদ্যালয় বিভাগে আবৃত্তিতে জাতীয় পর্যায়ে স্বর্ণপদক তাঁর মধ্যে অন্যতম। নির্দেশনা দিয়েছেন ‘স্মৃতি-৭১’, ‘পরানের গহীন ভিতর’, ‘সবকিছু নষ্টদের অধিকারে যাবে’, ‘কথা মানবীর ভাষ্য’, ‘মানুষ জাগবে ফের’সহ বেশ কিছু আবৃত্তি প্রযোজনায়। ১৯৯৯ সাল থেকে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য ও ২০১১ সাল থেকে চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক। এ ছাড়া বর্তমানে পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রামের যুগ্ম সাধারণ সম্পাদক ও সম্মিলিত আবৃত্তি জোট চট্টগ্রামের সাধারণ সম্পাদক।