'স্বপ্ন দেখি, আমার গান থাকবে সবার মুখে মুখে'

নাজমা সুইটি। সংগীতশিল্পী। গান করছেন এক যুগের বেশি সময় ধরে। একসময় হেঁটেছেন র্যা ম্পেও। অংশ নেন লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায়। গত ২৪ ফেব্রুয়ারি তাঁর সঙ্গে কথা হয় প্রথম আলো চট্টগ্রাম কার্যালয়ে
যত ব্যস্ততা...
মঞ্চের গান নিয়েই ব্যস্ততা বেশি। এ জন্য আসা-যাওয়া চলছে ঢাকা-চট্টগ্রাম। তা ছাড়া শিল্পী আরেফিন রুমীর সঙ্গে দ্বৈত একটি অ্যালবামের কাজ চলছে জোরেশোরে। শিগগির বাজারে আসবে অ্যালবামটি। এটির নাম মন শুধু তোমাকে চায়। অ্যালবামে সাতটি গান থাকবে। চারটি দ্বৈত ও তিনটি আমার একক। ইতিমধ্যে অ্যালবামের ‘মন শুধু তোমাকে চায়’ গানটি ভিডিওসহ জনপ্রিয় ওয়েবসাইট ইউটিউবে আপলোড হওয়ার পর বেশ সাড়া পাওয়া গেছে। আরেকটি গান ‘ইংরেজি বিট’ ইউটিউবে প্রচার শুরু হবে ২৬ মার্চ থেকে। আশা করছি এটিও শ্রোতারা পছন্দ করবেন।
শুরুর কথা...
ছোটবেলা থেকে গানের সঙ্গে সখ্য আমার। সাত বছর বয়সে সংগীত নিকেতনে প্রাতিষ্ঠানিকভাবে শেখা শুরু। সেখান থেকে হাতেখড়ি। এরপর তালিম নিয়েছি ওস্তাদ মিহির লালার কাছে। এর মধ্যে ২০০৬ সালে গঠন করি সংগীত দল ‘সাউন্ড ভাইরাস’।
যেটি এখনো ধরে রেখেছি। এ দলের মাধ্যমে অনুষ্ঠান করি আমরা। মজার ব্যাপার হচ্ছে, একটি প্রতিষ্ঠানের হয়ে এই দলটি চষে বেড়িয়েছে দেশের ৫৩টি জেলা। সবখানেই শ্রোতাদের মন জয় করেছি আমরা।
আমার অর্জন...
জাতীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়া খুব কম হয়েছে। স্কুলজীবন থেকে নানা সংগঠনের সঙ্গে জড়িত ছিলাম। সংগঠনের কাজ নিয়ে ব্যস্ততা ছিল। অবশ্য ১৯৯৮ সালে নতুন কুঁড়িতে সেরা পাঁচজনে ছিলাম। তবে আমার কাছে বড় অর্জন মনে হয়, শ্রোতাদের মন জয়। সেটি করার জন্য নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছি।
এবং মডেলিং...
মডেলিং আমার শখ। গানের পাশাপাশি র্যা ম্পও আমার ভালো লাগার একটি জায়গা। অনেক দিন কাজ করেছি এই ক্ষেত্রটিতে। ২০০২ সালে অংশ নিই লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায়। ওই বছর প্রতিযোগিতায় সেরা ২০ জনের মধ্যে ছিলাম।
আমার প্রেরণা...
অলকা ইয়াগনিকের গান আমি মন্ত্রমুগ্ধের মতো শুনি। তাঁকে অনুসরণ করি। এ ছাড়া সাবিনা ইয়াসমিন ও কনকচঁাপার গান ভালো লাগে। আমার অবসর সময় কাটে তাঁদের গান শুনে। তবে বড় প্রেরণা তো আমার স্বামী আলী আকবর সুমন। তাঁর ও পরিবারের সহযোগিতায় এত দূর আসা।
ভবিষ্যতের পথচলা...
গান আমার সবটা জুড়ে। স্বপ্ন দেখি, আমার গান সবার মুখে মুখে থাকবে। শ্রোতাদের মনে সারা জীবনের জন্য ঠাঁই করে নিতে চাই।
সাক্ষাৎকার: আশরাফ উল্লাহ