'স্বপ্নের বাংলাদেশ গড়তে সব সম্প্রদায়ের মানুষকে এক হতে হবে'
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর রানা দাশ গুপ্ত বলেছেন, যে স্বপ্ন নিয়ে এ দেশের মানুষ মুক্তিযুদ্ধ করেছিলেন, আমরা সেই স্বপ্নের বাংলাদেশ গড়তে চাই। এই লক্ষ্যে সব সম্প্রদায়ের মানুষকে এক হতে হবে। মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকেও ঐক্যবদ্ধ হতে হবে।
৬ জানুয়ারি সন্ধ্যায় পটিয়া উপজেলার ধলঘাট ইউনিয়নের আলামপুর শ্রী শ্রী বাসন্তী বিগ্রহ বাড়ির লোকনাথ মন্দিরের ফলক উন্মোচন ও সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্দিরের উপদেষ্টা সুভাষ দত্তের সভাপতিত্বে এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা পূজা পরিষদের সাধারণ সম্পাদক তাপস দের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিথি ছিলেন পটিয়ার ধলঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনবীর ঘোষ। প্রধান বক্তা ছিলেন শ্রীশ্রী জন্মাষ্টমী উদ্যাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক চন্দন তালুকদার, বিশেষ অতিথি ছিলেন পটিয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি দিলীপ ভট্টাচার্য, বাংলাদেশ আইনজীবী ঐক্য পরিষদের চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক প্রণব মজুমদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রবোধ রায় চন্দন প্রমুখ। এর আগে প্রধান অতিথি ফলক উন্মোচনের মাধ্যমে শ্রীশ্রী লোকনাথ মন্দিরের নবনির্মিত ভবনের উদ্বোধন করেন।