‘স্মরণ’-এ নেই আটজনের নাম
মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গ করা ১৫ জনের মধ্যে আটজনের নাম স্মৃতিস্তম্ভের নামফলকে নেই। ২০০৯ সালে তৎকালীন উপাচার্য আবু ইউসুফের (প্রয়াত) প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শহীদদের স্মৃতি ধরে রাখতে ‘স্মরণ’ নামের ওই স্তম্ভ নির্মাণ করে। এটির নকশা করেন বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের শিক্ষক সাইফুল কবির। এ প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) মো. আলাউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শিক্ষক-শিক্ষার্থী-কর্মকর্তা-কর্মচারী শহীদ হয়েছেন বলে আমরা বিভিন্ন মাধ্যমে শুনেছি। তবে আট শহীদ ছাড়া অন্যদের পূর্ণাঙ্গ ছবি ও ঠিকানা ছিল না।’ তাঁদের ছবি ও ঠিকানা পাওয়া গেলে স্মৃতিফলকে নাম দেওয়া হবে কি না জানতে চাইলে তিনি বলেন, তাঁদের নাম দেওয়ার বিষয়টি চিন্তাভাবনা করা যেতে পারে। তবে এ বিষয়ে শিল্পীর সঙ্গে আলোচনা করা দরকার।বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রকাশনা ও নথিপত্রে দেখা যায়, মুক্তিযুদ্ধে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১৫ জন শহীদ হন। বিশ্ববিদ্যালয়ের একমাত্র খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা শহীদ মোহাম্মদ হোসেন বীর প্রতীক, প্রকৌশল দপ্তরের প্রভাস কুমার বড়ুয়া, চাকসুর সাধারণ সম্পাদক ও ইতিহাস বিভাগের ছাত্র শহীদ আবদুর রব, একই বিভাগের ছাত্র ফরহাদ-উদ-দৌল্লা, সমাজতত্ত্ব বিভাগের ইফতেখার উদ্দিন মাহমুদ, অর্থনীতির নাজিম উদ্দিন খান এবং প্রহরী ছৈয়দ আহমদের স্মরণে এটি নির্মাণ করা হয়। নামফলকে খণ্ডকালীন শিক্ষক অবনী মোহন দত্ত, রাজনীতিবিজ্ঞান বিভাগের ছাত্র আবুল মনসুর, বাংলা বিভাগের মোহাম্মদ হোসেন, মনিরুল ইসলাম ও মোস্তফা কামাল, অর্থনীতি বিভাগের ছাত্র আবদুল মান্নান, খন্দকার এহসানুল হক আনসারি এবং ইংরেজি বিভাগের ছাত্র আশুতোষ চক্রবর্তীর নাম উল্লেখ করা হয়নি।স্মৃতিস্তম্ভে সব শহীদের নাম উল্লেখ না থাকাটা শহীদদের প্রতি অবমাননা বলে মন্তব্য করেছেন শহীদজায়া বেগম মুশতারী শফী। শহীদদের পূর্ণাঙ্গ ঠিকানা প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার কাছ থেকে ভাইয়ের ছবি ও ঠিকানা নিয়ে গেছে অনেক আগে। সব শহীদের পূর্ণাঙ্গ তথ্য বিশ্ববিদ্যালয়ের সংরক্ষণাগারে (আর্কাইভ) রয়েছে।’উল্লেখ্য, শহীদ খন্দকার এহসানুল হক আনসারী বেগম মুশতারী শফীর ছোট ভাই। যোগাযোগ করলে ‘মুক্তিযুদ্ধের গবেষক’ ও ইতিহাস বিভাগের শিক্ষক মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, ‘‘মুক্তিযুদ্ধে বিশ্ববিদ্যালয় পরিবারের ১৫ জন শহীদ হন। কিন্তু ‘স্মরণ’ স্মৃতিস্তম্ভে উল্লেখ করা হয়েছে মাত্র সাতজনের নাম। অন্য আট শহীদের নাম বাদ যাবে কেন?’’ তিনি সব শহীদের নাম স্মৃতিস্তম্ভে সংযোজনের দাবি জানান।