'স্মৃতি ভেজা রুমালের স্নিগ্ধ ঘ্রাণ'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্মৃতি ভেজা রুমালের স্নিগ্ধ ঘ্রাণ’ এমন শিরোনামে শুরু হওয়া আবৃত্তির আসর সত্যিকার অর্থেই স্নিগ্ধতায় ভরিয়ে তুললেন ভারত ও বাংলাদেশের শব্দশিল্পীরা। তাঁদের কণ্ঠসুধায় মুগ্ধ দর্শক। দুই দেশের আবৃত্তি শিল্পীদের নিয়ে গত ২৯ মে সন্ধ্যা সাড়ে ছয়টায় থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম মিলনায়তনে অনুষ্ঠিত এই আসরের আয়োজক ছিল প্রমা আবৃত্তি সংগঠন।
কয়েক পর্বে বিভক্ত অনুষ্ঠানে ছিল আবৃত্তি, কথামালা ও শ্রুতি নাটক। অনুষ্ঠানের শুরুতে আবৃত্তি পরিবেশন করেন ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য মুনির হোসেন। তিনি আবৃত্তি করেন ‘কবিকে কথা বলতে দাও’, ‘বালিকা’ ও ‘তোমাদের কাছের শহর থেকে’ শিরোনামের কবিতাগুলো। এরপর কুমিল্লার আবৃত্তিশিল্পী কাজী মাহাতাব সুমন ‘বাংলাদেশ’, ‘কর্ণ’ ও ‘জেলখানার চিঠি’ শিরোনামের কবিতাগুলো শুনিয়ে মুগ্ধ করেন দর্শকদের। বাংলাদেশের আবৃত্তিশিল্পীদের পরিবেশনার পর ছিল আলোচনা পর্ব। বিশ্বজিৎ পালের সঞ্চালনায় এই পর্বের উদ্বোধন করেন ভারতীয় সহকারী হাইকমিশনার সোমনাথ হালদার। তিনি বলেন, ‘আমাদের ভাষা ও সংস্কৃতি এক। রবীন্দ্রনাথ যদি আমাদের প্রাণ হয়, নজরুল আমাদের মন। আমরা মানুষ, আজ এই পরিচয়ই আমাদের কাছে বড় হয়ে উঠুক।’
আবৃত্তিশিল্পী রাশেদ হাসানের সভাপতিত্বে কথামালায় অংশ নেন চট্টগ্রামের জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার দেবদাস ভট্টাচার্য, স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা দেবাশীষ নন্দী, কবি ও সাংবাদিক ওমর কায়সার, মানজুর মুহাম্মদ প্রমুখ।
কথামালা শেষে ছিল রাশেদ হাসানের গ্রন্থনা ও নির্দেশনায় ‘জয় নিপীড়িত জনগণ জয়’ শিরোনামের বৃন্দ আবৃত্তির পরিবেশনা। এতে অংশ নেন প্রমার আবৃত্তিশিল্পীরা। এরপর মঞ্চে আসেন ভারতের আগরতলার আবৃত্তিশিল্পী শিল্পী মনীষা পাল চৌধুরী ও সিদ্ধার্থ হালদার। তাঁরা পরিবেশন করেন শ্রুতি নাটক কৃষ্ণচূড়া।
কলকাতার আবৃত্তিশিল্পী কাজল ভট্টাচার্য ও অনিন্দিতা মিত্রের আবৃত্তি পরিবেশনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করেছে। বিশেষ করে ‘আগুনের ফুলকি ছোটে’, ‘পূর্ব-পশ্চিম’, ‘হাঁস’ ও ‘শুভেচ্ছা’ শিরোনামের কবিতাগুলো শুনিয়ে দর্শকদের মুগ্ধতার ঢেউয়ে ভাসান অনিন্দিতা।
অনুষ্ঠানের শেষ পর্বে মঞ্চ মাতান ভারতের কলকাতার আবৃত্তি সংগঠন শ্রুতিবৃন্দের শিল্পীরা। ‘ওগো প্রেমিক ওগো পথিক’ শিরোনামের প্রযোজনাটি উপস্থাপন করেন আবৃত্তিশিল্পী শুভদীপ চক্রবর্তী ও সম্বুদ্ধ চ্যাটার্জি। প্রায় তিন ঘণ্টার এই আসরে মনে রাখার মতো ছিল বেশ কিছু পরিবেশনা উপস্থাপন করেছেন শিল্পীরা।