‘স্যার আঁর বয়স্কভাতার বই হত্তে পায়উম’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘স্যার আঁই তিন দিন ধরি উয়্যাশ। খাওয়ানর মতো আপন বলতে কেউ নাই। আপন আছিল বয়স্কভাতার বই। ঐ বই হাড়ি লইয়্যে মহিলা মেম্বার দিলরুবা মালেক। বউত খুঁইজ্জি, নঅ দে স্যার। স্যার আঁর বই হত্তে পায়উম।’ (স্যার আমি তিন দিন ধরে উপোস। খাওয়ানোর মতো আপন বলতে কেউ নেই। আপন ছিল বয়স্কভাতার বই। ওই বই কেড়ে নিয়েছেন মহিলা মেম্বার দিলরুবা মালেক। অনেক খুঁজেছি, দেননি স্যার। স্যার আমি বই কবে পাব)। গত রোববার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এসে এভাবেই ইউপি সদস্যার বিরুদ্ধে অভিযোগ করলেন ৮০ বছরের বৃদ্ধা জনিফা বেগম। একই অভিযোগ শোনা গেল বৃদ্ধা আনোয়ারা বেগম, জুলেহা বেগম, বিধবা রহিমা বেগমসহ অনেকে।জনিফার বাড়ি মহেশখালীর হোয়ানক ইউনিয়নের কালালিয়াকাটা গ্রামে। তাঁর এক ছেলে, এক মেয়ে। মেয়ে জাহেদা বেগমকে কোনো রকম কষ্ট করে প্রায় ২০ বছর আগে বিয়ে দেন। ছেলে রশিদ আহমদ জনিফাকে ছেড়ে এক যুগ আগে আলাদা হয়ে যান। তারও আগে মারা যান স্বামী উলা মিয়া। পরে ভাইপো আনিস উল্লাহর বাড়িতে তাঁর ঠাঁই হয়। মানুষের দুয়ারে দুয়ারে ভিক্ষা করে কোনো রকমে জীবিকা নির্বাহ করে আসছেন। এক বছর আগে তাঁর কপালে জোটে বয়স্কভাতার কার্ড। কিন্তু গত জানুয়ারিতে তা কেড়ে নেন স্থানীয় ইউপি সদস্যা দিলরুবা মালেক। গত রোববার সকাল ১১টায় কালালিয়াকাটা গ্রাম থেকে শতাধিক বিধবা নারী স্থানীয় ইউনিয়নের মহিলা সদস্য দিলরুবা ও তাঁর স্বামী আবদুল মালেকের বিরুদ্ধে বিভিন্ন উপায়ে প্রতারণার মাধ্যমে তিন লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ এনে ইউএনওর কাছে স্মারকলিপি দেন। স্মারকলিপিতে বলা হয়, হোয়ানক ইউনিয়ন পরিষদের (৭, ৮ ও ৯ ওয়ার্ডের) নারী সদস্য দিলরুবা ও তাঁর স্বামী বয়স্কভাতা, বিধবাভাতা, স্বামী পরিত্যক্তভাতা, প্রতিবন্ধী কার্ড, দুস্থ মহিলা উন্নয়ন ও খাদ্য কর্মসূচি কার্ড দেওয়ার নামে ৩০০ জন নিরীহ অসহায় নারীর কাছ থেকে তিন লাখের বেশি টাকা নিয়েছেন। পরে কার্ড না পেয়ে টাকা চাইতে গেলে তাঁদের মামলায় জড়ানোসহ নানান ভয় দেখানো হয়। ২ ফেব্রুয়ারি সকালে ক্ষতিগ্রস্ত নারীরা টাকা ফেরত চাইতে ওই নারী সদস্যের বাড়িতে গেলে তাঁর লোকজন সংশ্লিষ্টদের ওপর হামলা চালায়। এতে ভুক্তভোগীরা ক্ষুব্ধ হয়ে মহেশখালী থানায় লিখিত অভিযোগ করলে পুলিশ ওই রাতে আব্দুল মালেককে আটক করে। তবে নারী সদস্যের লোকজন ভুক্তভোগীদের প্রাণনাশসহ নানাভাবে হুমকি দিচ্ছেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। স্থানীয় রোকসানা বেগম জানান, টাকা না দেওয়ায় দিলরুবা এক মাস আগে জনিফা বেগমের বই কেড়ে নেন। পরে বইয়ের জন্য গেলে অসৌজন্যমূলক আচরণ করেন। বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা কোস্টের কর্মকর্তা পার্বতী দে ও ঝর্না রাণী শীল জানান, দীর্ঘদিন ধরে বিধবা ভাতা ও অন্যান্য কার্ড দেওয়ার নামে দরিদ্র নারীদের কাছ থেকে স্থানীয় মহিলা সদস্য ও তাঁর স্বামী টাকা নিয়েছেন। কিন্তু কার্ড না পেয়ে টাকা ফেরত চাইতে গেলে তাঁদের উল্টো হুমকি দেওয়া হয়।এ ব্যাপারে দিলরুবার সঙ্গে কথা বলার জন্য বেশ কয়েকবার চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি। তবে তাঁর আত্মীয় কামাল হোসেন জানান, দিলরুবা ও তাঁর স্বামীকে হয়রানি করার জন্য একটি মহল বিভিন্ন দপ্তরে মিথ্যা অভিযোগ করছেন।থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার নাথ জানান, প্রাথমিক তদন্তে ক্ষতিগ্রস্ত নারীদের দায়ের করা অভিযোগের সত্যতা পাওয়ায় আব্দুল মালেককে আটক করা হয়েছে। দিলরুবার বিরুদ্ধে অভিযোগের তদন্ত চলছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এটিএম কাউসার হোসেন জানান, জনিফার বয়স্কভাতার বইয়ের ব্যবস্থা করার জন্য সমাজসেবা কর্মকর্তাকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, দিলরুবার বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হলে তাঁর সদস্য পদ বাতিল করার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া হবে।