‘সড়ক নয়, যেন জলাশয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বৃষ্টি হলে সড়ক রূপ নেয় ছোট-খাটো জলাশয়ে। রিকশা কিংবা অটোরিকশা যেতেই চায় না। আর গেলেও ভাড়া দ্বিগুণ। সড়কটি দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করতে হয়। যখন গাড়িতে উঠি, তখনই দোয়া-দরুদ পড়তে শুরু করি। বিনাজুরী থেকে নানুপুর যেতে অনেকক্ষণ সময় লেগে যায়।’ ফটিকছড়ির নানুপর-আজাদী বাজার সড়কে চলাচলে দুর্ভোগের কথা বর্ণনা করতে গিয়ে কথাগুলো বলেন খিরাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শারমিন আকতার।সরেজমিনে দেখা যায়, সড়কের কোথাও কার্পেটিং নেই। অনেক স্থানে ইট পর্যন্ত উঠে গিয়ে সৃষ্টি হয়েছে বড় বড় গর্তের। গাড়ি চলছে ঝুঁকি নিয়ে। অনেক সময় গাড়ি ঠেলে নিয়ে যেতে হচ্ছে। জানা গেছে, উপজেলার সড়ক ও জনপদ (সওজ) বিভাগ ২০০৩ সালে ২২ কিলোমিটারের সড়কটি পুনর্নির্মাণ করে। তখন স্থানীয় চেয়ারম্যান ও এলাকাবাসী তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে নিম্নমানের কাজের বিষয়ে লিখিত অভিযোগ দেন। কিন্তু প্রশাসন তা আমলে নেয়নি বলে অভিযোগ রয়েছে।পাশের রোসাংগিরী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান আবদুস সালাম তালুকদার অভিযোগ করে বলেন, ‘নির্মাণকাজ শেষ না হতেই সড়কের দুই পাশ ভাঙতে শুরু করে। ক্রমাগতভাবে ভাঙন বাড়তে থাকে। এরপর দীর্ঘ আট বছরেও সংস্কার না হওয়ায় বর্তমানে সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে।’নানুপুর বালিকা উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জানে আলম জানান, সড়কটি দিয়ে সদর উপজেলার দরবার শরিফ, নানুপুর, বখতপুর, ধর্মপুর, জাফতনগর ও দক্ষিণ ফটিকছড়ির হাজার হাজার মানুষ উপজেলা সদর ও চট্টগ্রাম শহরে যাতায়াত করেন। সদরের সঙ্গে যোগাযোগের অন্যতম মাধ্যম হওয়ায় সড়কটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সড়ক দিয়েই কৃষক তাঁদের উৎপাদিত পণ্য উপজেলার বিভিন্ন বাজারে নিয়ে বাজারজাত করেন।স্থানীয় কৃষক মোহাম্মদ সোলায়মান বলেন, সড়কটি চলাচলের অনুপযোগী হওয়ায় এলাকার উৎপাদিত শাকসবজি ও কৃষিপণ্য বাজারে নিতে বেগ পেতে হয়। পরিবহন খরচ পড়ে বেশি। এতে তাঁরা মারাত্মক ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এ ছাড়া বৃষ্টির সময় কাদা এবং রোদে ধুলোবালির ভোগান্তি লেগেই আছে।সওজ বিভাগের ফটিকছড়ি কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী শফিউল্লাহ খান প্রথম আলোকে বলেন, ‘সড়কটির ১৪ কিলোমিটার মেরামতের জন্য টেন্ডার শেষে নির্মাণকারী প্রতিষ্ঠান কার্যাদেশ পেয়ে কাজ শুরু করেছে। বাকি অংশের সংস্কার কাজের টেন্ডার প্রক্রিয়াধীন রয়েছে।’ ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘বিশাল এ উপজেলায় পাহাড়সম সমস্যা। নানুপুর-আজাদী বাজার সড়কটিও তার ব্যতিক্রম নয়। ধাপে ধাপে এসব সড়কের সংস্কার করা হবে।’