‘হগ্গলতে আইজ দইরায় ডুইবা মরলাম’
‘সার, আর বাঁচন নাই, আপনার লাই হগ্গলতে আইজ দইরায় ডুইবা মরলাম।’ ঝড়ের গর্জনের ফাঁকে ফাঁকে আমাদের বোটের মাঝি বিলাপ করে চলেছেন, ‘আল্লা রে, মরলে আমার এতিম পোলা রে তুমি দেইখো।’ তাঁর বিলাপের সব আকুতি আল্লাহর দরবারে, আর সংগত কারণেই সব গালমন্দ আমার বরাবর। আমিই তাঁকে সাগরে নামিয়েছি আবার এখন বলছি, ‘খবরদার, বোট ঘোরাবেন না, ঝড়ের দিকে গলুই রেখে টপ স্পিডে চালিয়ে যান। এভাবে চললে আমরা বেঁচে গেলেও যেতে পারি; এদিক-ওদিক করলে তুফানের ঝাপটা বোটের পাশে লেগেছে কি মরেছেন।’ বাঁচতে হলে বোটের গলুই যে ঝড়মুখো রাখতে হবে, সে ব্যাপারে মাঝির দ্বিমত নেই; কিন্তু ঘুটঘুটে আঁধারে এভাবে বোট চালিয়ে আমরা যে ক্রমেই উত্তাল সাগরে গিয়ে পড়ছি, শঙ্কাটা তাঁর সেখানে।তুফানের তোড়ে বোট কখনো ডানে, কখনো বাঁয়ে হেলে পড়ছে। মনে হয় এই গেল, আর বাঁচবে না। বন বিভাগের বোট, ড্রাফট ছোট, কেবিন বড়, ঢেউয়ের ঘায়ে টলমল; নিস্তরঙ্গ নদীবিহারে বাবুদের নিয়ে গেলে ভালোই চলে, তবে সাগরে সে কত কাবু, তা এখন হাড়ে হাড়ে বুঝতে পারছি। পাখি পর্যবেক্ষণের কাজে সাত দিনের জন্য আমরা ধার নিয়েছি এ বোট। চার মাঝিমাল্লা সুন্দরবনের অগুনতি গাঙ, খাল আর ভারানি ভালো চেনেন না। আমিসহ আর দুই পর্যবেক্ষকের অবস্থা তথৈবচ, বড় পাঁচ গাঙ আর এক ডজন পাখিসমৃদ্ধ খাল ছাড়া সবই অচেনা। তবে চতুর্থ পর্যবেক্ষক খসরু চৌধুরী সুন্দরবনের আঁতিপাঁতি জানেন। পাঁঠাকাটা খালে ঢুকে বেতমোড় চ্যানেল হয়ে কটকা যাওয়ার জটিল পথটা তিনি চেনেন বলেই আমরা শ্যালা গাঙ ধরে দক্ষিণে এসেছিলাম। কিন্তু দুপুর নাগাদ তিনি শয্যাশায়ী হলেন, জ্বরের ঘোরে পাঁঠাকাটা খাল চিনতে পারলেন না। দিনের শেষে আমরা শ্যালা গাঙের শেষ প্রান্তে এলাম এবং পুরো এক দিনের পথে ফিরে যাওয়ার চেয়ে ঝুঁকি নিয়ে সাগরে ঢুকে ডুবোচর ঘুরে কটকা যাওয়ার হটকারী সিদ্ধান্ত নিলাম।আমরা যখন সাগরে ঢুকেছি, তখন হালকা মেঘ দিগন্ত ঢেকে আগাম সন্ধ্যা নামিয়েছে। জোর বাতাস ছেড়েছে। ছাপরাখালীর কেওড়া বন মাথা নেড়ে অশনিসংকেত দিয়েছে। তবু মূর্খের মতো আশা করেছি, আঁধার ঘন হওয়ার আগেই আমরা কটকা পৌঁছাব। কটকা এখান থেকে ১০ কিলোমিটার পুবে; তবে ডুবোচরের জন্য সোজা যাওয়া যাবে না, সাগরে ঢুকতে হবে। ততক্ষণে টিপটিপ বৃষ্টি পড়ছে আর ঝড় শুরু হয়েছে। এর মধ্যেই অনেকটা সময় আমরা দক্ষিণে চলেছি; পুবমুখো হতে পারিনি, হলেই বোট চরে ঠেকে যায়। কূল থেকে দূরত্ব যত বাড়ছে, ঝড় ততই প্রবল আর সাগর উত্তাল হচ্ছে। বাঁচতে হলে কূলে ফিরতে হবে; কিন্তু বোট ঘোরানোর উপায় নেই, ঘোরাতে গেলেই বাতাসের ধাক্কায় বোট শুয়ে পড়ে। এক দফা ডুবতে ডুবতে বেঁচে যাওয়ার পর আমরা বোট ঘোরানোর চেষ্টা ছেড়েছি। সরাসরি ঝড়ের দিকে তাক করে বোট চলছে; আশা আছে, কোনো সময় আধা মিনিটের জন্য বাতাসের বেগ কমলে দ্রুত ইউ টার্ন করব।বৃষ্টি আর বাতাসের চাঁটি খেয়ে বোটের ছাদে আমরা দুই প্রাণী প্রায় কুপোকাত, মাঝি ভাই হালের খুঁটি ধরে ঝুলে আছেন, আমি পানির ট্যাংক আঁকড়ে পড়ে আছি। বোট যতবার ডুবুডুবু হয়, ভয়ার্ত কণ্ঠে চেঁচিয়ে মাঝিকে অভয় দিই, ‘ভয় নাই ভাই, এখনই তুফানের তেজ কমে যাবে।’ ঝড়ের দাপট বেড়েই চলে, আর বাড়ে মাঝির বিলাপ। জানি না, কেবিনের মধ্যে আমার তিন বন্ধু আর ইঞ্জিনরুমে তিন মাল্লার কী হাল; ঝালমুড়ি মাখানোর কৌটায় ফেলা চীনাবাদামের চেয়ে ভালো হয়তো নয়। ঢেউয়ের চূড়ায় বোট উঠে গেলে দূরে শ্যালার চরে বন অফিসের বাতি চোখে পড়ে। বুঝতে পারি, আমরা এখনো গহিন সাগরে হারিয়ে যাইনি।তবে সব দুঃস্বপ্নেরই শেষ আছে। সাগরের রোলার কোস্টারে আমাদের অন্তহীন ফ্রি রাইডের পর একসময় এল কাঙ্ক্ষিত পরিবর্তন। বাতাসের বেগ এক ধাপ নামল। মাঝি মাথা তুলে বললেন, ‘সার, ঘুরাই ফালাই?’ মুখের পানি মুছে আমি হ্যাঁ বলার আগেই বোট ঘুরে উত্তরমুখো হলো। পারফেক্ট ইউ টার্ন। এখন জোয়ার আর ঝড় মিলে বোট ঠেলে দিচ্ছে ডাঙার দিকে। বোটের বাতিতে দূরে দেখা দিল কেওড়া বন। অবশেষে আমরা শ্যালা গাঙে ফিরে এসে কালামিয়ার ভারানিতে নোঙর ফেললাম। অবিশ্বাস্য হলেও দেখা গেল, বোটের সবাই, সবকিছু ঠিকঠাক আছে! না, সবকিছু নয়; মাঝি বললেন, ‘আমার পোলার ফটোডা ভিজি শ্যাষ।’