'হচ্ছার ঘাট' এলাকায় সেতুর অপেক্ষায় ৫০ হাজার মানুষ
রাউজান-ফটিকছড়ি উপজেলার সংযোগস্থল ‘হচ্ছার ঘাট’ এলাকায় সর্তা খালের ওপর একটি সেতু আমূল পরিবর্তন আনতে পারে দুই উপজেলার যোগাযোগ ব্যবস্থায়। ফটিকছড়ির খিরাম ও রাউজানের হলদিয়া গ্রামের সীমানা ঘেঁষে প্রবাহিত সর্তার ওপর সেতুটি হলে উভয় উপজেলার অন্তত ৫০ হাজার মানুষ উপকৃত হবে বলে আশা করছেন এলাকাবাসী।
এলাকাবাসী জানান, ফটিকছড়ির পাহাড়ি এলাকা বর্মাছড়ি, কাউখালী, খিরামের চৌমুহনী বাজার, দৌলত মুন্সিরহাট, ফুলতলি এবং রাউজানের মাদম্যেরহাট, বউজ্যেরহাটসহ আশপাশের প্রায় ৫০ হাজার মানুষ ‘হচ্ছার ঘাট’ হয়ে দুই উপজেলায় যাতায়াত করে।
স্বাধীনতার পর থেকে এলাকাবাসী সেতুটি নির্মাণের জন্য জনপ্রতিনিধিদের কাছে দাবি জানিয়ে আসছেন। কিন্তু কোনো ফল হয়নি। সম্প্রতি এলাকাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছেও ই-মেইলে আবেদন জানানো হয়েছে।
সরেজমিনে দেখা যায়, প্রতিদিন শিক্ষার্থীসহ বিপুলসংখ্যক নারী-পুরুষ খালের হাঁটুপানি ডিঙিয়ে দুর্ভোগের মধ্যে গন্তব্যে যাতায়াত করছে দুই পারের লোকজন।
খিরাম এলাকার বাসিন্দা মুহাম্মদ আলমগীর ও মুহাম্মদ ফরিদ জানান, শুকনা মৌসুমে খালে পানি কম থাকায় নৌকা চলে না। তাই এভাবে হাঁটুপানি ভেঙে যাতায়াত করতে হয়। কিন্তু বর্ষা মৌসুমে খালে পানি বেশি থাকায় নৌকায় করে খাল পার হতে হয়। আর তখন কষ্টের সীমা থাকে না। ঝুঁকিও থাকে বেশ।
খিরাম কাদেরিয়া মঈনীয়া দাখিল মাদ্রাসার শিক্ষক দিদারুল আলম এবং শিক্ষার্থী আকলিমা নাহার জানান, উত্তর হলদিয়া গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় সেখানকার শিক্ষার্থীরা এই ঘাট পার হয়ে খিরাম গ্রামে এসে পড়ালেখা করে। কিন্তু যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় পানি ও কাদা মাড়িয়ে মাদ্রাসায় আসতে হয়। অনেক সময় পানিতে শিক্ষক-শিক্ষার্থীদের কাপড় ও বইপত্র ভিজে যায়। এখানে একটি সেতু হলে এমন দুর্ভোগ থেকে বাঁচা যেত।
এলাকার প্রবীণ শিক্ষক শেখ মুহাম্মদ আবদুল্লাহ ও রাউজানের মাদম্যেহাটের ব্যবসায়ী বদিউল আলম বলেন, যোগাযোগ ব্যবস্থা খারাপ হওয়ায় এলাকায় উৎপাদিত ফলমূল কম দামে এলাকায়ই বিক্রি করতে হয়। সেতু নির্মাণের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটলে এলাকার কৃষক এবং ব্যবসায়ীরা লাভবান হবেন। সার্বিকভাবে উভয় উপজেলার, বিশেষ করে খালের দুই পারের গ্রামগুলোর বাসিন্দাদের জীবনযাত্রার মানও উন্নত হবে।
জানতে চাইলে ফটিকছড়ি উপজেলা চেয়ারম্যান আফতাব উদ্দিন চৌধুরী বলেন, ইচ্ছার ঘাটে সেতু নির্মাণ করা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চাহিদাপত্র পাঠানো হবে।
উপজেলা প্রকৌশলী সচী দুলাল বিশ্বাস বলেন, এলাকায় সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে।