ময়নাতদন্ত প্রতিবেদনে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মাথায় আঘাতজনিত কারণে মৃত্যু। কিন্তু প্রথমে থানার পুলিশ ও পরে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ঘটনাটিকে আত্মহত্যা বলে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে।
নগরের কিশোরী রাফিদা আক্তার হত্যা মামলার ক্ষেত্রে ঘটেছে এ ঘটনা। পরে বাদীর নারাজি আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মামলাটি অধিকতর তদন্তের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) নির্দেশ দিয়েছেন। কিন্তু ১১ মাসেও তদন্ত শেষ করতে পারেনি সংস্থাটি।
>ময়নাতদন্তে দেখা গেছে, মেয়েটিকে হত্যার উদ্দেশ্যে কেউ মাথায় জোরে আঘাত করেছিল। এতে মাথার ভেতরে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেয়েটি মারা যায়’ : মো. আশরাফুল হক প্রভাষক, ফরেনসিক বিভাগ চট্টগ্রাম মেডিকেল কলেজ
২০১৩ সালের ৩ আগস্ট রাতে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ে নিজ বাসায় ঝুলন্ত অবস্থায় সপ্তম শ্রেণির ছাত্রী রাফিদার লাশ পাওয়া যায়। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর রাফিদার সৎ বাবা ও চার সৎ ভাইয়ের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা করেন রাফিদার মা খালেদা আক্তার। তাঁর অভিযোগ, পারিবারিক বিরোধের জেরে রাফিদাকে হত্যা করে বৈদ্যুতিক পাখার সঙ্গে ঝুলিয়ে দিয়েছেন আসামিরা।
কিন্তু চূড়ান্ত প্রতিবেদনে পুলিশ বলছে, মায়ের মানসিক ও শারীরিক নির্যাতনের কারণে রাফিদা আত্মহত্যা করেছে। ২০১৩ সালের নভেম্বরে পুলিশ রাফিদা হত্যা মামলায় চূড়ান্ত প্রতিবেদন দেয়। আর ২০১৪ সালের ২৪ জুলাই চূড়ান্ত প্রতিবেদন দেয় ডিবি।
রাফিদার মৃত্যুর পরদিন লাশের ময়নাতদন্ত করেছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের তৎকালীন প্রভাষক মো. আশরাফুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তে দেখা গেছে, মেয়েটিকে হত্যার উদ্দেশ্যে কেউ মাথায় জোরে আঘাত করেছিল। এতে মাথার ভেতরে রক্তক্ষরণ ও হৃদ্যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মেয়েটি মারা যায়।
মামলার বাদীর অভিযোগ, আসামিরা পুলিশের যোগসাজশে মামলাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে।
বাদী খালেদা আক্তার প্রথম আলোকে বলেন, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। অথচ পুলিশ মনগড়া চূড়ান্ত প্রতিবেদন দিয়ে দিয়েছে।
বাদীর আইনজীবী সুরজিত রাহা বলেন, দুটি চূড়ান্ত প্রতিবেদনকে আষাঢ়ে গল্প ছাড়া আর কিছু মনে হয় না। প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের ওপর অভিমান করে রাফিদা আত্মহত্যা করেছে। মাথায় আঘাতের বিষয়ে তাদের ব্যাখ্যা—আত্মহত্যার আগে রাফিদার মা মেয়েকে চুল ধরে দেয়ালের সঙ্গে ধাক্কা দিয়েছিলেন।
সুরজিত সাহার প্রশ্ন—মাথায় এতখানি আঘাত নিয়ে সাড়ে ১২ বছরের একটি মেয়ে বসার ঘরে দরজা খোলা রেখে কীভাবে আত্মহত্যা করে? তিনি বলেন, আবার পুলিশ বলছে, ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়ার পর সেটি লম্বা হয়ে দুই ফুট দূরের দেয়ালেও আঘাত লাগতে পারে। এ কথা কি বিশ্বাসযোগ্য?
আইনজীবী সুরজিত সাহা বলেন, ‘আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে নারাজি আবেদন দিয়েছি। আদালত সেটি আমলে নিয়ে অধিকতর তদন্তের জন্য সিআইডিকে নির্দেশ দিয়েছে।’
গত বছরের নভেম্বরে তদন্তের ভার পায় সিআইডি। মামলাটি তদন্ত করছেন সিআইডির পরিদর্শক আবদুল হামিদ। তিনি বলেন, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। বাদীর অভিযোগের সত্যতা আছে। যত দ্রুত সম্ভব তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করা হবে।
ডিবির পক্ষে মামলার তদন্ত করেছিলেন পরিদর্শক (বর্তমানে পাহাড়তলী থানায় কর্মরত) মোহাম্মদ বদরুজ্জামান। আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘আমার তদন্তে যা এসেছে প্রতিবেদনে তাই উল্লেখ করেছি।’
গত বছর কথা হয়েছিল মামলার প্রথম তদন্ত কর্মকর্তা চান্দগাঁও থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) জাকির হোসেনের সঙ্গে। ওই সময় তিনি বাদীপক্ষের সব অভিযোগ অস্বীকার করে বলেন, ‘তদন্তে যা পেয়েছি, তা-ই প্রতিবেদনে এসেছে।’
সূত্র জানায়, ২০১২ সালের ৩০ নভেম্বর চান্দগাঁওয়ের বরিশাল বাজার এলাকার বাসিন্দা শফিউল আলম সওদাগরের সঙ্গে রাফিদার মা খালেদা আক্তারের বিয়ে হয়। দুজনেরই এটি ছিল দ্বিতীয় বিয়ে। বিয়ের কয়েক মাস পর রাফিদাও মায়ের সঙ্গে নতুন সংসারে থাকতে শুরু করে। কিন্তু অল্পদিনের মধ্যেই স্বামী ও সৎ ছেলেদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ শুরু হয় খালেদা আক্তারের। এ অবস্থায় ২০১৩ সালের ৩ আগস্ট রাতে ঝুলন্ত অবস্থায় রাফিদার লাশ পাওয়া যায়।