‘হরতালে ক্ষতি ছাড়া লাভ নেই’
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপি আজ রোববার চট্টগ্রামে পূর্ণদিবস হরতালের কর্মসূচি দিয়েছে। বর্তমান সরকারের প্রায় দুই বছরের শাসনামলে চট্টগ্রামে আঞ্চলিকভাবে ডাকা বিএনপির এটাই প্রথম হরতাল। সরকারে থাকাবস্থায় হরতালের বিপক্ষে অবস্থান ছিল বিএনপির। এখন বিরোধী দলে এসে বিএনপিই হরতাল ডেকেছে। তবে মানবতাবিরোধী অপরাধে জড়িত বলে চিহ্নিত ব্যক্তির গ্রেপ্তারের প্রতিবাদে বিএনপির এ ধরনের আঞ্চলিক হরতাল ঘোষণায় নানা আলোচনা হচ্ছে। যথারীতি ক্ষমতাসীন আওয়ামী লীগ এ ধরনের হরতালের বিপক্ষে অবস্থান নিয়েছে। তারা রাস্তায় অবস্থানের ঘোষণা দিয়েছে।সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কথা বলে জানা যায়, আঞ্চলিকভাবে ডাকা হলেও হরতালের কারণে সারা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হবে। কারণ আমদানি-রপ্তানি বাণিজ্য চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউসে সম্পন্ন করতে হয়। টাকার অঙ্কে এই ক্ষয়ক্ষতির হিসাব বের করা কঠিন হলেও অর্থনীতিবিদেরা বলছেন, হরতালে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এক দিনের সময়সূচি ভেঙে পড়ায় ব্যবসা-বাণিজ্য থেকে শুরু করে শিক্ষাক্ষেত্রেও ক্ষতির প্রভাব পড়ে বলে সংশ্লিষ্ট লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে।চট্টগ্রাম বন্দরের তথ্য অনুযায়ী, সারা দেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের ৯২ শতাংশ চট্টগ্রাম বন্দর দিয়ে সম্পন্ন হয়। হরতালের কারণে চট্টগ্রাম বন্দরের অপারেশনাল কার্যক্রম ব্যাহত হয়। রপ্তানি পণ্য নিয়ে বন্দরে কনটেইনার ঢুকতে পারে না। একইভাবে আমদানি পণ্যও বন্দর থেকে বাইরে আনা যায় না। অর্থনীতিবিদ মুহাম্মদ সিকান্দার খান প্রথম আলোকে বলেন, আমদানি-রপ্তানি বাণিজ্যের সিংহভাগই চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস দিয়ে সম্পন্ন হয়। এ কারণে হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। এর মধ্যে তৈরি পোশাক খাতের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি। কলকারখানায় উৎপাদনও ক্ষতিগ্রস্ত হয়। সময়সূচি ভেঙে পড়ায় এক দিনের হরতালে ব্যবসা-বাণিজ্যের ক্ষতির জের টানতে হয় কয়েক দিন ধরে। তবে আর্থিক ক্ষতির চেয়েও হরতালের কারণে বিদেশে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়।অর্থনীতিবিদ মইনুল ইসলাম মনে করেন, টাকার অঙ্কে হরতালের ক্ষয়ক্ষতি বের করা কঠিন। একেক সময়ের হরতালে একেক রকম ক্ষয়ক্ষতি হয়। তবে হরতালে ক্ষতি ছাড়া কোনো লাভ নেই। এ জন্য রাজনৈতিক দলগুলোকে হরতালের বিকল্প কর্মসূচি ভাবা উচিত।পোশাকশিল্প খাত: বিশ্বব্যাংকের বাংলাদেশ ডেভেলপমেন্ট সিরিজ: পেপার নম্বর-৬-এ বলা হয়েছে, যেসব কারখানায় কাঁচামাল আমদানি করে পণ্য প্রস্তুত করতে হয় সেসব কারখানা পণ্য রপ্তানির জন্য অন্তত ১২টি ধাপে কাজ করতে হয়। হরতালের কারণে এ ১২টি ধাপের কাজ ব্যাহত হয়। ধাপগুলোর মধ্যে আছে—ঋণপত্র খোলা, কাঁচামাল উৎপাদন, পণ্য জাহাজীকরণ, কাঁচামাল পরিবহন, বন্দর থেকে ছাড়িয়ে নেওয়া, উৎপাদন, তৈরি পণ্য বন্দর দিয়ে ক্রেতার কাছে সরবরাহ ইত্যাদি। তৈরি পোশাকশিল্পে নির্দিষ্ট সময়ের মধ্যে এ ১২ ধাপে কাজ করতে হয়। হরতালের কারণে যেসব কারখানার কাঁচামাল বন্দর থেকে কারখানায় পৌঁছাতে পারে না সেসব কারখানা সঠিক সময়ে উৎপাদনে যেতে পারে না। আবার হরতালের দিন সব কারখানায় কম-বেশি উৎপাদন ব্যাহত হয়। এ প্রসঙ্গে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ-এর প্রথম সহসভাপতি নাছির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, হরতালে অন্তত ৬৫ শতাংশ উৎপাদন ব্যাহত হয়। আবার সময়সূচি অনুযায়ী পণ্য রপ্তানি করতে না পারায় বিমানে পণ্য পরিবহন করতে হয়। এ ক্ষয়ক্ষতির হিসাব বের করা কঠিন। চট্টগ্রামের ৭৫০টি পোশাক কারখানা ব্যাপক ক্ষতির মুখে পড়বে। পোশাকশিল্পের মতো কলকারখানায়ও হরতালের প্রভাব পড়ে। উৎপাদন ব্যাহত হয়। জাহাজ ব্যবসা: হরতালের কারণে বন্দরে স্বাভাবিক পণ্য ওঠানামা ব্যাহত হয়। একইভাবে আমদানি-রপ্তানি বাণিজ্য সংশ্লিষ্ট সংস্থাগুলো দালিলিক কাজ শেষ করতে না পারায় বন্দরে অবস্থানরত জাহাজগুলোকে বাড়তি সময় অবস্থান করতে হয়। বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সহসভাপতি পারভেজ আহমেদ প্রথম আলোকে বলেন, বন্দরে অবস্থানরত কনটেইনার ও বাল্ক জাহাজের গড়ে প্রতিদিন ক্ষতিপূরণ অন্তত ১২ হাজার মার্কিন ডলার। এ হিসেবে গড়ে অর্ধশত জাহাজের ক্ষতিপূরণ গুনতে হয় অন্তত চার কোটি টাকা। তবে আর্থিক ক্ষতির চেয়ে দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়াকেই সবচেয়ে বড় ক্ষতি বলে মনে করছেন তিনি।চাক্তাই-খাতুনগঞ্জ: হরতালের কারণে দেশের বড় পাইকারি বাজার চাক্তাই-খাতুনগঞ্জের ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা নেমে আসে। ভোগ্যপণ্য থেকে শুরু করে শিল্পের কাঁচামালের এ পাইকারি বাজারে লেনদেন নেমে আসে এক-চতুর্থাংশে। খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির হিসাবে, স্বাভাবিক সময়ে চাক্তাই-খাতুনগঞ্জে লেনদেন হয় অন্তত ৪০০ কোটি টাকা। হরতালের সময় এ লেনদেন ৫০ কোটি টাকার বেশি হয় না।খাতুনগঞ্জ ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও চট্টগ্রাম চেম্বারের নবনির্বাচিত পরিচালক মাহবুব আলম প্রথম আলোকে বলেন, হরতালে পণ্য ওঠানামা ও পরিবহন বন্ধ থাকায় পণ্য পরিবহনে খরচ বেড়ে যায়। পণ্যের ক্রয়মূল্যের সঙ্গে এই ক্ষতি যোগ করায় শেষ ধাপে ভোক্তাকেই বাড়তি টাকা গুনতে হয়।