‘হাঁটছেন সাইফুল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোনামটি দেখে ফিরে যেতে হলো অতীতে। ২০০৮ সালের জুন মাসের এক বিষণ্ন শুক্রবারে ট্রেনে কাটা পড়ে সাইফুল সামিন তাঁর পা দুটো হারালেন। সেদিন পঙ্গু হাসপাতালের জরুরি বিভাগে পড়ে থাকা ছেলেটিকে দেখে চেনা যাচ্ছিল না। চোখ দুটো বন্ধ। কপালে বিন্দু বিন্দু ঘাম। পায়ের ব্যান্ডেজে তাজা রক্ত! তেজগাঁওয়ে ওই দুর্ঘটনার সময় যে বন্ধুটি ছিল ওর পাশে, সে বর্ণনা দিয়ে যাচ্ছিল দুর্ঘটনার। তা শুনে যে কারও চোখে জল আসে।কত দিন ধরে সাইফুল, মানে আমাদের সামিন আবার নিজের পায়ে হেঁটে বেড়ানোর স্বপ্ন দেখছিলেন! দুর্ঘটনার প্রাথমিক বিপদ কেটে যাওয়ার পর থেকেই তাঁর চেহারায় যে অনুভূতির প্রকাশ দেখা যায়, তাকে ‘প্রত্যয়’ বলেই চিনে নিতে হয়। তিনি বিশ্বাস করতেন, আবার তিনি হাঁটবেন। হুইলচেয়ারে করে যখন প্রথম আলোয় আসতেন, তখন দেখেছি, বিশ্বাস থেকে এক চুলও নড়েননি তিনি। সব ধকল সহ্য করে পড়াশোনাও চালিয়ে গেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে। এরই মধ্যে তাঁর পা তৈরির চেষ্টা চলেছে। তারপর দুর্ঘটনার দুই বছরেরও বেশি সময় পর একদিন প্রথম আলোর সংবাদ শিরোনাম হলো, ‘সাইফুল হাঁটছেন’।সাইফুল হাঁটছেন, এটা নিছক কোনো সংবাদ নয়। এটি একজন মানুষের প্রত্যয়ের জয়। নতুন দুটো পা লাগিয়ে হাঁটার সময় ক্রাচের সাহায্য নিতে হচ্ছে সামিনকে। আপাতত কষ্ট হচ্ছে। দুই বছর পর আবার হাঁটা, কষ্ট তো হবেই। কিন্তু কিছুদিন পর অভ্যাস হয়ে গেলে এই কষ্ট কমে যাবে। সামিনকে জিজ্ঞেস করি, নতুন পা লাগানোর পর উচ্চতা কি আগের মতোই আছে? সামিন বলে, না, উচ্চতা ইঞ্চি তিনেক কমে গেছে। কিন্তু শারীরিক এই উচ্চতার বিপরীতে প্রতিবন্ধকতা কাটিয়ে, প্রত্যয় নিয়ে নিজেকে অন্য যে এক উচ্চতায় পৌঁছে দিলেন সামিন, তার কি তুলনা হয়?৩ আগস্ট প্রথম আলোয় ছাপা হওয়া সংবাদটি শুধু তৃপ্তি দেয় না, একজন মানুষের বলিষ্ঠতা ও এগিয়ে চলার বাসনাকেও সামনে তুলে আনে, দৃষ্টান্ত হিসেবে শান্তি দেয় মনকে।—জা রে নূ