
কারওয়ান বাজারে তাঁর সঙ্গে দেখা। রাজধানীর এই ব্যস্ত এলাকায় তিনি ইলেকট্রনিক পণ্য ফেরি করেন। বৈদ্যুতিক বাতি, ডেটা কেব্ল, সাউন্ড বক্স—এমন অনেক যান্ত্রিক পণ্যের সঙ্গে কিছু বইও রয়েছে তাঁর ভ্রাম্যমাণ দোকানে। তবে তিনি মনোযোগ কাড়লেন অন্য একটি কারণে।
সেদিন কালো রঙের ডেটা কেব্ল চাইতেই তিনি গোটা চারেক কেব্ল হাতে নিয়ে কী যেন বোঝার চেষ্টা করলেন। শুরুতে বিষয়টি আঁচ করা গেল না। কালো ডেটা কেব্লটি হাতে দিয়ে বলতে থাকেন, ‘চোখে দেখি না ভাই। তবে দিনের আলোয় হাতে নিলেই রং বুঝি।’
তাঁর নাম নূর আলম। বয়সের কথা জানতে চাইলে হিসাব করে জানালেন, ৩৫ বছর। তাঁর কাজের সহায়তার জন্য রেখেছেন একজন সহকারী। তবে সেদিন সহকারীকে দেখা গেল না। নূর আলম বলেন, ‘সে তো মোকামে গেছে।’
গ্রাহকের আনাগোনা কম। তাই আমাদের গল্প দীর্ঘ হতে শুরু করে। নূর আলম জানালেন, তাঁর গ্রামের বাড়ি নীলফামারী জেলায়। ছোটবেলায় অসুস্থ হয়ে ধীরে ধীরে চোখের আলো হারিয়েছেন। তবে তত দিনে নীলফামারী সরকারি স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেছেন তিনি। এরপর আর পড়াশোনা এগোয়নি। জীবিকার তাগিদে চলে আসেন ঢাকায়। নানা ধরনের কাজ করে কিছু টাকা জোগাড় করেন। এরপর ২০০০ সালে নিজেই শুরু করেন বই ফেরি করা। তবে দিনে দিনে বই বেচা কমে গেছে বলে বছর পাঁচেক আগে ইলেকট্রনিকস পণ্য দোকানে তোলেন। কিন্তু কিছু বইও সঙ্গে রেখেছেন দোকানে।
সংসারের কথা জানতে চাইলে নূর আলম বলেন, ‘ছোট মেয়ে আর বউ নিয়ে ঢাকাতেই থাকি। গ্রামে মা আর ছোট দুই ভাইবোন থাকে। দুজনেই স্নাতক শ্রেণিতে পড়ে এলাকার কলেজে।’
লেখা ও ছবি: সজীব মিয়া