‘হাতেগোনা ভ্রাম্যমাণ অভিযানে ভেজাল পণ্য উৎপাদন বন্ধ হবে না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু অনিয়মিত ও হাতেগোনা ভ্রাম্যমাণ অভিযানে ভেজাল ও নিম্নমানের পণ্য উৎপাদন বন্ধ করা সম্ভব নয়। এ জন্য জেলা প্রশাসন, বিএসটিআই, সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও ক্যাব প্রতিনিধিসহ সব প্রতিষ্ঠানের সমন্বিতভাবে নিয়মিত অভিযান পরিচালনা এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করতে হবে। কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ভোক্তা অধিকার আইন-২০০৯ বাস্তবায়নে তথ্য অধিকার আইন-২০০৯-এর ব্যবহার বিষয়ে এক সমন্বয় সভায় বক্তারা এ মন্তব্য করেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপপরিচালক (উপসচিব) জোবায়ের আহমদের সভাপতিত্বে আলোচনা সভায় অংশ নেন ক্যাব কেন্দ্রীয় কমিটির সদস্য এস এম নাজের হোসাইন, চট্টগ্রাম মহানগরের সভাপতি জেসমিন সুলতানা, বিএসটিআইর প্রতিনিধি আবদুল আজিজ, সিটি করপোরেশনের প্রতিনিধি নুরুল কবির, সমাজসেবক ফজল করিম মাহমুদ, ক্যাব নেতা আবু তাহের, আবদুল মান্নান, জানে আলম, ইসমাইল ফারুকী, আবিদা আজাদ, শাহীন আকতার প্রমুখ। সভায় বিভিন্ন ব্যবসায়িক সংগঠন, বাজার মালিক সমিতি, র‌্যাব, জেলা মৎস্য অফিসের প্রতিনিধিসহ বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বলা হয়, জনস্বাস্থ্যকে যারা ঝুঁকির মুখে ফেলছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় ভেজাল দেওয়ার প্রবণতা দিন দিন বাড়ছে। নিয়মিত বাজার মনিটরিংয়ের মাধ্যমে সব বিক্রেতা যাতে মূল্য তালিকা টাঙাতে গড়িমসি না করে, তা নিশ্চিত করতে হবে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার নিয়ন্ত্রণ ও ভেজাল প্রতিরোধকে প্রথম অগ্রাধিকার দিতে হবে প্রশাসনকেই। তাঁরা বলেন, ভোক্তা অধিকার লঙ্ঘিত হলে তাৎক্ষণিক প্রতিকারের জন্য হেল্প লাইন না থাকায় মানুষ প্রতিনিয়ত ঠকছে এবং প্রতারিত হচ্ছে। একই সঙ্গে সরকারি বিভিন্ন সংস্থা ও আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের মধ্যে সুষ্ঠু সমন্বয় থাকাও জরুরি। এ ক্ষেত্রে চট্টগ্রাম সিটি করপোরেশনের ভূমিকা একদম হতাশাজনক বলে সভায় মত প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি।