‘হাতের মুঠোয় ভর্তি’র স্বপ্ন
কলেজে ভর্তি? শোনামাত্রই চোখে ভাসে চিরচেনা কিছু চিত্র। ঝামেলা-বিড়ম্বনা আর কত শত ভোগান্তি। এত সব ছাপিয়ে একটি স্বপ্ন এবারের উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের চোখে ভর করছে। এ স্বপ্নের সূতিকাগার সিলেট। তাই স্বপ্নকে ঘিরে শিক্ষার্থীদের চাওয়া-পাওয়া বিস্তৃত। ‘না, ভর্তিটা এখন হাতের মুঠোয় হওয়া চাই...!’ ওই স্বপ্নতাড়িত হয়ে একটানেই এ কথা বলল তানজিম জাহান খান।কলেজে ভর্তি হতে ইচ্ছুক শিক্ষার্থী তানজিম। সিলেট নগরের অগ্রগামী বালিকা উচ্চবিদ্যালয় থেকে জিপি-৫ পেয়েছে সে। বাসার পাশে বিদ্যালয়। তাই ফলাফল বিদ্যালয়ে গিয়ে জানলেও বিস্তারিত তার জানা হেয়েছে হাতের মুঠোয়—মুঠোফোনে। তানজিম বলল, ‘পূর্ণ ফলাফল জানতে আমরা কয়েকজন সহপাঠী উদ্গ্রীব ছিলাম। বিদ্যালয় থেকে জানতে দেরি হবে। ঝটপট মুঠোফোনে হাত বাড়ালাম। তখনই জেনে গেলাম। আমাদের দেখে অন্যরাও এভাবে জানল তাদের পূর্ণ ফলাফল।’তানজিমের এই হাতের মুঠোয় কথার মানে হচ্ছে, মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়ার কথা।বাংলাদেশে প্রথমবারের মতো সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হয়েছে গত বছর। এ প্রক্রিয়ায় নির্ঝঞ্ঝাটভাবে ভর্তি হয়েছে তানজিমের বড় বোন। তারুণ্যের উচ্ছ্বাসে তানজিমের প্রশ্ন, ‘ফলাফল যদি জানা যায়, তাহলে ভর্তি কেন হবে না? আমরা হাতের মুঠোয় ভর্তি চাই...!’হাতের মুঠোয় ভর্তি শুধু একজন তানজিমের চাওয়া নয়। দিনাজপুরের বাসিন্দা রফিকুউল্লাহ জানাল, পারিবারিক কারণে সিলেটে তাঁর ভর্তি হতে হবে। এ জন্য আগেভাগেই সিলেটে আসতে হয়েছে। ‘এমন যদি হতো, তাহলে দিনাজপুুর বসেই...!’ চোখের সামনে এক ধরনের স্বস্তির স্বপ্ন এঁকে রফিকুল্লাহও মত দিল মুঠোফোনে ভর্তির পক্ষে। আর অভিভাবকেরা তো আরও কয়েক কাঠি বাড়িয়ে তাঁদের আগ্রহভরা মতামত জানালেন।ভর্তি ফরমের জন্য লাইনে দাঁড়ানো, দৌড়ঝাঁপ, সময়ের পেছনে ছোটার তিক্ত অভিজ্ঞতা অভিভাবকদের অভিব্যক্তি এখন মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়ার পক্ষে। নগরের কুমারপাড়ার বাসিন্দা এক শিক্ষার্থীর অভিভাবক আবু ইমতিয়াজ আহমেদ বলেন, ‘মাধ্যমিক পরীক্ষার পর পরই শিক্ষার্থীদের নিয়ে অভিভাবকদের একটাই উদ্বেগ—ভালো কলেজে ভালোভাবে ভর্তি করা। কিন্তু পারিপার্শ্বিক অবস্থাটা এমন যে প্রযুক্তির সুবিধার কোনো দৃষ্টান্ত আমাদের সামনে এলে পুরোনো পদ্ধতিগুলো স্বাভাবিকভাবে বাতিলের খাতায় পড়ে যায়। এ ক্ষেত্রে মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়া চালুর বিষয়টি এখন সময়ের অনিবার্য চাওয়া।’শিক্ষাবিদ মুহম্মদ জাফর ইকবালের নেতৃত্বে বাংলাদেশে প্রথম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০০৯-১০ শিক্ষাবর্ষ থেকে মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়া সম্পন্ন হয়। এ প্রক্রিয়ায় ভর্তি হওয়া শিক্ষার্থীরা ‘ডিজিটাল শিক্ষার্থী’ হিসেবে অভিহিত হচ্ছেন। মুঠোফোনে ভর্তি হওয়া গণিতের শিক্ষার্থী সাহিদ হোসেন বলেন, ‘আমাদের মধ্য দিয়ে একটি নতুন উদ্যোগের সফল বাস্তবায়ন হয়েছে জেনে অন্য রকম আনন্দে আনন্দিত আমরা। আমাদের দেখেই তরুণেরা এ প্রক্রিয়ার দিকে আগ্রহী।’ ইংরেজির শিক্ষার্থী খাদিজা বেগম বলেন, ‘অহেতুক হয়রানি থেকে মুক্ত থাকতে মাধ্যমিক স্তরের শিক্ষার্থীরা মুঠোফোনে ভর্তির পক্ষে।’মুঠোফোনে ভর্তি-প্রক্রিয়ায় যারপরনাই আগ্রহ শিক্ষার্থী-অভিভাবকদের। এ আগ্রহ বিবেচনায় পক্ষে মত দিলেও অবস্থাদৃষ্টে বাস্তবায়ন কঠিন বলে জানালেন সিলেটের বড় বড় কলেজের ভর্তি-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত শিক্ষকেরা। সিলেটের প্রচীনতম বিদ্যাপীঠ এমসি কলেজের অধ্যক্ষ শামসুন্নাহার প্রশ্ন রেখে বলেন, সম্ভব হলে তো ভালোই হতো। কিন্তু তা কি সম্ভব?সরকারি মহিলা কলেজের ভর্তি কমিটির আহ্বায়ক অরুণ চন্দ্র পাল প্রযুক্তিগত সুবিধা না থাকার কথা বলেন।সিলেট সরকারি কলেজের ভর্তি কমিটির সদস্য মুজিবুর রহমান ‘যৌক্তিক সাপোর্ট নেই’ জানিয়ে বলেন, আমাদের পক্ষে এখনও সম্ভব নয়া! প্রায় একই অভিমত মদনমোহন কলেজের ভর্তি কমিটির সদস্য আবুল ফতেহ ফাত্তাহর।সমন্বিত উদ্যোগে এটা কঠিন কিছু নয় বলে মনে করেন গত বছর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুঠোফোনে ভর্তির কার্যক্রমে সমন্বয়ের দায়িত্ব পালনকারী কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের শিক্ষক আবু আউয়াল মো. শোয়েব। তিনি জানান, গত বছর ৩০ মে শিক্ষা মন্ত্রণালয়ে বিশ্ববিদ্যালয়ের মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ও বাংলাদেশের ৩১টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের উপস্থিতিতে সভা হয়। এতে ডিজিটাল ভর্তির প্রধান উদ্যোক্তা মুহম্মদ জাফর ইকবাল একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যম মুঠোফোনে সমন্বিত ভর্তি-প্রক্রিয়ার বিভিন্ন দিক তুলে ধরেন। সমন্বিত ভর্তি পরীক্ষার এ পদ্ধতি অবলম্বন করে শিক্ষার্থী-অভিভাবক এমন কি কর্তৃপক্ষের অনেক পরিশ্রম ও কষ্ট কমিয়ে আনার চেষ্টা ছিল; কিন্তু তা আর এগোয়নি।স্বপ্ন এখন মুঠোফোনে সমন্বিত ভর্তি কার্যক্রমের শুভ সূচনার মধ্যে। এ কথা জানিয়ে আবু আউয়াল মো. শোয়েব বলেন, ‘সবাই হয়তো বলবেন, এটা হলে তো ভালোই হয়, কিন্তু কীভাবে সম্ভব? আমি বলব, সবাই মন থেকে চাইলেই সম্ভব। মোটেই জটিল নয়।’