‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নিঝুম সন্ধ্যায় ক্লান্ত পাখিরা’ কিংবা ‘মধুমালতী ডাকে আয়’ এই গানগুলো শুনলেই মন সুদূর অতীতের দিকে ছুটে যেতে চায়। গত শুক্রবার থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে হারানো দিনের গান শুনতে শুনতে এমন অনুভূতিতে আক্রান্ত হয়েছিলেন দর্শক। ‘গ্রামোফোনের সুর’ নামের এই সংগীত আসরের আয়োজন করেছিল অবসর সাংস্কৃতিক গোষ্ঠী। শুরুতে শিল্পী নাজমুল আবেদীন চৌধুরী গেয়ে শোনান ‘সেদিনের সোনা ঝরা সন্ধ্যায়’ ও ‘অলির কথা শুনে’ এই দুটি গান।আসরের এক ফাঁকে ২০১২ সালের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চারজনকে সংবর্ধনা দেওয়া হয়। এরপর আবার গানের ভেলায় ভেসে যাওয়ার পালা। ‘কেমন করে যাইতাম শ্বশুরবাড়ি’ গানটি গেয়ে আসর জমিয়ে তোলেন বেলা খান। শিল্পী মুনিয়া হায়দার গেয়ে শোনান ‘মধুমালতী ডাকে আয়’ গানটি। সৃজন কান্তি পালের গাওয়া ‘জানি, জানি গো মোর শূন্য হূদয়’ গানটি অনুষ্ঠানে যোগ করে ভিন্নমাত্রা। এরপর একে একে সুমাইয়া আক্তার ‘নিঝুম সন্ধ্যায়’, সুব্রত দাশ ‘চোখ যে মনের কথা বলে’, সাইফুদ্দিন মাহমুদ গান ‘আয়নাতে ঐ মুখ দেখবে যখন’, অর্পিতা দাশ ‘মনের রঙে রাঙাবো’, দীপ্ত দত্ত ‘তারা ভরা রাতে’, সুমাইয়া ইসলাম ‘বাঁশি কেন গায়’, রুমা রায় ‘কত সাধনায় এমন ভাগ্য মেলে’ শুনিয়ে দর্শকের হূদয় জয় করে নেন। সঞ্জিত বণিকের সঞ্চালনায় আসরে শেষে মোহন লাল দাশের সুর করা ‘হারানো দিনের কথা মনে পড়ে যায়’ গানটি পরিবেশন করেন বাণী কুমার চৌধুরী। আর এর মধ্য দিয়ে শেষ হয় হারানো দিনের গানের স্মৃতিময় এক অনুষ্ঠানের।