
আমার প্রথম চলচ্চিত্র দেখার স্মৃতিটা আজও মনে আছে। বয়স কত হবে? এই পাঁচ-ছয়! সিনেমার নাম মিন্টু আমার নাম। পরিচালকের নাম মনে নেই। বলাকা সিনেমা হলে গিয়ে দেখেছিলাম। ঘটনাটা ’৭৯ বা ’৮০ সালের। মনে আছে, ছবিটায় একটা বৃষ্টির দৃশ্য ছিল। সিনেমা শেষ হলে হল থেকে বের হলাম। দেখলাম বাইরেও বৃষ্টি হচ্ছে। খুব ভালো লেগেছিল ব্যাপারটা!
হয়তো এ কারণেই সিনেমাটা মনে আছে। এই আমার প্রথম দেখা সিনেমা। তারপর যখন ভিসিআর এল, তখন হিন্দি ছবি দেখতে শুরু করেছি। যতদূর মনে পড়ে, গীত ছবিটা প্রথম দেখেছিলাম। একটা গান আছে এই সিনেমায় ‘আজা তুজকো পুকারে’। সেই বয়সেই ভীষণ টেনেছিল গানটি আমাকে। তারপর অনেক হিন্দি সিনেমাই দেখা হয়েছে। বেশ কিছু পাকিস্তানি ছবিও দেখা হয়েছে। আমার বাবা গজল গান। তিনি উর্দু সিনেমাগুলোর সংলাপের অর্থগুলো বুঝিয়ে দিতেন।

এখন দেখি ইংরেজি সিনেমা। অ্যাকশন ও থ্রিলারধর্মী ছবিগুলো খুব ভালো লাগে। দি আর্টিস্ট সিনেমাটা খুব ভালো লেগেছে। লিমিটলেসটাও খুব ভালো লেগেছে। এখানে দেখানো হয়েছে, একজন লেখক বেশ হতাশাপূর্ণ জীবন যাপন করছে। হঠাৎ একধরনের ড্রাগ তার হাতে আসে। যার ফলে সে তার মস্তিষ্কের পুরো অংশকে কাজে লাগাতে পারে। আর এই মাদকের সাহায্যেই সে জীবনে উন্নতি করতে চায়। একসময় তার অনেক খ্যাতি হয়। তারপর সে নেশাটি ত্যাগ করে। কিন্তু তার পরও সে আগের মতোই মস্তিষ্ক ব্যবহার করতে পারে। এখানে ড্রাগসের ভয়াবহ দিকটা বেশ ভালোভাবে দেখানো হয়েছে। চমৎকার একটা বার্তা আছে ছবিটায়। এ জন্য খুব ভালো লেগেছে ছবিটা।
সিনেমা জগতে আমার প্রিয় চলচ্চিত্রকার সত্যজিৎ রায়। তাঁর পথের পাঁচালী ভালো ছবি। তাই ভালো লাগে। তবে আমি যে ছবিটার একনিষ্ঠ ভক্ত, সেটির নাম হীরক রাজার দেশে। এর একটা কারণ হতে পারে, আমি নিজে গাওয়ার চেষ্টা করি। আর সিনেমাটায়ও অনেক গানের চমৎকার ব্যবহার আছে। ছবিটা আমার পুরো মুখস্থ। ছবিটার সেট, পোশাক—সব মুখস্থ। কিচ্ছু ভুলিনি। একবার বাবা ছবিটার একটা অডিও ক্যাসেট এনে দিয়েছিলেন। সেটা শুনে শুনে মুখস্থ করেছিলাম। সেই থেকে আজও মনে গেঁথে আছে ছবিটির প্রতিটি সংলাপ। ইচ্ছে আছে, সুযোগ পেলে হীরক রাজার দেশে মঞ্চস্থ করব।
অনুলিখন: সুচিত্রা সরকার