'হীরক রাজার দেশে'র সব গান মুখস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাতেমা তুজ জোহরা
ফাতেমা তুজ জোহরা

যখন সিনেমা, গল্প, অভিনয়, নায়ক-নায়িকা কাকে বলে বুঝতে শুরু করিনি, তখনই সিনেমা দেখতে শুরু করেছি। আমার মা সিনেমা দেখতে খুব ভালোবাসতেন। তাঁর সঙ্গেই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমা দেখতাম। শুধুই দেখতাম! সে সময়ের দেখা পৃথিবী আমারে চায়, দীপ জ্বেলে যাই চলচ্চিত্রগুলো আমার প্রিয়।

তারপর যখন আরেকটু বড় হলাম, প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার উৎসাহটা দমে গেল। তবু যে কয়টা ছবি দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। সে সময়ের দেখা হাসপাতাল, হারানো সুর, লুকোচুরি, শিল্পী প্রভৃতি চলচ্চিত্রের প্রতি একই রকম ভালো লাগা রয়ে গেছে।

এরপর ধীরে ধীরে যখন নিজস্ব পছন্দ তৈরি হলো, প্রিয় চলচ্চিত্রের তালিকা আরও দীর্ঘ হলো। তালিকার প্রথমেই রয়েছে সত্যজিৎ রায়ের পথের পাঁচালী। এই চলচ্চিত্রে অপু-দুর্গার অভিনয় চোখের কোণ ভিজিয়ে দেয়। সত্যজিৎ রায়ের পরিচালনায় অন্য ছবিগুলোর মধ্যে সবচেয়ে ভালো লাগে হীরক রাজার দেশে। চলচ্চিত্রটি কতবার দেখেছি, মনে নেই। আজও এর সব কটি গান মুখস্থ! আর ভালো লাগে গুপি গাইন বাঘা বাইন চলচ্চিত্রটি।

ভালো লাগে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’
ভালো লাগে সত্যজিৎ রায়ের ‘হীরক রাজার দেশে’



দেশীয় চলচ্চিত্রের মধ্যে বেশ ভালো লেগেছিল নয়নতারা ছবির নির্মাণশৈলী। ভালো লেগেছিল গোলাপী এখন ট্রেনে ছবিটি। এককথায় অসাধারণ! এ রকম জীবনঘনিষ্ঠ সিনেমা বহুবার দেখা যায়। এখানে ববিতার অভিনয় দেখে মুগ্ধ হয়েছি।সে সময় আরেকজন শিল্পীর অভিনয় আমাকে চলচ্চিত্র দেখতে উৎসাহিত করেছিল; তিনি কবরী সারোয়ার। বেশ প্রাণবন্ত অভিনয় করতেন তিনি। এখনো যখন টেলিভিশনে তাঁর অভিনীত ছবি দেখি বা ছবির গান দেখি, অভিভূত হয়ে যাই।

২০০৩ বা ২০০৪ সালে একটা চলচ্চিত্র দেখেছিলাম। দ্য স্কুল অব রক। একজন সংগীতশিল্পী আর তার ব্যান্ড দল নো ভেকেন্সি নিয়ে এর কাহিনি। ছবিটি আমার মধ্যে তৈরি করেছে অন্য রকম ভালো লাগা। সংগীতনির্ভর একটি সিনেমার কথা এই মুহূর্তে মনে পড়ছে। নাম সুর সঙ্গম। আমার জীবনের অধিকাংশ সময়ই কেটেছে গানের ভুবনে। তাই হয়তো সংগীতনির্ভর এই চলচ্চিত্র মনে দাগ কেটেছিল।

আরেকটি প্রিয় চলচ্চিত্র মাদার ইন্ডিয়া। চলচ্চিত্রটি ভাবিয়ে তুলেছিল আমার চেতনাকে। এক সাহসী মায়ের জীবনসংগ্রাম। আমার জীবনে নতুন দর্শনের জন্ম দিয়েছিল। সেখানে নার্গিসের অভিনয় ছিল অসাধারণ!

চলচ্চিত্রশিল্পীদের মধ্যে আমার প্রথম পছন্দ উত্তমকুমার আর সুচিত্রা সেন জুটি। তাঁদের ছবি আমার এত ভালো লাগে যে আজও এই জুটির বাইরে মেনে নিতে পারিনি অন্য কোনো জুটিকে।

নতুনদের মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীর চলচ্চিত্র বেশ ভালো লাগছে আমার। সেই সঙ্গে মোশাররফ করিম আর তিশার অভিনয়ও এককথায় অনবদ্য।

অনুলিখন: সুচিত্রা সরকার