‘হূদয়ের সব ব্যথা যেন ভেসে উঠল চেহারায়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রায় ১০ বছর আগে আরিফুর রহমান (ছদ্মনাম) বিয়ে করেন আসমা রহমানকে (ছদ্মনাম)। তাঁদের ঘরে জন্ম নেয় একটি ছেলেসন্তান। হাঁটি-হাঁটি পা পা করে বেড়ে উঠছে ছেলেটি। বাবা-মা ছাড়াও দাদা-দাদির আদর-যত্নের কমতি ছিল না। কিন্তু বাদ সাধে দাদা-দাদির সঙ্গে তার মায়ের বিরোধ। একটা সময় তা চরমে পৌঁছে; যা ছেলেটির বাবা তথা আরিফুর রহমানকে মর্মাহত করে। স্ত্রীর জন্য আরিফের বাবা-মাকে অনেক কষ্ট ও অপমান সহ্য করতে হয়েছে। একপর্যায়ে আসমার কাছে বিচ্ছেদের চিঠি পাঠান আরিফ। চট্টগ্রাম মহানগর হাকিম ও সিটি করপোরেশনের সালিসি পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মাহাবুবুর রহমান সম্প্রতি তালাক কার্যকর করেন। আদেশের চুম্বক অংশ তুলে ধরা হলো। প্রথম পক্ষ আরিফুর রহমান সালিসি পরিষদে তাঁর তালাক নোটিশ কার্যকরের জন্য আবেদন করেন। দ্বিতীয় পক্ষ আসমা রহমান হাজির নেই। আরিফুর রহমান আট-নয় বছরের একটি শিশুসন্তানসহ সালিসি পরিষদের সামনে হাজির হন। সালিসি পরিষদের সামনে দাঁড়িয়ে আরিফুর রহমান ডুকরে কেঁদে ওঠেন। বলেন, ‘স্যার, আমি শেষ হয়ে গেছি। এই ছেলেটির (নিজের সন্তান) দিকে তাকিয়ে আমি সংসার ভাঙতে চাইনি। এই অবুঝ শিশুকে জিজ্ঞেস করুন।...’ছেলেটি অসহায় দৃষ্টিতে সালিসি পরিষদের দিকে তাকিয়ে থাকে। এ দৃষ্টির ভাষা বোঝা মুশকিল। ভাঙনের মুখে পড়ে যাওয়া সংসারের এই শিশুর মনের কথা সহজে বোঝার নয়। সে হয়তো ভাবছে, ‘এটা আবার কী রূপ পৃথিবীর!’ ছেলেটির নীরবতায় পৃথিবীর সব কষ্ট যেন চুইয়ে চুইয়ে পড়ছে। ছেলের নীরবতায় আরিফুর কিছুটা অপ্রস্তুত ও অস্বস্তিতে পড়ে যান। তিনি আবার কেঁদে ওঠেন। বলেন, ‘আসমা আমার মাকে মারধর করেছে। আমার বাবা হূদেরাগী। নামাজ পড়ার সময় ও (আসমা) আমার মাকে ঝাঁটাপেটা করে। পায়ের ওপর পা তুলে টিভি দেখার অভ্যাস তাঁর। আমার মা ও বাবাকে সে মানে না। মা-বাবার সামনে পায়ের ওপর পা তুলে টিভি দেখার সময় আমি তাকে পা নামাতে বলি। এতেই সে আমার ওপর তেলেবেগুনে জ্বলে ওঠে। চরম দুর্ব্যবহার করে।...’ আসমার কাণ্ডকীর্তি বলার সময়ে টপটপ করে আরিফুরের চোখ থেকে ঝরে পড়ছিল পানির ফোঁটা। এ সময় তাঁর শিশুসন্তানের মুখ কালো হয়ে যায়। ছেলেটির হূদয়ের সব ব্যথা-বেদনা যেন তাঁর চেহারায় ভেসে উঠছিল। এই অবুঝ শিশুর জন্য বর্তমান প্রেক্ষাপটে কেবল সান্ত্বনাই অবশিষ্ট আছে। কবি কাজী নজরুল ইসলামের ভাষায় বলতে হয়, ‘কে ভালোবাসিল না ভেবে যেন আজো/ মিছে ব্যথা পেয়ে যেয়ো না/ ওগো যাবে যাও তুমি বুকে ব্যথা নিয়ে যেয়ো না।’নথি পর্যালোচনায় দেখা যায়, আসমা রহমানের প্রতি তালাকের চিঠি পাঠানো হয়। তিনি সালিসি পরিষদের সামনে হাজির হননি। ইতিমধ্যে, বিধিবদ্ধ ৯০ দিন পার হয়েছে। আসমার বিরুদ্ধে অভিযোগগুলো সত্য না মিথ্যা, তা যাচাই করা এই পরিষদের দায়িত্ব নয়। এই পরিষদ কেবল দুই পক্ষের মধ্যে আপস-মীমাংসার চেষ্টা করতে পারে। বিধিবদ্ধ সময়ের মধ্যে আপস না হলে তালাক কার্যকর হয়ে পড়ে। তথাপি মুসলিম পারিবারিক অধ্যাদেশের ১৯৬১-এর ৭ (৩) ধারায় সালিসি পরিষদের রীতি অনুসারে তালাক আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হলো।