'হেডমাস্টার' এখন নির্বাচনী ট্রেনে
‘ও মামুরে হেডমাস্টরে তোঁয়ারে তোঁয়ার’—২০০২ সালের দিকে চট্টগ্রামের আনাচকানাচে প্রায় সবার মুখে মুখে ফেরে গানটি। এখনো কোথাও বেজে উঠলে কান পেতে শোনে লোকজন। চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় গানটি করেন শিল্পী সিরাজুল ইসলাম। সেই ‘হেডমাস্টার’ খ্যাত শিল্পী সিরাজ এবার উঠেছেন নির্বাচনী ট্রেনে।
চকরিয়া উপজেলা পরিষদ নির্বাচনে তিনি ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছেন। ২৭ ফেব্রুয়ারি এ উপজেলায় নির্বাচন। তাঁর প্রতীক নলকূপ।
সিরাজুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক অঙ্গনে বিচরণ করছি। এখন এলাকার মানুষকে কিছু দেওয়ার পালা। মানুষের সেবা করতে নির্বাচনে এসেছি। আমি কোনো রাজনৈতিক দলের না। সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে লড়ছি। আর এই উপকূলের মানুষের প্রতি আমার আস্থা আছে। তাদের ভালোবাসায় আমি আজকের সিরাজ হয়েছি।’ তাঁর বাড়ি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৩ নম্বর ব্লকে।
সিরাজের এখন দম ফেলার ফুরসত নেই। সকাল থেকে গভীর রাত পর্যন্ত উপজেলার প্রত্যন্ত জনপদে গণসংযোগ ও উঠান বৈঠক করছেন। মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। ভোট চাইছেন তাঁর প্রতীকে।
ছোটবেলা থেকেই গান করছেন সিরাজ। ১৯৮৪ সালে তালিকাভুক্ত হন বাংলাদেশ বেতার ও টেলিভিশনের শিল্পী হিসেবে। ১৯৯১ সালে বের হয় তাঁর প্রথম গানের অ্যালবাম রাক্ষুসী দরিয়া। ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ের ভয়াবহতা ফুটে উঠে তাঁর গানে। তখন সারা চট্টগ্রামে সাড়া ফেলে এই অ্যালবাম। খ্যাতি ছড়িয়ে পড়ে সিরাজের। ২০০২ সালে বের হয় আরেকটি অ্যালবাম হেডমাস্টার। এটিও বাজিমাত করে। এরপর বের হয় পরীক্ষা, শান্তি চাই ও সুখের আশায় নামের আরও তিনটি অ্যালবাম।