'হেয়ার ম্যাকডোনাল্ড' জাওয়েদ হাবিবের গল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নগরের হাবিব তাজকিরাজে হেয়ার স্টাইল একাডেমি উদ্বোধন করতে চট্টগ্রাম এসেছিলেন খ্যাতনামা হেয়ার স্টাইলিস্ট জাওয়েদ হাবিব। ওই সময় কথা বলেন প্রথম আলোর সঙ্গে। আলাপচারিতায় উঠে আসে তাঁর এত দূর আসার আদ্যোপান্ত
ভারতের হেয়ার স্টাইলিস্ট জাওয়েদ হাবিব। ছবিটি ৩ ডিসেম্বর নগরের হোটেল ওয়েল পার্ক থেকে  তোলা l প্রথম আলো
ভারতের হেয়ার স্টাইলিস্ট জাওয়েদ হাবিব। ছবিটি ৩ ডিসেম্বর নগরের হোটেল ওয়েল পার্ক থেকে তোলা l প্রথম আলো

ভাবা যায়! ফরাসি সাহিত্যের ছাত্র হেয়ার স্টাইলিস্ট। জীবনের মোড় যে কোথায় বাঁক নেয় তা বলা মুশকিল। যেমনটা ঘটেছিল ভারতীয় হেয়ার স্টাইলিস্ট জাওয়েদ হাবিবের বেলায়। লক্ষ্য ছিল হোটেল ব্যবস্থাপনায় ক্যারিয়ার গড়বেন। এ নিয়ে খাটাখাটনিও কম করেননি। রপ্ত করেছিলেন নানা ভাষাও। কিন্তু মন বসল না। এদিক-ওদিক কত কিছুই করলেন। তার পরও গন্তব্য অনিশ্চিত।
এক সময় পাড়ি জমালেন লন্ডনে। সেখানে শখের বসে নয় মাসের চুল কাটার একটি কোর্স করলেন। যা তাঁর ক্যারিয়ারের পথ বাতলে দিল। কাজটি তিনি উপভোগ করতে লাগলেন। টানা তিন বছর লন্ডনে কাজ করলেন চুল কাটা নিয়ে। তখনই নিজেকে যেন নতুন করে চিনলেন। নতুন উদ্যম নিয়ে ফিরলেন নিজ দেশ ভারতে। সময়টা ১৯৮৮ সাল। এর পরের কাহিনি তো তর তর করে সাফল্যের শিখরে ওঠার। দিনে দিনে হেয়ার স্টাইলের ব্যান্ড হয়ে উঠল তাঁর প্রতিষ্ঠান হাবিবস। শুধু ভারতেই রয়েছে হাবিবসের ৫৫৪টি পারলার। এ ছাড়া দুবাই, সিঙ্গাপুর, শারজা, কাঠমান্ডু ও চট্টগ্রামে রয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি। মাসে প্রায় দুই লাখ মানুষ চুল কাটান তাঁর পারলারে। ভারতবাসীর চোখে তিনি ‘হেয়ার ম্যাকডোনাল্ড’( বিখ্যাত ফাস্টফুড চেইন শপ)।
এ গল্প হেয়ার স্টাইলে উপমহাদেশের খ্যাতনামা ব্যান্ড হাবিবস-এর কর্ণধার জাওয়েদ হাবিবের। ৩ ডিসেম্বর নগরের জিইসি মোড়ে হাবিব তাজকিরাজে হেয়ার একাডেমির উদ্বোধন করতে চট্টগ্রাম এলে কথা হয় তাঁর সঙ্গে। সময় মাত্র আধঘণ্টা। দুপুর আড়াইটা থেকে তিনটা। হোটেল ওয়েল পার্কের অভ্যর্থনার চৌকাঠ পেরিয়ে ৬০৮ নম্বর কক্ষে টোকা। দরজা খুলে দিলেন জাওয়েদ হাবিব নিজেই। সঙ্গে ছিলেন হাবিব তাজকিরাজের উদ্যোক্তা রুম্মান আহমেদ। এক গাল হেসে স্বাগত জানালেন। চেহারায় ধরে রেখেছেন তারুণ্য। পরনে টি-শার্ট, কোট আর জিনস। কে বলবে তাঁর বয়স পঞ্চাশ পেরিয়েছে।
আলাপচারিতার শুরুতে ফিরে গেলেন বিশ্ববিদ্যালয় জীবনে। বললেন, ‘আমি দিল্লির মুসলিম পরিবারের ছেলে। সাদামাটা জীবন। বিদ্যালয় ও কলেজে সুবোধ ছলের মতো আসা-যাওয়া করেছি। তবে জহর লাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে ফরাসি সাহিত্যে ভর্তি হওয়ার পর পাল্টাতে লাগল সব। নিজেই পরিবর্তনটা টের পেতে লাগলাম। মূলত তখন থেকেই আত্মবিশ্বাসের জন্ম। যা আমাকে এত দূর পর্যন্ত টেনে এনেছে।’
জাওয়েদ হাবিবের দাদা নজির আহমেদ ও বাবা হাবিব আহমেদও চুল কাটার এই পেশার সঙ্গে জড়িত ছিলেন। জাওয়েদের ভাষায়, উত্তরাধিকারের বৃত্তেই ফিরেছেন তিনি। তবে একটু ভিন্নভাবে। হেয়ার স্টাইল নিয়ে যে পড়াশোনার ব্যাপার আছে তা তিনি পৌঁছে দিয়েছেন ভারতের আনাচে-কানাচে। গড়ে তুলেছেন হেয়ার স্টাইল একাডেমি। যেখান থেকে তিন ও আট মাস এবং এক বছরের কোর্স করে প্রতিবছর ১৫ থেকে ১৬ হাজার প্রশিক্ষিত শিক্ষার্থী বের হচ্ছে। যাঁরা ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে।
কীভাবে শুরু করলেন হেয়ার স্টাইল নিয়ে পড়াশোনার ‘আন্দোলন’? শুনুন জাওয়েদের মুখে—‘১৯৮৮ সালে ভারতে ফিরে এসে বাবার সেলুনে নিজে ব্যবসা শুরু করি। উন্নত বিশ্বে যে রকম হেয়ার স্টাইল নিয়ে একাডেমি আছে ভারতে তা নেই। এরপর ছোটখাট পরিসরে হেয়ার স্টাইল নিয়ে নানা সেমিনার ও কর্মশালার আয়োজন শুরু হয়। এটা ভারতের জন্য একেবারেই নতুন। প্রথম দিকে লোকজন চুল কাটার ওপর সেমিনার শুনলে চোখ কপালে তুলত। মন্তব্য করত এ আবার কী। চুল কাটা নিয়েও পড়তে হয় নাকি? এ ধরনের নানা প্রশ্ন আসত চারপাশ থেকে। কিন্তু আমি দমে যাইনি। বরং হাসি মুখে তাঁদের বুঝিয়েছি। এক সময় সবাই তো ভক্তই বনে গেল। হেয়ার স্টাইল নিয়ে পড়াশোনা করে যে ভালো কিছু করা যায় তা আমি প্রমাণ করলাম। দিনে দিনে আমার ক্ষেত্রও বড় হলো।’
জাওয়েদ হাবিবের খ্যাতি ছড়িয়ে পড়ে ২০০০ সালের দিকে। ২৪ ঘণ্টায় ৪১০ জনের চুল কেটে রেকর্ড গড়েন। দেশের সব টেলিভিশন সরাসরি সম্প্রচার করেন তখন। সারা ভারতে পরিচিত হয়ে ওঠেন জাওয়েদ। ওই বছরই নিযুক্ত হন সানসিল্কের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে। সানসিল্কের সব বিজ্ঞাপনে মডেলও ছিলেন তিনি। ২০০৯ সাল পর্যন্ত কাজ করেন সানসিল্কের সঙ্গে। হেয়ার স্টাইল নিয়ে জাওয়েদ হাবিব লিখেছেন পাঁচটি বই—হেয়ার ইয়োগা, হেয়ার কালারাস, হেয়ার টিপস, প্রফেশনাল স্টাইলিং ও হেয়ার কেয়ার।
শেষ প্রশ্ন। এত দূর এলেন সফলতার কোনো মন্ত্র কী আছে? জাওয়েদের উত্তর, ‘আমি এখনো পুরোপুরি সফল হইনি। পরিশ্রম করে যাচ্ছি। লোকজন আমাকে ভারতের হেয়ার ম্যাকডোনাল্ড বলে, আমি সারা বিশ্বের হেয়ার ম্যাকডোনাল্ড হতে চাই। তবে এই এইটুকু বলতে পারি—পড়াশোনা করো। কাজের প্রেমে পড়ো, সফল হও।’