বগুড়ার শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ এম এইচ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল মান্নান। সম্প্রতি তাঁর চেষ্টায় একটি ভুবন চিলের প্রাণ রক্ষা পায়।

সেদিনের ঘটনা...
আমার এলাকার পাশের গ্রাম ধাওয়াখোলা। সেদিন খবর পেলাম, ধাওয়াখোলা গ্রামের কিছু মানুষ একটা ভুবন চিল আটক করেছে। খবর পেয়েই আমার ছেলেকে পাঠাই। সে ওখানকার লোকজনকে বুঝিয়ে চিলটি উদ্ধার করে নিয়ে আসে। বাড়িতে আনার পর দেখি পাখিটার একটা পা ভেঙে গেছে। আহত অবস্থায় খুব কষ্ট পাচ্ছিল। আমার একটা নার্সারি আছে, নাম—সবুজ নার্সারি। সেখানে নিয়ে পাখিটিকে প্রাথমিক চিকিৎসা দিই। এরপর খবর দিই রাজশাহী বন বিভাগে। তারা ভুবন চিলটাকে নিয়ে গিয়ে পায়ের অপারেশন করে ছেড়ে দেয়।
শুনেছি, আপনি এর আগেও একটা শুকুন উদ্ধার করেছিলেন।
ঘটনাটি প্রায় একই। গ্রামের লোকজন একটা শুকুন ধরে আটকে রেখেছিল। পরে উদ্ধার করে বন বিভাগকে দিয়েছিলাম। আসলে এসব তো বিলুপ্তপ্রায় পাখি। আমরা যদি সচেতন না হই, হয়তো এই পাখিগুলো হারিয়ে যাবে।
বলছিলেন, আপনার একটা নার্সারি আছে...
প্রায় ৬৫ বিঘা জমির ওপর আমার এই নার্সারি। এখানে দেশি-বিদেশি অসংখ্যা গাছগাছালি আছে। সব ধরনের ফলদ ও ঔষধি গাছের চারা আছে। সারা দেশেই আমাদের নার্সারি থেকে উৎপাদিত গাছের চারা যায়। এ ছাড়া আমি ব্যক্তিগতভাবে অনেক পুরোনো জিনিসপত্র জমাই। ইচ্ছা আছে, ভবিষ্যতে এসব নিয়ে একটা জাদুঘর করব।
সাক্ষাৎকার: মো. রুবেল