‘১২ বছরর ভালোবাসা একদিনে কেনে শেষ গরি দিলি’
ভালোবেসে বিয়ে করেন প্রকাশ বড়ুয়া ও রোজী দাশ। ভালোবাসার টানে বিয়ের আগেই বৌদ্ধধর্ম গ্রহণ করে স্বামীর ঘরে আসেন রোজী। এরপর থেকে দাম্পত্য জীবন সুখেই চলছিল। এর মধ্যে জন্ম নেয় এক ছেলে ও এক মেয়ে। কিন্তু হঠাৎ সর্বনাশা ঝড় তছনছ করে দিল সাজানো সংসার। স্ত্রী ও ছেলেমেয়েদের হত্যা করে নিজে আত্মহত্যা করলেন প্রকাশ। এমন কী ঘটল যে প্রকাশ এতটা হিংস্র হয়ে উঠলেন! সেই প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছেন না স্বজনেরা।গত রোববার রাঙ্গুনিয়ার পৌর এলাকার ঘাটচেকের সোনাইছড়ি গ্রামে প্রকাশ বড়ুয়ার বাড়িতে গিয়ে দেখা যায় প্রকাশের মা নিলুপ্রভা বড়ুয়া উঠোনে বসে বিলাপ করছেন। বুক চাপড়িয়ে বলছেন, ‘১২ বছরর ভালোবাসা একদিনে কেনে শেষ গরি দিলি।’ আশপাশের স্বজনেরাও নির্বাক। সবাই যেন সান্ত্বনা দেওয়ার ভাষাটুকুও হারিয়ে ফেলেছেন। ঘরের দাওয়ায় দাঁড়িয়ে অঝোরে কাঁদছেন প্রকাশের বোন শুক্লা। গ্রামবাসীরা জানান, ৪ মে রাতের যেকোনো সময়ে প্রকাশ বড়ুয়া স্ত্রী রোজী বড়ুয়াকে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে সকালে ছেলে শ্রীমান্ত বড়ুয়া (১০) ও মেয়ে সোমা বড়ুয়াকে (৮) শ্বাসরোধ করে হত্যার পর নিজেও গলায় রশি বেঁধে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেন। এর আগে তিনি স্ত্রীর সঙ্গে দাম্পত্য কলহের জের ধরে এ ঘটনা ঘটিয়েছেন বলে একটি চিরকুটে লেখেন।প্রকাশ বড়ুয়ার মা নিলুপ্রভা বড়ুয়া জানান, তিন ছেলে এক মেয়ের মধ্যে প্রকাশ বড়ুয়া বড়। ১৯৯৯ সালের মাঝামাঝি সময়ে প্রকাশ বড়ুয়া বোয়ালখালী উপজেলার শাকপুরা ইউনিয়নের মধ্যম শাকপুরা গ্রামের অশোক দাশের মেয়ে রোজী দাশকে বিয়ে করেন। রোজী বিয়ের আগে বৌদ্ধধর্ম গ্রহণ করেন বলে তাঁর মা-বাবার সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। দাম্পত্য জীবনে স্বামী-স্ত্রীর মধ্যে মান-অভিমান যা হয় কলহ বলতে শুধু এতটুকুই ছিল। ঘটনার দিন তিনি বাড়িতে ছিলেন না। ৩ মে বৃহস্পতিবার রামু উপজেলার রাজারকূল ইউনিয়নের রাংকূট বনাশ্রম বৌদ্ধবিহারে বৈশাখী মেলার অনুষ্ঠানে যান। খবর পেয়ে ৫ মে সন্ধ্যায় বাড়ি আসেন। ততক্ষণে পুলিশ প্রকাশ বড়ুয়া, তাঁর স্ত্রী ও দুই সন্তানের লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।স্বজনেরা জানান, প্রকাশের ছেলে শ্রীমান্ত বড়ুয়া ও মেয়ে সোমা বড়ুয়া। শ্রীমান্ত বড়ুয়া পারুয়া ইউনিয়নের সাহাব্দিনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ ও সোমা বড়ুয়া একই বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীতে পড়ে। দুই সন্তানকেও খুব ভালোবাসত প্রকাশ। কিন্তু হঠাৎ ক্ষিপ্ত হয়ে তিনি কেন এমন কাণ্ড ঘটিয়েছেন তা বোধগম্য নয়। প্রকাশের ভাই শিলানন্দ ভিক্ষু জানান, প্রকাশ বড়ুয়ার চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার সিঅ্যান্ডবি এলাকায় নিজের ওষুধের দোকান রয়েছে। তিনি পল্লি চিকিৎসকও। দোকানের জন্য প্রকাশ শহরে অবস্থান করায় স্ত্রী ও দুই সন্তান তাঁর মায়ের সঙ্গেই থাকত। সপ্তাহের বৃহস্পতিবার অথবা শুক্রবার প্রকাশ বড়ুয়া বাড়ি আসতেন। রাঙ্গুনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম মোর্শেদ এ প্রসঙ্গে বলেন, চিরকুটে লেখা তথ্য থেকে প্রাথমিকভাবে স্ত্রী ও দুই সন্তানকে হত্যার পর প্রকাশ বড়ুয়া আত্মহত্যা করেন বলে ধারণা করা হয়েছে। ফলে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। উদ্ধার করা চিরকুটের লেখা প্রকাশ বড়ুয়ার নিজ হাতের লেখা বলে শনাক্ত করেছেন তাঁর মা, ভাই ও বোন। তারপরও কেন প্রকাশ বড়ুয়া এই ঘটনা ঘটিয়েছেন তা খতিয়ে দেখা হচ্ছে।