‘১৫ বছরেও শরণার্থীর স্বীকৃতি পেলাম না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বর্মা (মিয়ানমার) ছাড়ি এ দেশেত আচ্ছিলাম, শরণার্থীর হাতাত (খাতায়) নাম লেখাইবাল্যায় (তালিকাভুক্ত হওয়ার জন্য)। কিন্তু গত ১৫ বছরত হিয়ান (তা) সম্ভব নঅয় (হয়নি)। এহন এক পা কবরত, আরেক পা ঘরত। মরিলে ( মৃত্যু হলে) এই দেশত মইত্যাম (মরতে) চাই। হারন বাংলাদেশ মুসলমানর দেশ।’ ২০ জুন দুপুরে কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের পাশে কচুবনিয়া পাহাড়ে অবৈধভাবে বসবাসকারী রোহিঙ্গা মোহাম্মদ হোছন (৭৬) এসব কথা তুলে ধরেন। হোছনের বাড়ি মিয়ানমারের আরাকান রাজ্যের বুচিডং এলাকায়। ১৯৯৭ সালের মে মাসে স্ত্রী ও পাঁচ ছেলে-মেয়ে নিয়ে এ দেশে আসেন। তারপর কুতুপালং পাহাড়ে বসবাস শুরু করেন। ঘরের সামনের অংশে ওষুধের দোকান খুলে জীবিকা নির্বাহ করছেন। পাঁচ ছেলে-মেয়েকে বিয়েও দিয়েছেন। তার পরও হোছনের মনে ক্ষোভ। গত ১৫ বছরেও তিনি অনুপ্রবেশকারী রোহিঙ্গা রয়ে গেলেন। গ্রেপ্তার আতঙ্কে সময় যায়। শরণার্থীর খাতায় নাম লেখাতে পারলে বৃদ্ধ বয়সে কষ্ট করতে হতো না। চাল, ডাল, তেলসহ রেশনের সবকিছু বিনা মূল্যে পাওয়া যেত। হোছনের মতো এই শিবিরে আরও অন্তত ৩০ হাজার অনুপ্রবেশকারী রোহিঙ্গা নাগরিক আছেন বলে রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির নেতারা জানান। তাঁরা বলেন, এই শিবিরের পশ্চিমে কুতুপালং বন বিভাগের কয়েক শ একর সংরক্ষিত পাহাড় দখল করে বসবাস করছেন আরও ৮০ হাজারের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা। কুতুপালং শিবিরের রোহিঙ্গা মো. আলমগীর (৫৬) ও আবদুল গনি (৩৭) জানান, ‘গত কয়েক বছরে প্রায় ৯০০ রোহিঙ্গা শরণার্থীকে একটি বেসরকারি সংস্থা কানাডা, অস্ট্রেলিয়া, আমেরিকাসহ বিভিন্ন দেশে নিয়ে গেছে। আমাদেরও কানাডা, অস্ট্রেলিয়া নিয়ে যাওয়ার কথা বলে এখানে রেখে দেওয়া হয়েছে।’ সংশ্লিষ্ট সূত্র জানায়, বর্তমানে টেকনাফের নয়াপাড়া ও উখিয়ার দুই শিবিরে ২৫ হাজার ৩২৫ রোহিঙ্গা শরণার্থী বসবাস করছেন। ২০০৫ সালের ৫ মে থেকে (সাত বছর) রোহিঙ্গাদের স্বদেশ প্রত্যাবাসনও বন্ধ রয়েছে। রোহিঙ্গা অনুপ্রবেশ প্রতিরোধ ও প্রত্যাবাসন আন্দোলন কমিটির সভাপতি ও উখিয়া বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব মহিলা কলেজের অধ্যক্ষ হামিদুল হক চৌধুরী জানান, ২৫ হাজার শরণার্থী ছাড়াও জেলার টেকনাফ, উখিয়া, সদর কক্সবাজারসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন স্থানে অবৈধভাবে বসবাস করছে আরও চার লাখের বেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা। কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার (আরআরআরসি) ফিরোজ সালাহ উদ্দিন জানান, জাতিসংঘ সনদ অনুযায়ী কোনো শরণার্থী নিজ দেশে ফিরে যেতে না চাইলে তাকে জোর করে ফেরত পাঠানো যায় না। তাই এখানকার রোহিঙ্গা শরণার্থীদেরও জোর করে মিয়ানমারে পাঠানো যাচ্ছে না। স্বদেশ ফিরতে অনাগ্রহী শরণার্থীরা এ দেশেই (বাংলাদেশে) স্থায়ীভাবে বসবাসের সুযোগ চায়। কিন্তু বাংলাদেশ তাতে মোটেও রাজি নয়।